নিজেরা সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব : লক্ষ্মীপুরের পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আমরা নিজেরাই দুর্নীতি করে অন্যের সমালোচনা করি। দুর্নীতি না করার জন্য অন্যকে সচেতন করি। কিন্তু আমি নিজে সচেতন হয়না। তাই আমি নিজে যদি প্রতিজ্ঞা করি অন্য যে কেউ দুর্নীতি করুক আমি করব না, তাহলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি বলেন, আমার কাজ আমি করব, আমার দেশ আমি গড়বো।
আজ (০৯ ডিসেম্বর) শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
এসময় উদাহরণ দিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের সমাজে ফরমালিন যুক্ত মাছ বিক্রেতা ফলের দোকানে গিয়ে বলে ফলে কোন ভেজাল নেইতো? আবার ভেজাল ফল বিক্রেতা ফার্মেসীতে গিয়ে বলে ঔষদের মেয়াদ ও কোম্পানি ভালোতো? ভেজাল ঔষদ বিক্রেতা থানায় মামলা করতে গিয়ে বলে এখানে টাকা ছাড়া কোন কাজ হয় না। ঠিক তেমনি থানার পুলিশ পেশাগত কাজে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে কিছু পথ যাওয়ার পরে ভেজাল তেলের কারনে গাড়ি বন্ধ হয়ে গেছে। এভাবেই আমরা প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত।
তাই আমরা নিজেরাই যদি আগে সচেতন হয় তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে, দেশ দুর্নীতি মুক্ত হবে, স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও নোয়াখালী দুদক সমন্বিত কার্যালয় আয়োজিত এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগিতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, নোয়াখালী দুদক সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আল মামুন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা সনাক সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী প্রমুখ।
এর আগে কালেক্টরেট ভবণ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও শপথ বাক্যপাঠ করানো এবং বেলুন ও পায়রা উড়ানো হয়।




কমলনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা

লক্ষ্মীপুর:
“সবাই মিলে লড়বো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো” এই প্রতিবাদ্য বিষয়ে লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, অধ্যক্ষ আলী হোসেন, কমলনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক (এসআই) ছায়েদের রহমান পিপিএম, জেএসডি উপজেলা সাধারন সম্পাদক শাহাদাত হোসেন নিরব, হাজিরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন মিলন, মাওলানা গিয়াস উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান, মো. রাসেল পাটওয়ারীসহ প্রমুখ।

পরে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।




ময়লা ফেললে ‘নিতম্বে’ ৫০ বেত্রাঘাত!

লক্ষ্মীপুরে রাস্তায় ময়লা ফেললে দুই হাজার টাকা জরিমানাসহ ‘নিতম্বে’ ৫০ বেত্রাঘাত দেওয়া হবে। এমন একটি নোটিশ সড়কের পাশে খুঁটিতে ঝুলানো হয়েছে।

এতে লেখা রয়েছে ‘দয়া করে ড্রামের ভিতরে ময়লা ফেলুন, যদি ড্রাম ছাড়া রাস্তায় ময়লা ফেলেন তাহলে ২০০০ হাজার টাকা জরিমানাসহ পশ্চাতে ৫০ বার বেত্রাঘাত করা হবে’।

লক্ষ্মীপুর শহর এলাকার মোহাম্মদ আলী সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে এমন একটি সাইনবোর্ড (নোটিশ) গত কয়েকদিন থেকে ঝুলতে দেখা গেছে। ওই নোটিশের নিচে লিখা আছে- আদেশক্রমে মোহাম্মদ আলী সড়কের সচেতন নাগরিক।

তবে, শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কাউকে জরিমানা কিংবা ও বেত্রাঘাত করার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোহাম্মদ আলী সড়কে একটি নিদিষ্টস্থানে ময়লা ফেলার জন্য তিনটি ড্রাম দেওয়া আছে। এলাকার অসচেতন কয়েকটি পরিবারের লোকজন ময়লা ড্রামের ভেতরে না ফেলে রাস্তার ওপর ফেলে যায়। এতে পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধে এলাকাবাসী ও পথচারী অতিষ্ঠ হয়ে পড়েছে।

ওই সব পরিবারের লোকজনদের বলেও কোনো ফল আসছিলো না। যে কারণে ওই এলাকার কয়েকজন মিলে খুঁটিতে এ নোটিশ ঝুলিয়ে দেয়।

এ বিষয়টি সম্পর্কে জানতে যারা নোটিশ ঝুলিয়েছেন তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।




লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে সড়ক দুর্ঘটনায় হাসান ও হোসেন নামের দুই সহোদর ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (৮ ডিসেম্বর) শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তারা সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের শফিপুর গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিক তাদের বাবার নাম পাওয়া যায়নি।

স্থানিয়রা জানায়, ওই দুই ভাই লক্ষ্মীপুর থেকে নতুন ফ্রিজ ক্রয় করে নিজেরা ভ্যান গাড়ী চালিয়ে বাড়ি ফেরার পথে জকসিন বাজারে চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তারা দুই ভাই নিহত হয়।




মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা হেফাজতের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করবে আলোচিত সংগঠনটি।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তরগেট থেকে ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা মহানগরীর আমির নূর হোসাইন কাসেমী।

গত বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলের তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার কথা জানান ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অধিবেশন ডেকেছে জাতিসংঘ। আগামী ১৩ ডিসেম্বর মুসলিম দেশগুলোর প্রধান জোট ওআইসির জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বাংলাদেশও এই ঘোষণার প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার জুমার নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশপাশে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন ইসলামপন্থী দল। সবার কণ্ঠে ছিল ‘ট্রাম্পের ঘোষণা মানি না মানব না’, জেরুজালেম ফিলিস্তিনের, ইসরায়েল নিপাত যাক’। এ সময় বিক্ষুব্ধ জনতা মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দেয়।

এদিকে একই দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি আগামী ১১ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল করবে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক দেয় হেফাজতে ইসলাম। হাটহাজারীতে বিশাল বিক্ষোভ করেছে সংগঠনটি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর বিক্ষোভ করেছেন ইসলামি দলগুলোর কর্মীরা। এতে যোগ দিয়েছেন সারারণ মুসল্লিরাও।




রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোঃ জাহেদ হোসেন। সে উপজেলার চর আবাবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝি বাড়ির দেলোয়ার হোসেন এর একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে জাহেদ এর মা রান্নার কাজে পাকঘরে ব্যাস্ত ছিলেন। এ সুযোগে জাহেদ ঘর থেকে বের হয়ে যায়। ১৫-২০ মিনিট পর জাহেদের মা রান্নাঘর থেকে বের হয়ে তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজি করতে গিয়ে রান্নাঘরের পাশে পুকুরের পাড়ে শিশুটিকে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।




তালাকপ্রাপ্ত স্ত্রীকে গণধর্ষণে সাবেক স্বামী গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কমলনগরে তালাকপ্রাপ্ত স্ত্রীর চুল কেটে নির্যাতন ও বন্ধুদের নিয়ে গণধর্ষণের ঘটনায় সাবেক স্বামী আবুল কালামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আলমগীর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় কমলনগরের তোরামগঞ্জ এলাকা থেকে তালপ্রাপ্ত স্ত্রীকে আবুল কালাম তার আরও দুই মিলে অপহরণ করে রাতভর গণধর্ষণ করে। ভোরে তারা ওই নারীকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরদিন ১৮ নভেম্বর দুপুরে ওই নারীর মা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিত নারী কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের একদরিদ্র কৃষকের মেয়ে।

স্বজনরা অভিযোগ করেন, ১০ বছর আগে আবুল কালামের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে একাধিকবার নানা অজুহাতে যৌতুক নেন কালাম। এরপর আরও যৌতুকের দাবি করতে থাকেন তিনি। গত বছর ৫০ হাজার টাকার যৌতুকের জন্য চাপ দেন তিনি। টাকা না দেওয়ায় নির্যাতন করতে থাকেন স্ত্রীকে।

‘উপায় না দেখে আদালতের মাধ্যমে ছয় মাস আগে কালামকে তালাক দেন তার স্ত্রী। এর জের ধরে ওই কালাম তার আরও তিন বন্ধুকে নিয়ে তালাক দেওয়া স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে চুল কেটে নির্যাতন, মারধর ও গণধর্ষণ করেন।’ বলেন স্বজনরা।

ঘটনার পরের দিন ১৮ নভেম্বর নির্যাতিত ওই নারীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা অভিযুক্ত আসামি সাবেক স্বামীর বন্ধু তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. সিরাজ মিয়ার ছেলে মো. বাবলুকে ওই রাতেই গ্রেফতার করে পুলিশ।

ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় ধর্ষণের শিকার ওই নারীর সাবেক স্বামী আবুল কালাম।




আইটেম গানে কার কত পারিশ্রমিক?

কখনও ‘চিকনি চামেলি’ আবার কখনও ‘টিঙ্কু জিয়া’, বলিউডের মশলাদার গান কিংবা আইটেম গানে চাহিদা কিন্তু দর্শকদের বেশ তুঙ্গে। মালাইকা অারোরা খান কিংবা গওহর খানদের সঙ্গে এখন সিনেমার আইটেম গানে দেখা যাচ্ছে কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফদের মত প্রথম সারির অভিনেত্রীদের। কিন্তু, জানেন কি, এক একটি আইটেম গানের জন্য বলিউড অভিনেত্রীরা কত করে পারিশ্রমিক নেন?

এক একটি আইটেম গানের জন্য মালাইকা নাকি এক কোটি করে পারিশ্রমিক দাবি করেন। সে দাবাং-এর ‘মুন্নি বদনাম’ হোক কিংবা ‘আনারকলি ডিস্কো চলি’ হোক।

অভিনয়ের পাশাপাশি আইটেম গানের জন্য সোনাক্ষী সিনহার দাবি ৬ কোটি করে।

‘বেবি ডল’-খ্যাত সানি লিওন তাঁর আইটেম গানের জন্য ৩ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।

‘রামলীলা’-য় ‘গালিও কি রাসলীলা’-র জন্য প্রিয়াঙ্কা নাকি ৬ কোটি করে নিয়েছিলেন।

কারিনা কাপুর খান আইটেম গানের জন্য নেন ৫ কোটি করে। তাঁর ‘ফেভিকল’ এবং ‘মেরা নাম মেরি’ বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গান।

‘শিলা কি জওয়ানি’ এবং ‘চিকনি চামেলি’খ্যাত ক্যাটরিনা কাইফ এক একটি আইটেম গানের জন্য ৩.৫ কোটি করে পারিশ্রমিক দাবি করেন।




জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণায় আজ হেফাজতের বিক্ষোভ

মুসলমানদের পবিত্র শহর আল কুদসকে (জেরুজালেম) ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুমা দেশেব্যাপী তারা এ বিক্ষোভ করবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বিক্ষোভ মিছিলে শামিল হওয়ার জন্য হেফাজত নেতাকর্মী, ওলামায়ে কেরাম ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে একতরফাভাবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, পবিত্র মসজিদুল আকসাকে ঘিরে গড়ে ওঠা জেরুজালেম নগরীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অন্যায়ভাবে ইসরাইলের রাজধানী ঘোষণা করে মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট একজন মস্তিষ্কবিকৃত লোক। তার একের পর এক নানা বিতর্কিত ও আগ্রাসনমূলক সিদ্ধান্তে বিশ্বশান্তি মারাত্মক হুমকির মুখে পড়েছে। তার সাম্রাজ্যবাদী আগ্রাসী সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ব মুসলিম নেতারা ও জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কখনো কোনো ইহুদি গোষ্ঠীর হতে পারে না।




পবিত্রভূমি জেরুজালেমের জন্য আত্মত্যাগে প্রস্তুত ফিলিস্তিনিরা

র্মীয় এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর স্থান জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণা ভালোভাবে নেয়নি বিশ্বনেতারা। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক দেয়া ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জেরুজালেমকে নিজেদের করে পেতে আত্মত্যাগে প্রস্তুত ফিলিস্তিনও।

বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত স্বীকৃতির বিরুদ্ধে পরের দিন বৃহস্পতিবার শত শত ফিলিস্তিনি বেথেলহাম জুড়ে বিক্ষোভ মিছিল করেছেন। ক্ষোভে ফেটে পড়েছে পুরো ফিলিস্তিন। ইসরায়েলের সেনাবাহিনী বিক্ষোভ দমাতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করেছে। একটি ছোট শিশুসহ কমপক্ষে সাতজন এতে আহত হন। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই বিক্ষোভে অংশ নিয়েছেন। পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম জুড়ে সবাই বিক্ষোভে অংশ নিয়েছেন।

পুরো ফিলিস্তিন জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ফিলিস্তিনি নেতারা। রাবি আলসোস (৩২) নামের এক ব্যক্তি বলেছেন, ‘জেরুজালেম ও আল-আকসা (মসজিদ) আমাদের সবার কাছে অনেক কিছু।
যুক্তরাষ্টের সিদ্ধান্ত অনেক বড় একটি ভুল। ‘

১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ওই সময় সাত লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে এখান থেকে তাড়িয়ে দেয়া হয়। সূত্র : আল জাজিরা