ক্রিমিয়া -রাশিয়া যোগাযোগের একমাত্র সেতুতে অগ্নিকাণ্ড

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার যোগাযোগের একমাত্র সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে সেতুতে থাকা একটি মালবাহী ট্রেন ও সেতুতে অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে।

শনিবার সকালে সেতুতে এমন অগ্নিকাণ্ড দেখা গেছে। রাশিয়া জানিয়েছে একটি তেল ট্যাংকারে আগুন লেগেছে। অপরদিকে ইউক্রেন দাবি করেছে সেতুতে বিস্ফোরণ হয়েছে। খবর গার্ডিয়ানের ইউক্রেনের যুদ্ধের মধ্যে ক্রিমিয়ায় রাশিয়ান বাহিনীর জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ এই সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেতুটি নির্মাণ করে রাশিয়া। এই সেতুটি ইউক্রেনের বাহিনীর অন্যতম লক্ষ্য হয়ে রয়েছে।

প্রায় ১২ মাইল (১৯ কি.মি.) দীর্ঘ সড়ক সেতুটি ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোধন করেন। এর দুই বছর পর রেলওয়ে সেতুটি খুলে দেওয়া হয়। সাম্প্রতিক মাসগুলোতে কোনো ধরনের হামলা থেকে সেতুকে রক্ষা করার জন্য রাশিয়া বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কোনো কারণে বিস্ফোরণের ফলে এটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনা হলেও এটি রাশিয়ার জন্য বিপর্যয় ও বিব্রতকর।




শান্তিতে নোবেল বেলারুশের আলেস বিলিয়াতস্কি ও দুই সংস্থার

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে।

এ পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘নরওয়েজীয় নোবেল কমিটি’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী। তারা বহু বছর ধরে ক্ষমতাশীনদের সমালোচনা এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার অধিকারকে প্রচার করেছেন।

তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের উস্যুগুলো নথিভুক্ত করার জন্য অসামান্য অবদান রেখেছেন। তারা একইসঙ্গে শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের গুরুত্বকে প্রকাশ করেছেন।’

 তারা আরও বলেছেন, এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা আলফ্রেড নোবেলের শান্তি ও বিভিন্ন জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্বের দৃষ্টিভঙ্গিকে পুনরুজ্জীবিত করেছেন। মানবতাবাদী মূল্যবোধ, সামরিক মতবাদবিরোধী আদর্শ এবং আইনী নীতির পক্ষে তাদের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে তারা এমনটা করেছেন। এভাবে তারা আলফ্রেড নোবেলের সামগ্রিক দর্শনকে সম্মানিত করেছেন। এ দর্শনই আজ বিশ্বে সবচেয়ে বেশি প্রয়োজন।

এর আগে ফরাসি লেখক অ্যানি আর্নাক্সকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার সাহসী ও তীক্ষ্ণ লিখনী শক্তির কারণে। তিনি তার লেখার মাধ্যমে নিজের ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সম্মিলিত সংযমের বিষয়টি উন্মোচন করেছেন।

এছাড়া ৫ অক্টোবর তারিখে ক্লিক কেমিস্ট্রি ও বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।’এর আগে ৪ অক্টোবর তারিখে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যালাইন অ্যাসপেক্ট (ফ্রান্স), জন এফ ক্লা‌উজার (যুক্তরাষ্ট্র) এবং অ্যান্টন জেইলিঙ্গার (অস্ট্রিয়া)। কোয়ান্টাম ইনফরমেশন নিয়ে গবেষণার জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

আগামী ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।এবার নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% (তিন কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। সে বছর পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ অ্যাকাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।




যুক্তরাষ্ট্রে জিনিসপত্রের দাম বেড়েই চলছে, চরম মুদ্রাস্ফীতি

যুক্তরাষ্ট্রে জিনিসপত্রের দাম বেশ দ্রুত গতিতে বাড়ছে। দেশটিতে চরম মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ১৯৭০’র দশকের পর থেকে থেকে সেখানে দ্রব্যমূল্য কখনও এতটা বাড়েনি। মুদি দোকানে যেসব জিনিসপত্র বিক্রি হয়, সেগুলোর দাম গত এক এক বছরে ১৩.৫ শতাংশ বেড়েছে।

সামনের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এমন অবস্থায় মানুষ এখন যে বেতন পাচ্ছে, তা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে পারছে না।

দ্রব্যমূল্য এখন এত বেশি কেন?

বর্তমানে যুক্তরাষ্ট্রে এক কার্টন ডিমের দাম তিন ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় যেটি ৩১৩ টাকার মতো)। ২০২১ সালের শুরুর জো বাইডেন যখন প্রেসিডেন্ট হন, তখন এর দাম ছিলো এখনকার চেয়ে অর্ধেক। গরু ও মুরগির মাংসের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। এছাড়া এক গুচ্ছ কলার দাম ১০ শতাংশের বেশি বেড়েছে।

‘এটা খুব কঠিন সময়’ বলে দাবি করেছেন ৭৮ বছর বয়সী এড্ডা চার্বন। জিনিসপত্রের মূল্য বাড়তে শুরু করে করোনা মহামারির সময়, তখন মানুষের রেস্টুরেন্টে খাওয়া ব্যাপকভাবে কমে গিয়েছিল এবং মুদি দোকানের জিনিসপত্রের চাহিদা বাড়ে।

তাছাড়া করোনাভাইরাস মহামারির কারণে উৎপাদন ব্যবস্থাও ব্যহত হয়। উৎপাদনের জন্য কোম্পানিগুলোর যে অতিরিক্ত খরচ হয়, তা তারা ভোক্তাদের ওপর ঠেলে দিয়েছে। যেমন তাদের মজুরি বাড়াতে হয়েছিল এবং জ্বালানির দাম আগের তুলনায় বেড়েছে।

এরপর চলতি বছরে ইউক্রেন যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে সার, গম ও অন্যান্য শস্যের সরবরাহ বিঘ্নত হয়। খারাপ আবহাওয়ার কারণে শস্যের উৎপাদন ব্যহত হয়েছে। অন্যদিকে বার্ডফ্লু ছড়িয়ে পড়ার জন্য ডিমের সরবরাহ কমে যায়।




মিয়ানমারে জাপানি পরিচালকের ১০ বছরের জেল

জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে দশ বছররের কারাদণ্ড দিয়েছে সেনা শাসিত মিয়ানমারের একটি আদালত। তোরু কুবোতা নামের ওই জাপানি নির্মাতার বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।

২৬ বছর বয়সী তোরু কুবোতাকে গত জুলাই মাসে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে একটি বিক্ষোভের সময় গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তিনি অভিবাসন আইন ভঙ্গ এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উসকে দেওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।

কুবোতার আইনজীবীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, কুবোতাকে বুধবার রাষ্ট্রদ্রোহের দায়ে তিন বছরের কারাদণ্ড এবং টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের জন্য সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার অভিবাসন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে শুনানি হবে ১২ অক্টোবর। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা কুবোতার দ্রুত মুক্তির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এবং আমরা তা চালিয়ে যেতে চাই।’

মন্তব্য চেয়ে মিয়ানমারের সামরিক মুখপাত্রের কাছে রয়টার্স কল করলেও কোনো জবাব মেলেনি। জান্তা বলছে, মিয়ানমারের আদালত স্বাধীন এবং যারা গ্রেফতার হয়েছেন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার হচ্ছে।




ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত; আইনে স্বাক্ষর করলেন পুতিন

ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করতে চারটি সাংবিধানিক আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে দোনেতস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিঝিয়া এখন আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অংশ হলো।

এর আগে গতকাল মঙ্গলবার রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ ইউক্রেনের দখলকৃত অঞ্চল গুলো ফেডারেশনে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে অনুমোদন দেয়।শুক্রবার পুতিন অঞ্চলগুলো যুক্ত করতে ডিক্রি ( সরকারি আদেশ) জারি করেছিলেন।

রাশিয়ার সরকারি গণমাধ্যম খবরে বলা হয়েছে, সাংবিধানিক আইনে স্বাক্ষরের ফলে ইউক্রেনের চার অঞ্চলের বাসিন্দারা এখন রাশিয়ার নাগরিক বলে বিবেচিত হবেন।

বিশ্ব নেতারা ইউক্রেনের চার অঞ্চল যুক্ত করতে রাশিয়ার ‌‌;‘গণভোট’ আয়োজনকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছিলেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। সূত্র: সিএনএন




দৈনিক সংক্রমণ তালিকায় শীর্ষে ফ্রান্স, প্রাণহানিতে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি ও সংক্রমণের সংখ্যা দুটোই বেড়েছে বিশ্বজুড়ে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় প্রাণ হারান সহস্রাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে প্রায় চার লাখ মানুষের দেহে। নতুনদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৫২ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ কোটি ৪১ লাখ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে প্রাণহানির শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে , বুধবার (৫ অক্টোবর) থেকে আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫২ হাজার ৯২৬ জনে।

একই সময়ের মাঝে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৮৪ হাজার ২৮৯ মানুষের শরীরে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২ লাখেরও বেশি। এর ফলে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৪১ লাখ ৫ হাজার ৩৩২ জনে।




মার্কিন র‍্যাপার কুলিও আর নেই

গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ও মার্কিন র‌্যাপার কুলিও আর নেই। বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মার্কিন সংবাদ সংস্থার কাছে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন এই গায়কের দীর্ঘদিনের বন্ধু ও তার ম্যানেজার জারেজ পোসি।

এ প্রসঙ্গে জারেজ জানান, বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে এক বন্ধুর বাড়ির বাথরুমে কুলিওকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাননি তিনি। র‍্যাপার কুলিওর পারিবারিক নাম আর্টিস লিওন আইভে জুনিয়র। র‍্যাপ সংগীতে তিনি যাত্রা শুরু করেন আশির দশকে। তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন ১৯৯৫ সালে। সে বছর ‘ডেঞ্জারাস মাইন্ডস’ চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য ‘গ্যাংস্টা’ স প্যারাডাইস’ গানটি তাকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা।

‘প্যারাডাইস’ ট্র্যাকটি ১৯৯৫ সালে বিলবোর্ডের টপচার্টে জায়গা করে নিয়েছিল।




রাশিয়ায় মন্ত্রী বরখাস্ত: গ্রেফতার শতাধিক

রাশিয়ায় রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ওভিডি-ইনফো নামের একটি মানবাধিকার সংস্থা। এছাড়া কেউ সেনায় যোগ দিতে না চাইলে বা পলায়ন করলে কঠোর সাজার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে রসদ ও সরঞ্জাম সরবরাহে ব্যর্থতার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়েছেন পুতিন। জেনারেল দিমিত্রি বুলগাকোভকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওভিডি-ইনফো নামের মানবাধিকার সংস্থা জানিয়েছে, শনিবার রাশিয়ার ৩২টি শহরে ৭২৪ জনকে আটক করা হয়েছে। ইউক্রেনে যুদ্ধে যোগ দিতে সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এজন্য রিজার্ভ সেনাদের ডেকে পাঠানো হয়েছে।

সাধারণ মানুষের মধ্যে যাদের সামরিক প্রশিক্ষণ আছে তাদের রিজার্ভ সেনা হিসেবে তালিকাভুক্ত করা হয়। এছাড়া রিজার্ভ তালিকায় রয়েছেন সাবেক সেনারা।

খবরে বলা হয়েছে, রাশিয়া তাদের প্রায় এক লাখ ৯০ হাজার জন নিয়মিত সেনা ইউক্রেনে যুদ্ধের জন্য মোতায়েন করেছে বলে ধারণা করা হয়।কিন্তু ভ্লাদিমির পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর থেকেই রাশিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। রাশিয়ার আইন অনুযায়ী, অনুমতি ছাড়া সমাবেশ করা নিষিদ্ধ।

এরপরেও রাশিয়ার শহরগুলোজুড়ে বড় আকারের বিক্ষোভ চলছে। এ সপ্তাহের শুরুর দিকে বিক্ষোভ সমাবেশ করার কারণে এক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেন্ট পিটার্গবার্গে একজন ব্যক্তি সাংবাদিকদের বলেন, ‘পুতিনের জন্য আমি যুদ্ধ করতে যেতে চাই না।’ শনিবার যাদের গ্রেফতার করা হয়েছে, সেই সময় তাদের কারও কারও হাতে সেনাবাহিনীতে যোগ দেয়ার কাগজ দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে। সেই সময় তাদের আটক করে রাখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ক্রেমলিন এর আগে জানিয়েছিল, এটা আইনের মধ্যে থেকেই করা হচ্ছে।

মস্কো নতুন যে আইন করেছে, তাতে সেনাবাহিনীতে একবার নাম লেখানোর পর পালিয়ে গেলে বা দায়িত্ব পালন না করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।




বেশিরভাগ যুদ্ধই মুসলিম বিশ্বে, তুরস্কের একতার আহ্বান

বিশ্বের বেশিরভাগ যুদ্ধ সংগঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থার  সদস্য দেশগুলোর মধ্যে। বিশ্বব্যাপী সংঘাত ও চ্যালেঞ্জের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। বন্যা কবলিত পাকিস্তান ও নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।

বৃহস্পতিবার নিউইয়র্কে ইসলামি ব্লকের বার্ষিক সমন্বয় সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ব বর্তমানে কম নিরাপদ এবং আরও অনিশ্চিত হয়ে পড়েছে। দুই বিলিয়নেরও বেশি মানুষ সংঘাতপূর্ণ অঞ্চলে বাস করে এবং দুর্ভাগ্যবশত প্রায় এর ৬০ শতাংশ সংঘাত ওআইসিভুক্ত দেশগুলোতে হচ্ছে।’

ভয়াবহ বন্যার শিকার হওয়া পাকিস্তানের প্রতি সমবেদনা জানান তিনি। বন্যায় ৩ কোটি ৩০ লাখ পাকিস্তানি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে কমপক্ষে ১,৫৭৬ জন মারা গেছেন এবং ৩০ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি এবং ফসল ধ্বংস হয়েছে। এরই মধ্যে বড় ধরনের সহযোগিতা পাকিস্তানে পাঠিয়েছে তুরস্ক। কাভুসোগলু বলেন, ‘তুরস্ক এবং তুর্কি জনগণ ভ্রাতৃপ্রতিম পাকিস্তান এবং পাকিস্তানি ভাই ও বোনদের সমর্থন অব্যাহত রাখবে।’

ফিলিস্তিনের বিষয়ে কাভুসোগলু বলেন, ‘আঙ্কারা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চাইছে এবং তুরস্ক ফিলিস্তিনকে সমর্থন অব্যাহত রাখবে। ফিলিস্তিনের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং জেরুজালেমকে এর রাজধানী হিসেবে রক্ষা করা আমাদের দায়িত্ব।’




মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প

মেক্সিকোতে ভয়াবহ ভূকম্পন অনূভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে মেক্সিকোর মিচোয়াকানে এই ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। এর গভীরতা ছিল ৮০ কিলোমিটার।

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ এই ভূমিকম্পের মাত্রা ৬.৮ বলে উল্লেখ করেছে। খবর সিজিটিএন ও ওয়াচারস ডট নিউজের ভূমিকম্পের কেন্দ্র ছিল ৩৯.৩ কিলোমিটার (২৪.৪ মাইল) দূরে। কয়েকটি শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
খবরে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ঠিক একই এলাকায় ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার তিন দিন পরই আবার এমন ঘটনা ঘটল।

ইউএসজিএস ভূমিকম্প সম্পর্কিত মৃত্যু এবং অর্থনৈতিক ক্ষতির জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। তবে এখনো কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই অঞ্চলের জনসংখ্যা এমন কাঠামোতে বসবাস করে যা দুর্বল এবং ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণের মিশ্রণ।

এই এলাকায় সাম্প্রতিক ভূমিকম্পগুলো ভূমিধসের মতো বিপদ সৃষ্টি করেছে, যা ক্ষতির কারণ হতে পারে।