৮ লক্ষ দাম উঠল মাছটির

ভারতের এক জেলের জালে মাছটি ধরা পড়েছে। প্রায় ৮ লক্ষ টাকায় বিক্রি হল মাছটি।
ভোলা মাছটির ওজন ৪০ কেজি। বুধবার দীঘার মোহনায় নিলামে উঠে মাছটি। সেখানেই মাছটি কিনেছেন দেবাশিষ জানা নামক এক মৎস ব্যবসায়ী।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে গেলে কেজি প্রতি মাছটির দাম দাড়ায় ১৯ হাজার টাকা। সেই হিসেবে ৩৮ কেজি ৫০০ গ্রামের মাছটির দর হয় ৭ লাখ ৩০ হাজার টাকা। এমআরএফটি সংস্থা কিনে নেয় বিশাল আকারের ভোলা মাছটি। মাছটি তেলিয়া ভোলা শংকর প্রজাতির মাছ। এই মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। তবে আর পাঁচটি সামুদ্রিক মাছের মতোই তেলিয়া ভোলা মাছও প্রজননের সময় ডিম পাড়ার জন্য উপকূলের কাছাকাছি চলে আসে।
ঠিক তখনই মৎস্যজীবীদের জালে ধরে পড়ে যায় মাছটি।




খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালতে হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এই পরোয়ানা জারি করেন।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী তপন চৌধুরী গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু বাম দলগুলোর ডাকা অর্ধ দিবস হরতালের কারণে নিরাপত্তারজনিত কারণ দেখিয়ে তিনি আদালতে হাজির হননি।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

অপরদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দু’বছর আগে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।




রামগতিতে মেঘনা থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার চর আবদুল্লাহ’র তেলির চর এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, জোয়ারে মৃতদেহটি তেলির চর এলাকায় ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




গায়ের রঙেই বিখ্যাত এই মেয়ে!

২০০৭ সালে মা ও ভাই-বোনদের হাত ধরে, খালি পায়ে এসে পৌঁছায় মার্কিন যুক্তরাষ্ট্রে। মেয়েটির বয়স তখন ১৪ বছর।
দক্ষিণ সুদান থেকে প্রথমে ইথিওপিয়ার এক রিফিউজি ক্যাম্প। সেখান থেকে কেনিয়া হয়ে শেষে আমেরিকা।

নেয়াকিম গ্যাটওয়েক, আন্তর্জাতিক মডেলিং দুনিয়ায় যার পরিচিতি ‘কুইন অফ দ্য ডার্ক’ নামে। যিনি ১৪ বছর বয়স পর্যন্তও জানতেন না ‘মডেল’ শব্দের অর্থ।

বর্তমানে তার বয়স ২৪ বছর। আর ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৩ লাখ। অবাক হওয়ার মতোই ব্যাপার! যেখানে গায়ের রং নিয়ে উঠতে-বসতে টিকা-টিপ্পুনির শিকার হতে হয় মানুষকে, তেমনই বিশ্বে এক কৃষ্ণকলির এমন সম্মান, সত্যিই প্রশংসনীয়।

আন্তর্জাতিক ফ্যাশন মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেয়াকিম জানিয়েছেন যে, আমেরিকা এসে তিনি স্কুলে ভর্তি হন। সেখানে প্রথম দিকে তাকে গায়ের রঙের জন্য খুবই হেনস্থা হতে হয়।
কিন্তু, তিনি হার মানেননি।

নেয়াকিমের সাফল্যের প্রধান কারণ তিনি নিজেই বলেছেন। ‘আমি নিজেকে ভালোবাসি। আমি ভালোবাসি আমার গায়ের রং। ‘ তিনি মনে করেন, নিজেকে ভালো না বাসলে, অন্য কেউ আপনাকে ভালোবাসবে না।

আজ নেয়াকিম এক সফল মডেল। তাই তিনি চান বিশ্ব দরবারে সুদানের কথা তুলে ধরতে। তার ইচ্ছে, নিজের জন্মভূমির জন্য কিছু করার। বিশেষত, সেখানকার ছোট্ট ছোট্ট অসহায় মেয়েদের জন্য।




লক্ষ্মীপুর কলেজে ফরম পূরণের টাকা পিয়নের পকেটে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের ৫১ ছাত্রের পরীক্ষায় অংশগ্রহণ করা হয়নি। তারা ফরম পূরনের জন্য প্রায় দুই লাখ টাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের খন্ডকালিন কর্মচারী ওসমান গনির কাছে দিয়েছিল। তিনি টাকা নিয়েও শিক্ষার্থীদের ফরম পূরণ করেননি। বুধবার (২৯ নভেম্বর) ওই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে প্রতারণার বিষয়টি জানতে পারে। এনিয়ে চরম ক্ষুদ্ধ হয়ে ওঠে তারা।

বিষয়টি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান নুরুল আফসার চৌধুরীর কাছে অভিযোগ করা হয়। তিনি আগামী বছর পরীক্ষার জন্য অপেক্ষা করতে বলেন। এনিয়ে প্রতারিতদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার ওসমান কলেজে আসেনি, তিনি মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের যাবতীয় দাপ্তরিক কাজ খল্ডকালীন কর্মচারী ওসমান পরিচালচনা করেন। এ সুবাদে তিনি অক্টোবর ও নভেম্বরে অনার্স ও ডিগ্রি ২য় ও ৩য় বর্ষের নিয়মিত ও অনিয়মিতসহ ৫১ শিক্ষার্থীদের ফরম পূরনের কথা বলে ১ লাখ ৯৯ হাজার ৫শ টাকা হাতিয়ে নেন। টাকা দেওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রবেশপত্র নিতে কলেজে আসেন। এসময় ওসমান তাদেরকে, বুধবার (২৯ নভেম্বর) পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র দেওয়া হবে বলে জানান। সকালে তারা প্রবেশপত্র নিতে এসে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। এসময় তারা কলেজে ওসমানের দেখা পাননি। তিনি মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিব্বির আহমেদ ও নুরে আলম  বলেন, ওসমান আমাদের বিভাগের প্রধান নুরুল আফসার চৌধুরীর খুব আস্থাভাজন কর্মচারী। তার নির্দেশে আমরা বিভিন্ন শিক্ষাবর্ষের ৫১ শিক্ষার্থী ওসমানকে ফরম পূরণের জন্য প্রায় ২ লাখ টাকা দিয়েছি। তিনি ফরম পূরণ না করায় আমাদের কোন প্রবেশপত্রই আসেনি। প্রতারণার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করা হবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান নুরুল আফসার চৌধুরীর মোবাইল ফোনে চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

তবে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান  বলেন, ফরম পূরণে নগদ টাকা নেওয়ার কোন নিয়ম নেই। বিষয়টি আজকে আমি অবগত হয়েছি। এনিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় একাডেমিক বৈঠক ডাকা হয়েছে। বিভাগের সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।




‘৫৭ ধারা বিলুপ্ত করা হবে’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদের অনুমোদন পেলে তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্ত হয়ে যাবে।

বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়াটি চূড়ান্ত করেছি। মন্ত্রিসভার অনুমোদনের পর আশা করছি আগামী শীতকালীন অধিবেশনে জাতীয় সংসদে এটি উত্থাপন করতে পারব। ”

জাসদ সভাপতি ইনু বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন ১৬ কোটি নাগরিকের জন্য করা হচ্ছে। সুতরাং এখানে সাংবাদিক বলে আলাদা কোনো বিষয়বস্তু নেই। সম্প্রচার আইন যখন পরবর্তীতে আসবে, সেখানে সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীদের ব্যবস্থা করা হবে। ”




আগাম নির্বাচনেও প্রস্তুত ইসি: সিইসি

সরকার চাইলে আগাম নির্বাচনেও কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করে বলেন, সরকার আগাম নির্বাচনের কথা বললে আমরা করতে পারবো, আমাদের সেই প্রস্তুতি রয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচনের জন্য আমরা ৯০দিন সময় পাব। জাতীয় নির্বাচনের আগে আমরা বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাব। নির্বাচনের যে পরিবেশ রয়েছে, তা নিয়ে সন্তুষ্ট ইইউ প্রতিনিধিরা। একটা ভালো নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এ কথা তাদের জানিয়েছি।




অপকৌশল ও জঙ্গিনীতির কারণে বিএনপিকে বর্জন করতে হবে’

অপকৌশল ও জঙ্গিনীতির কারণে বিএনপিকে বর্জন করতে হবে মন্তব্য করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে শান্তির যুদ্ধ চলছে। উন্নয়নের যুদ্ধ চলছে।
জীবনের মান উন্নয়নের যুদ্ধ চলছে। অপকৌশল ও জঙ্গিনীতির কারণে খালেদা-বিএনপি চক্রাকে ক্ষমতার বাইরে রাখার বিকল্প নেই। আজ বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা পার্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মহানগর পূর্ব আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, শুধু ডালপালা ছাঁটলেই হবে না, রাজনীতির বিষবৃক্ষ ও জঙ্গি উৎপাদনের কারখানাও উপড়ে ফেলতে হবে। শুধু জঙ্গি-সন্ত্রাসী, জামাত-যুদ্ধাপরাধীদের দমনই যথেষ্ট নয়, এদের মদদদাতা বিএনপি নেত্রীকেও বিচার-সাজার মাধ্যমে দমন ও বর্জন করতে হবে।

জাসদ মহানগর পূর্ব সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।




বিপিএলে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ল খুলনা

চট্টগ্রামে বিপিএলের ৩০তম ম্যাচে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ল খুলনা টাইটানস। ওপেনার নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ও পুরানের ঝড়ো ইনিংসের কল্যাণে ৫ উইকেট হারিয়ে রাজশাহী কিংসকে ২১৪ রানের টার্গেট দিয়েছে মাহমুদউল্লাহরা।

এর আগে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের পাঠায় রাজশাহী কিংস। আর ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩.৩ ওভারে ২৮ রান সংগ্রহ করে খুলনা। তবে পরের বলেই প্রোটিয়া ক্রিকেটার রিলি রুশোকে রান আউট করে সাজঘরে পাঠান জাকির হোসেন। কিন্তু এরপরেই ব্যাটিংয়ে ঝড় তুললেন তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে দুর্ভাগ্য নাজমুলের মাত্র ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হলেন এ ক্রিকেটার। আউট হওয়ার আগে ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কার মারে ৪৯ রান করেন এ ক্রিকেটার।

নাজমুল ফিরে গেলে আরও বিধ্বংসী হয়ে উঠেন আফিফ ও পুরান দুজনেই তুলে নিয়েছেন অর্ধশতক। ৩৮ বলে ৫ ছক্কায় আফিফ করেছেন ৫৪ রান। আর পুরান ২৬ বলে ৩ ছক্কা ও ৬টি চারের মারে করেছেন ৫৭ রান।
রাজশাহীর হয়ে ফ্রাঙ্কলিন ৩টি ও মোহাম্মদ সামি ১টি উইকেট নিয়েছেন।




পিলখানা ট্র্যাজেডি; ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যা মামলায় আপিলের রায়ে ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে ১৮২ জনকে, ১৩ বছর কারাদণ্ড দেয়া হয়েছে ২ জনকে, ৮ জনকে ৭ বছর এবং ৪ জনকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া ২৯ জনকে খালাস দেন আদালত।

সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

বিডিপ্রতিদিন