লক্ষ্মীপুরে ৪৬ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে “৪৬ তম জাতীয় সমবায় দিবস” উদযাপিত হয়েছে।  সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের বাগবাড়িস্থ রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভায় মিলিত হয় সবাই।

জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর সমবায় দপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে আরো ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চাকমা, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা মেহের উদ্দিন আহমেদ প্রমুখ।




রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

লক্ষ্মীপুর : “ উৎপানমূখী সমবায় করি- উন্নত বাংলাদেশ গড়ি ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস-২০১৭।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালী গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সন্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসর আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি এম সোয়াইব খন্দকার, চর আবদুল্যাহ ইউপি চেয়ারম্যান কামাল মঞ্জুর, আলেকজান্ডার ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক সুমন হাওলাদার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভূঞা।
সভায় এম সোয়াইব খন্দকারকে সেরা সফল সমবায়ী ও ৫ টি সমিতিকে সেরা সফল সমিতি হিসেবে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রায় ৩০ টি প্রাথমিক ও একটি কেন্দ্রীয় সমিতি ব্যনার ফেষ্টুন ঢোল সানাই নিয়ে অংশ গ্রহন করেন।




লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে তিন মাসের অন্তসত্ত্বা গৃহবধূ কুলসুম আক্তার মুন্নিকে (২১) নির্যাতন করে মুখে বিষ ঢেলে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে মানববন্ধন করা হয়। পরে গৃহবধূ মুন্নির হত্যাকারী তার স্বামী ওসমান গনি ও শ্বশুর বাড়ির লোকজনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি সদস্য (মেম্বর) নুরুল ইসলাম পাটোয়ারী, নিহতের বাবা জবি উল্যাহ, মা শাহেদা বেগম ও নানা শাহ আলম প্রমুখ।

নিহত মুন্নির পরিবারের দাবি, কুলসুম আক্তার মুন্নিকে তার স্বামী ওসমান গত ২৯ অক্টোবর মারধর করে। এক পর্যায়ে তার মুখে বিষ ঢেলে দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্নির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে মরদেহ হাসপাতালে রেখে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।




লক্ষ্মীপুরে জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নছির আহম্মদ ভূঁইয়ার ছেলে জেলা জাসদের (ইনু) সভাপতি মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে পৌরসভার লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে পৌরসভার উত্তর তেমুহনী এলাকার বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের জানাযায় লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার কাজল কান্তি দাস, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, পৌরসভার সাবেক মেয়র হাছানুজ্জামান চৌধুরী মিন্টু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়।

প্রসঙ্গত, সালাহ উদ্দিন ভূঁইয়া ১৯৭২ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।




রামগতিতে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে তিন শিক্ষকের অর্থদণ্ড

লক্ষ্মীপুর রামগতিতে অবৈধ কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে তিন শিক্ষককে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা সদর আলেকজান্ডারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এ সময় ওই শিক্ষকদের পরিচালিতসহ চারটি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন, চর আবদুল্লাহ ফাজিল মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক আবু বকর ছিদ্দিক বাবলু ও বিকল্প কোচিং সেন্টারের শিক্ষক মো. ফারুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জানান, অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে মঙ্গলবার রাতে উপজেলা সদর আলেকজান্ডারে চারটি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। ওই সময় উপজেলা পরিষদের সামনে নিজের বাসায় কোচিং সেন্টার পরিচালনা করার সময় মো. হেলাল উদ্দিনকে, সোনাপুর বাস টার্মিনাল এলাকায় ভাড়া বাড়িতে কোচিং সেন্টার চালানোর সময় আবু বকর ছিদ্দিক বাবলুকে ও পীর পাড়ার বিকল্প কোচিং সেন্টারের মো. ফারুককে হাতেনাতে আটক করা হয়।

এ ছাড়া খন্দকার রোডে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও মাহবুবুর রহমান পরিচালিত কোচিং সেন্টারেও অভিযান চালানো হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ওই কোচিং সেন্টারের শিক্ষকরা গা ডাকা দেন। এ কারণে ওই কোচিং সেন্টারের কাউকে আটক করা যায়নি।




লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী লাদেন মাসুম নিহত

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৮টি মামলার আসামি মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) ভোরে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে সন্ত্রাসী মাসুম নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনালা বন্দুক, ১১টি গুলি, ১১টি গুলির খোসা ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়।
নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. মোক্তার হোসেন  জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় বাগানে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহটি শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের বলে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয় বলে জানান ওসি মোক্তার হোসেন।




লক্ষ্মীপুরে ৪ বছরের শিশুকে বস্তায় ভরে নির্যাতনের অভিযোগ

 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে মো. রাকিব (২২) নামের এক বখাটে চার বছরের শিশু পিয়াসেরর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ এনে বস্তায় ভরে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ নভেম্বর) রাত ১০ টার দিকে গুরুতর অবস্থায় ওই শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপতালে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় উপজেলার বামানিতে এঘটনা ঘটে। শিশু পিয়াসের চোখে ও মুখে মারাত্নক জখম করা হয়েছে।

পিয়াস রায়পুরের বামনি গ্রামের মো. সোহেলের ছেলে। অভিযুক্ত রাকিব একই গ্রামের তৌহিদুর রহমানের ছেলে।

শিশুর বাবা সোহেল জানায়, সন্ধ্যার আগে বাড়ির সামনে থেকে বখাটে রাকিব তার ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে বস্তায় ভরে নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। এঘটনার পর বখাটে রাকিব মামলা না করার জন্য হুমকি দেয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. নাছির বলেন, শিশুটির চোখে মুখে মারাতœক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ডায়াবেটিস প্রতিরোধে পেস্তা বাদাম

প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার ও তেলের জরুরি উৎস বাদাম। পরিমিত পরিমাণে বাদাম খেলে সুস্থ থাকা সম্ভব।
অনেক রকমের বাদাম বিশ্বে উৎপাদিত হয়। সব বাদামই পুষ্টিগুণ সমৃদ্ধ।

পেস্তা বাদামে আছে ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন। এটি রক্ত শুদ্ধ করে। লিভার ও কিডনি ভালো রাখে। কাজু বাদামে আছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন-এ। এটি রক্তশূণ্যতা কমিয়ে দেয়। ত্বক উজ্জ্বল করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

নিয়মিত পেস্তাবাদাম খেলে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব একটা থাকে না। কম মাত্রার ক্যালরি, উচ্চমাত্রার প্রোটিন, নিম্ন মাত্রার সম্পৃক্ত ফ্যাট আর উচ্চ মাত্রার অসম্পৃক্ত ফ্যাট সবই কিন্তু ওজন কমানোর জন্য সহায়ক। পেস্তা বাদাম ডায়াবেটিস প্রতিরোধে সক্রিয় থাকে। এই বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট গ্লাইকেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস বাড়তে দেয় না।




লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ-মিছিল

 লক্ষ্মীপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ-মিছিল করা হয়েছে।
 বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এ মিছিল করা হয়।

মিছিলটি শহরের পুরাতন আদালত সড়ক থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুজ্জামান শরীফ, জাকির ভূঁইয়া, জামাল উদ্দিন ও হারুনুর রশিদ প্রমুখ।

রাহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার (৩১ অক্টোবর) ফেনীর মহিপালে খালেদা জিয়ার গাড়ি বহরের পাশে অজ্ঞাত পরিচয় ২০/২৫ জন যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে বাসে আগুন দেয়। শান্ত পরিবহনের দুটি বাস এতে জ্বলে যায়। এ সময় গুলি ছাড়াও ককটেল বা বোমাও ফুটেছে।




পদ্মাপাড়ে বসে কালাই রুটি খেলেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক : ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ছয়টা। রাজশাহী মহানগরীর শ্রীরামপুর পদ্মার পাড়। শহররক্ষা বাঁধের উপর দোকান বিছিয়ে কেবলই কালাই রুটিতে তা দেওয়া শুরু করেছেন দোকানি। এ সময় হাঁটতে হাঁটতে হঠাৎ সেখানে উপস্থিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মাথার উপরে সামিয়ানা টাঙানো, নিচে প্লাস্টিকের চেয়ার। চেয়ারে বসলেন মন্ত্রী। গরম গরম কালাই রুটি খেলেন আর আদা চা পান করলেন। ঘটনাস্থলে বসে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে প্রাণখুলে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই দিনের রাজশাহী সফরের দ্বিতীয় দিনের সকালটা ছিল এমন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারিতে বলেছিলেন, আবার কখনও রাজশাহী এলে কালাই রুটি খাবেন। আট মাস পর পদ্মাপাড়ে গিয়ে মন্ত্রীর ইচ্ছাপূরণ হলো!

বুধবার (০১ নভেম্বর) সকালে সেতুমন্ত্রী রাজশাহী সার্কিট হাউস থেকে হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে তার চিরচেনা স্বভাবে ফিরে আসেন। মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। কথা বলেন সমসাময়িক রাজনীতি, অর্থনীতিসহ নানান বিষয় নিয়ে। সকাল বেলায় তাকে কাছে পেয়ে তরুণরা মোবাইল ফোনে সেলফিও তোলেন মন্ত্রীর সঙ্গে।
পদ্মাপাড়ে কালাই রুটির দোকানে কর্মীরা সেলফি তুলছেন মন্ত্রীর সঙ্গেসকালের এই আড্ডায় মন দিয়ে শোনেন সাধারণ মানুষের জীবন ও জীবিকার কথা। এ সময় পদ্মাপাড়ের স্থানীয় মানুষ তাকে কাছে পেয়ে বিভিন্ন অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। সব শোনার পর সাবাইকে স্ব স্ব ব্যাপারে আশ্বস্তও করেন সেতুমন্ত্রী।

সকাল বেলায় খোশ মেজাজে বাংলানিউজকে ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাজশাহীর প্রেমে পড়ে গেছি, না এসে পারব না। আবারও আসবো। আর আবারও কালাই রুটি খাব।’

পরে তার কালাই রুটি খাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তরুণ কর্মীরা। একই সঙ্গে মন্ত্রীও তার কালাই রুটি দিয়ে নাশতার ছবি টুইট করেন। সরকারের প্রভাবশালী একজন নেতা ও মন্ত্রীর এমন আচরণে আবারও মুগ্ধ হন রাজশাহীবাসী। পরে বেলা ১১টায় সেতুমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে গিয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।