বনানীর ভয়াবহ অগ্নিকান্ডে জেএসডি’র শোক ও উদ্বেগ প্রকাশ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক রতন এক বিবৃতিতে বনানীর ভয়াবহ অগ্নিকান্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনা অপরিকল্পিত নগরায়নের ই কুফল। অগ্নিকান্ড নিয়ন্ত্রনের ব্যবস্থা ছাড়া এ ধরনের সু-উচ্চ ভবন নির্মাণ যে কতটা অযৌক্তিক তা আজকে কয়েকজনের মৃত্যু, অসংখ্য আহত ও বিপুল সম্পদ বিনষ্ট হওয়ার পরও কয়েক ঘন্টায় এখনো আগুন নিয়ন্ত্রনে আনতে না পারাই এর প্রমান। নেতৃবৃন্দ এ ধরনের সু-উচ্চ ভবন নির্মাণের অনুমতি দেয়ার আগে কার পার্কিং, অগ্নি নির্বাপন ও ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলার সবধরনের সুযোগ আছে কিনা তা তলিয়ে দেখাবেন বলে আশা প্রকাশ করেন।




বনানীর আগুন সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

ঢাকা:

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। ঘটনাস্থলে মন্ত্রী, এমপি সহ দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা জানান।

তিনি জানান, চেষ্টা করা হচ্ছে জীবন এবং সম্পদের ক্ষতি যতো কম হয়। আগুন নিয়ন্ত্রণ এবং আটকে পড়া মানুষ উদ্ধারে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে লাগা আগুণে এখন পর্যন্ত এক শ্রীলঙ্কান নাগরিকসহ ৫ জন মারা যাওয়ার খবর সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিস, সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।




কমলনগর কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে “কমলনগর কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় হল রুমে বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ সভাপতি হাজ্বি মনির হোসেন।

বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম,হাজির হাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জায়েদ হোসাইন ফারুকী, হাজির হাট উপকূল সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন, উপদেষ্টা মোঃ মাহবুব হোসেন দোলন, উপজেলা আ,লীগের সহ সভাপতি ডাঃ হোসেন আহং, মুক্তিযোদ্ধা হাজ্বি নুরুল ইসলাম, জেলা কৃষকলীগ সহ সভাপতি শাহিদুল ইসলাম শাহিন, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখা মহি উদ্দিন মাহমুদ, কলেজ প্রভাষক ফজলুল হক,রাকিব হোসেন, আনোয়ার হোসাইন,কলেজ ছাত্র আবদুল আজিজ,পিংকু সহ প্রমুখ। সভার সঞ্চালনা করেন,সাংবাদিক ও প্রভাষক আমজাদ হোসেন আমু।




‘টাইমস্কেল’ শব্দে আটকে যাওয়ায় ‘উচ্চতর গ্রেড’ দেয়ার সিদ্ধান্ত

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকরা উচ্চতর গ্রেড পাবেন। নতুন জাতীয় পে-স্কেলে টাইমস্কেল বাতিল করা হয়। আর তাই টাইমস্কেল শব্দে আপত্তি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আপত্তি এড়াতে ‘উচ্চতর গ্রেড’ শব্দ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন সংক্রান্ত’ সভায় এ বিষয়ে বিস্তারিত আলাচনা হয়। এতে  সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি) জাবেদ আহমেদ। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়মে টাইমস্কেল সুবিধাবঞ্চিত হচ্ছেন কয়েক লাখ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী। তাদের বিষয়টি মাথায় রেখে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ‘টাইমস্কেলের’ পরিবর্তে ‘উচ্চতর গ্রেড’ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এমপিও নীতিমালা সংশোধনের জন্য অনুষ্ঠিত সভায় উপস্থিত একজন অতিরিক্ত সচিব দৈনিক শিক্ষাকে জানান, শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড দেয়ার বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। ২০১৫ খ্রিষ্টাব্দে ‘টাইমস্কেল’ বন্ধ করার নির্দেশ অর্থ মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত সুবিধা বঞ্চিত হন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। তাই এমপিও নীতিমালা সংশোধন করে ‘টাইমস্কেল’ শব্দটি ‘উচ্চতর গ্রেড’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, টাইমস্কেলের নিয়মেই ‘উচ্চতর গ্রেড’ পাবেন শিক্ষক-কর্মচারীরা। অর্থাৎ ১০ বছর পূর্তিতে একটি এবং চাকরির ১৬ বছর পূর্তিতে আরও একটি, মোট দুইটি উচ্চতর গ্রেড পাবেন শিক্ষকরা। কর্মকর্তারা আরও জানান, সংশোধিত নীতিমালা জারি করা হলে উচ্চতর গ্রেড প্রাপ্তির যোগ্য শিক্ষকদের আবেদন বিধি মোতাবেক ফরোয়ার্ড করার নির্দেশ দেয়া হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের। যোগ্য বিবেচিত সবার নাম পাঠাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন




‘খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হবে’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের কারাগার থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার বিকেলে সাভার আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহারে) সদ্ধর্ম দেশনাসহ বিদর্শন ভাবনা অনুশীলন এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এমনিতেই নাজিম উদ্দিন রোডের কারাগারটি অনেক পুরোনো এবং ঝুঁকিপূর্ণ। তাছাড়া এই কারাগারটিকে সরকার জাদুঘর হিসেবে রূপান্তরের কাজ হাতে নিয়েছে। তাই কারাবন্দি হিসেবে বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তরেরও কোনো বিকল্প নেই।

কবে নাগাদ খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রক্রিয়া শুরু করেছি শিগগির এই সিদ্ধান্তের বাস্তবায়ন করা হবে।

শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশ পাঠানো হচ্ছে এমন গুঞ্জন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির তরফ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তাব সরকারের কাছে আসে নাই। তাছাড়া বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তাকে প্যারোলে মুক্তি পেতে হলেও আদালতের মাধ্যমেই আসতে হবে বলে সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

একই সঙ্গে বিএনপি রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করে ছিল বলেই জনগণ তাদের প্রত্যাখান করেছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ আরো অনেকে।




ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে

ঢাকা:

দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে নৌ বন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তেঁতুলিয়ায় ১৩ মিলিমটার ছাড়াও দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, ডিমলা এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

ঢাকায় ৩৪ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে




লক্ষ্মীপুরে শিল্প স্থাপনে উদ্যোগ

লক্ষ্মীপুরের কমলনগরে বহুজাতিক শিল্প গ্রুপের শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পরিদর্শন করা হয়েছে।

সোমাবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মেঘনা উপকূলীয় মতিরহাট এলাকায় এসে ঘুরে দেখেন বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা সানজাহানীসহ অন্যান্য কর্মকর্তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী। তিনি পরিদর্শনকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্মকর্তাদের স্বাগত জানান।

পরিদর্শন কালে হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম জানান, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভাধীন নরোত্তমপুর গ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১শ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট নিমার্ণ করছে হোসাফ প্রুপের প্রতিষ্ঠান এনার্জি প্রিমা লিমিটেড। ওই পাওয়ার প্লান্টের জ্বালানি সরবরাহ এবং লক্ষ্মীপুর নৌ-বন্দর সংশ্লিষ্ট কাজে হোসাফ গ্রুপ কমলনগরের মতিরহাটে একটি ল্যান্ডিং জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। যার প্রাথমিক পদক্ষেপ এ পরিদর্শন।

অন্যদিকে স্থানীয়রা জানান, ইতোমধ্যে কারখানা স্থাপনের জন্য মতিরহাটে জমি কিনেছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রিমিয়াম গ্রুপ।

স্থানীয়রা আশা করছে বহুজাতিক শিল্পগ্রুপের আগ্রহের কারণে মতিরহাট লক্ষ্মীপুরের অন্যতম বিনিয়োগ এলাকায় পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে।




১১৭ উপজেলায় ভোট রোববার

ঢাকা: রোববার (২৪ মার্চ) সকাল হলেই দেশের ১১৭ উপজেলায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট। এজন্য ভোটের এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। যান চলাচলেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ  জানিয়েছেন, প্রথমে ১২৭ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। চারটি উপজেলায় ভোট পিছিয়েছে। এগুলোর মধ্যে চট্টগ্রামের লোহাগড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের নির্বাচন ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোটে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ছয় উপজেলার সবগুলো পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রোববার ১১৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সচিব বলেন, আইন অমান্য করে প্রচারে অংশ না নেওয়ার জন্য এ পর্যন্ত তিনজন সংসদ সসস্যকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। তারাও আইনের প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন এলাকা ত্যাগ করেছেন। তাই অন্য কোনো অ্যাকশনে আমাদের যেতে হয়নি।

হেলালুদ্দীন আহমদ বলেন, নয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাহার করেছি। এছাড়াও বেশ কিছু ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি।

ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সকল উপকরণ পৌঁছে গেছে। তৃতীয় ধাপে রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২৫ জেলার ১১৭ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে নয় হাজার ২৯৮টি ভোট কেন্দ্রে এক কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

সচিব জানিয়েছেন, তৃতীয় ধাপে ২৪ উপজেলায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম হলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন।

ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সদা তৎপর থাকবে। আর ভোটের এলাকায় টহল দেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভ্রাম্যমাণ টিম। সব মিলে বিভিন্ন বাহিনীর লক্ষাধিক ফোর্স মোতায়েন করা হয়েছে।

ইভিএমে ভোট নেওয়ার জন্য প্রতি কেন্দ্রে সশস্ত্র বাহিনীর দু’জন করে নিরস্ত্র সদস্যও নিয়োজিত থাকবেন। প্রয়োজনে তারা সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের সহায়তা নিতে পারবেন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করছে ইসি। ৩১ মার্চ চতুর্থ ধাপে এবং ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকাসহ বিভিন্ন মাছ নিধন

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরেরর কমলনগরে প্রতিদিন সারি-সারি নৌকা নিয়ে শত-শত জেলে মহোৎসবে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করছেন। মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় তৎপরতা না থাকায় এবং আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় মাছ শিকার চলছে। দাদনদার-মহাজনরা সংশ্লিষ্টদের ম্যানেজ করে জেলেদের নদীতে পাঠাচ্ছেন, এমন অভিযোগ সবার মুখে মুখে। এমন পরিস্থিতিতে  মাছের উৎপাদন ব্যহত হয়ে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন না  হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেল থেকে শুক্রবার (২২ মার্চ) সকাল পর্যন্ত কমলনগরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, জেলেরা নির্বিঘ্নে মাছ শিকার করছেন। বেশির ভাগ জেলে জাটকা শিকারে ব্যবহার করছেন অবৈধ কারেন্ট জাল। বাঁধা জাল দিয়ে মারছেন ইলিশের পোনা। মশারি জাল দিয়ে নিধন করছেন পোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এসব মাছ প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে হাট-বাজার ও আড়তে। সংরক্ষণ করে পাঠানো হচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।

কমলনগরের মাতাব্বারহাট এলাকায় গিয়ে দেখা গেছে, মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড এর উপস্থিতিতেও জেলেরা সাড়ি সাড়ি নৌকা নদীতে জাল ফেলে মাছ ধরছেন। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে  কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা ছোট একটি নৌকা নিয়ে জেলেদের ধাওয়া করলেও জাল জব্দ করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এ যেন ইদুর বিড়াল খেলা।

কিছু সময় পর ওই এলাকা থেকে মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড চলে যাওয়ার পর জেলেরা জাল টেনে মাছ শিকার করে ঘাটে তোলেন। এভাবেই চলেছে ‘মাছ রক্ষার অভিযান’।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর থেকে মেঘনা নদী থাকে পুরো অরক্ষিত। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে  সারা রাত ধরে জেলেরা মাছ শিকার করেন। ভোরে ঘাটের আশপাশের এলাকায় অস্থায়ী ঘাটে জেলেরা মাছ তোলেন। লাখ-লাখ টাকার মাছ বিক্রি হয় প্রতিদিন। মাছ বিক্রির সময় একটি চক্র জেলেদের কাছ থেকে টাকা নেয়, ওই টাকায় ম্যানেজ করেন সংশ্লিষ্টদের।

মাছের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনায় দুই মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও আইন মানছেন না জেলেরা। কমলনগরের মেঘনায় নানা কৌশলে ব্যাপকহারে মাছ নিধন চলছে। এছাড়া রামগতিতেও নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকার করছে বলে খবর পাওয়া গেছে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল চলমান অভিযান নিয়ে অন্তোষ প্রকাশ করেছেন। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তাকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আদেশ দিয়েছেন। তবুও রাত-দিন নির্বিচারে চলছে মাছ নিধন।

চাঁদপুরের ষাটনল এলাকা থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার মাছের অভয়াশ্রম। প্রজনন ক্ষেত্র হওয়ায় এখানে মাছ ডিম ছাড়ে; মাছের পোনা বড় হয়; মাছ বেড়ে উঠে। মার্চ-এপ্রিল দুই মাস এখানে মাছ ধরায় রয়েছে নিষেধাজ্ঞা। এসময় মেঘনায় জাল ফেললেই জাল ভরে মাছ উঠে। এই সুযোগে অসাধু জেলেরা আইন অমান্য করে মাছ শিকার করেন। দাদনদার-মহাজনদের চাপে জেলেরা বাধ্য হয়ে নদীতে যান। তাছাড়াও মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের সরকারিভাবে যে খাদ্য সহায়তা দেওয়ার হয় তা যথাসময়ে বিরতরণ না করায় এবং নিবন্ধিত সকল জেলে খাদ্য সহায়তার আওতায় না আসায় মাছ ধরার মহোৎসব চলছে।

কমলনগরের জেলেরা বলছেন, ফেব্রুয়ারি থেকে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করা হচ্ছে না। এমন পরিস্থিতিতে জেলে পরিবারগুলোর চরম দুর্দিন কাটছে। বিকল্প কর্মসংস্থান না থাকায় সংসার চালাতে তারা নদীতে মাছ শিকারে যায়। কেউ-কেউ বলছেন খাদ্য সহায়তার তালিকায় তাদের নাম নেই; মাছ শিকার না করলে খাবে কি?

কমলনগরের দায়িত্বে থাকা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. হুমায়ুন বলেন, দীর্ঘ নদী এলাকায় অভিযান চালাতে তাদের সেই সক্ষমতা নেই। দ্রুতগতির ইঞ্জিন চালিত ট্রলার কিংবা স্পিডবোট নেই। জেলেরা মাছ ধরার সময় আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় জাল টেনে তোলাও সম্ভব হয়না। শ্রমিক নিয়োগ করার বাজেট নেই, যে কারণে জাল জব্দ করা যায় না।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, তাদের জনবলের অভাব রয়েছে। যে কারণে যথাযথভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। তবুও জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে চেষ্টা করা হচ্ছে। খাদ্য সহায়তার তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণ করা হবে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম মহিব উল্লাহ বলেন, লক্ষ্মীপুরে ৪৯ হাজার ৫৫৮ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের মধ্য থেকে ২৫ হাজার ৯৪৭ জন জেলে খাদ্য সহায়তা পাবেন। বাকি ২৩ হাজার ৬১১ জন জেলে বাদ পড়েছেন। তারাও যাতে খাদ্য সহায়তা পায় এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা জরি করা হয়েছে। এসময় মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ অন্যায়। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।




সাজেদা আক্তার সুমি অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাজেদা আক্তার সুমি জয়ের ব্যাপারে আশাবাদি। তিনি কলস প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। উপজেলার প্রতিটি হাট-বাজার, গ্রাম-গঞ্জে, প্রচার-প্রচারণা ও পথসভা করেছেন। পাড়া-মহল্লা, এবং বাড়ি-বাড়ি করেছেন উঠান বৈঠক। ঘরে ঘরে গিয়ে চেয়েছেন ভোট্ ও দোয়া। ইতিমধ্যে কলস প্রতিকে জনমত সৃষ্টি হয়েছে। সাড়া পাচ্ছেন সবার।

বিপুল সংখ্যক ভোটার সুমির ডাকে সাড়া দিয়ে তার জন্য ভোট করছেন।বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখছেন। তাকে দেখতে চান ভাইস চেয়ারম্যান হিসাবে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কলস প্রতিকের প্রার্থী সাজেদা আক্তার সুমি অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে।ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সুমী। তিনি কর্মী গড়ার কারিগর। তার হাত ধরে কমলনগরের মহিলা আওয়ামী লীগ চাঙ্গা। তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যক্তি হিসেবে অবস্থান করে নিয়েছেন। সর্বমহলে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে সবসময় নিবেদিত্ এ প্রার্থী।

সাজেদা আক্তার সুমি বলেন, সাধারণ মানুষের আগ্রহে প্রার্থী হয়েছি। সবার সাড়া পাচ্ছি। সর্বস্থরের জনগন আমার কলস প্রতিকের জন্য ভোট চাইছেন। আমি আশাবাদি মহান আল্লাহর রহমতে নির্বাচনে জয়ী হবো। জয়ী হয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতার জন্য কাজ করবো। নারী নির্যাতন, যৌতুন ও বাল্য বিবাহ প্রতিরোধ করবো।

সাজেদা আক্তার সুমি, সাবেক থানা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ছাড়াও তিনি কমলনগর থানা কমিউনিটি পুলিশিং এর মহিলা বিষয় সম্পাদক; উপজেলা সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল কমিটির সদস্য।

প্রসঙ্গত, আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে ভোট অনুষ্ঠিত হবে। এ উপজেলায় প্রায় ১ লাখ ৪৪ হাজার ৭৭১জন ভোটার রয়েছে।