পা ভেঙে হাসপাতালে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রী গ্যান্টজ

ইসরাইলের যুদ্ধকালীন ক্যাবিনেট মন্ত্রী বেনি গ্যান্টজ দক্ষিণ ইসরাইলের কিবুটজ ইয়াদ মোর্দেচাইয়ের কাছে ক্রস-কান্ট্রি বাইক রাইডের সময় দূর্ঘটনার শিকার হয়েছেন।

তার অফিসের উদ্ধৃতি দিয়ে হিব্রু মিডিয়া একটি বিবৃতিতে বলেছে, সোমবারের এ দূর্ঘটনায় গ্যান্টজের পা ভেঙেছে।

আশকেলনের বারজিলাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গ্যান্টজকে আরও পরীক্ষার জন্য তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল।

ন্যাশনাল ইউনিটি দলের প্রধান ও চরমপন্থী এ নেতাকে আজকেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরাইল।

 




স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রীর পদত্যাগ

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা হারুন ইউসাফ পদত্যাগ করেছেন। বিরোধীদের প্রস্তাবিত অনাস্থা ভোটে হারতে পারেন এমন একটি শঙ্কা থেকে সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

স্কটিশ গ্রিনস পার্টির সঙ্গে জোট করে স্কটল্যান্ডে সরকার গঠন করেছিল হামজার দল স্কটিশ ন্যাশনাল পার্টি। তবে এই দলের সঙ্গে সম্প্রতি তার দল স্কটিশ ন্যাশনাল পার্টির জোট ভেঙে যায়। এরপর তাকে ক্ষমতা থেকে হটাতে দুটি অনাস্থা ভোটের ডাক দেন বিরোধীরা। একটি ফার্স্ট মিনিস্টার ও আরেকটি স্কটিশ ন্যাশনাল পার্টির সরকারের বিরুদ্ধে। এসব অনাস্থা ভোটে হামজা হেরে যেতে পারেন, এটা অনেকটা নিশ্চিত। তাই অনাস্থা ভোটের আগেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

সোমবার এক ভাষণে হামজা বলেছেন, আমি আমার মূল্যবোধ ও নীতি নিয়ে ব্যবসা করতে চাই না। অথবা ক্ষমতা ধরে রাখার জন্য যার-তার সঙ্গে চুক্তি করতে চাই না। এর আগে চলতি মাসের শুরুর দিকে হামজা বলেছিলেন, বিরোধীদের ডাকা অনাস্থা ভোটে তিনি জিততে পারবেন বলে বেশ আত্মবিশ্বাসী। তবে সোমবারের মধ্যেই নিজের সংখ্যালঘু সরকারকে শক্তিশালী করতে অন্য দলগুলোর সঙ্গে আলোচনার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে।

গত বছর স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ। এরপর সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হন তিনি। স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হয়েছিলেন হামজা। হামজার জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোয়। তবে তার পূর্বপুরুষেরা উনিশ শতকের ষাটের দশকে পাকিস্তানের পাঞ্জাব থেকে স্কটল্যান্ডে পাড়ি জমান। অবশ্য তার বাবা মুজাফফর ইউসুফের জন্ম পাকিস্তানে হলেও মা সায়িস্তার জন্ম কেনিয়ায়। সূত্র: ডন।




গাজায় যুদ্ধাপরাধ, আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আতঙ্কে ইসরাইলি নেতারা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

তবে যুক্তরাষ্ট্র, ইসরাইলের বিচার মন্ত্রণালয় এবং সেনার আইনজীবীরা এটি যাতে না ঘটে তার জন্য কঠোর পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোও পরোয়ানা জারি করতে বিলম্ব বা প্রতিরোধ করতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এটা স্পষ্ট নয় যে, তারা কতটা সফল হয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা বলছেন যে, তারা মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ হারজল হালেভির বিরুদ্ধে এ সপ্তাহের কোনো এক সময় পরোয়ানা দেয়া হবে। তাদের নিচের কর্মকর্তারা রেহাই পাবেন।

ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার শুনানিকারী আন্তর্জাতিক বিচার আদালতের বিপরীতে, আইসিসি ব্যক্তিদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, ইরান এবং বেশিরভাগ আরব দেশের মতো, ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতের কর্তৃত্বকে স্বীকৃতি দেয় তবে আইসিসি নয়।

যদি পরোয়ানা জারি করা হয়, তাহলে প্রতিটি আইসিসি সদস্য রাষ্ট্র (মোট ১২৩) যদি আসামীরা তাদের ভূখণ্ডে প্রবেশ করে তবে আসামীদের গ্রেপ্তার করে হেগের কাছে হস্তান্তর করতে বাধ্য। যদিও আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার আপিল করার কোনো উপায় নেই, যে কোনো দেশ তাত্ত্বিকভাবে আদালতকে বলতে পারে যে, সে নিজেই মামলা পরিচালনা করছে।

 

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয় শনডর্ফের মতে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ হতে পারে। ‘এই ওয়ারেন্টগুলো ইসরাইলকে আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে লঙ্ঘনকারী হিসাবে বিবেচিত দেশগুলির সাথে গোষ্ঠীভুক্ত করবে এবং ইসরাইলের বিরুদ্ধে অন্যান্য সমস্ত মামলার শীর্ষে আসবে,’ শনডর্ফ বলেছেন।

ইসরাইলি কর্মর্তাদের বিরুদ্ধে কখনও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। কিন্তু ২০২৩ সালের মার্চ মাসে, আইসিসি ইউক্রেনে সম্ভাব্য রাশিয়ান যুদ্ধাপরাধের তদন্তের অংশ হিসাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি পরোয়ানা জারি করেছে। ফলস্বরূপ, পুতিন সেসব দেশে যেতে পারবেন না যেখানে তিনি মনে করেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে। সূত্র: হারেৎজ।

 




লোভনীয় অফার, অনলাইনে সক্রিয় প্রতারক চক্র

ঘরে বসে বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে ডিজিটাল প্রতরণায় সক্রিয় হয়েছে বেশ কিছু চক্র। অনলাইনে আয়ের কথা বলে যারা মূলত গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি এদের তৎপরতা বেড়েছে। অপরাধী সনাক্তে সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছে পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন প্রতরণার কবল থেকে বাঁচতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

আপনি নির্বাচিত হয়েছেন, ঘরে বসে দৈনিক দেড় থেকে সাড়ে তিন হাজার টাকা আয় করুন! কিংবা কোনো বিদেশী ফোন করে লোভনীয় বেতনে কাজের অফার দেন। সম্প্রতি এমন ম্যাসেজ বা ফোন কল পাচ্ছেন অনেকে। অথচ এর পুরোটাই প্রতারক চক্রের কাজ।

ভোলার মনপুরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে কাজ করেন সাইফুল রহমান ইমন। গেল মাসে অনলাইনে আয়ের লোভনীয় অফারের ম্যাসেজ আসে তার ফোনে। প্রথমে সহজ কিছু কাজ করে পাঁচ/ছয়শো টাকা আয়ও করেন। তাদের বিশ্বাস করে প্রথমে দেড় হাজার ও পরে ধার করে আরও পনেরো হাজার টাকা জমা দেন তিনি। এরপর থেকেই তার টাকা ফেরত পাচ্ছেন না ইমন। প্রায় ২৮ হাজার টাকা প্রতারক চক্রটি হাতিয়ে নিয়েছে বলেন জানান তিনি

চক্রটির ফাঁদে পা দিয়ে আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতির মুখে পড়েছেন ইমনের মতো অনেকেই।

সম্প্রতি সাইবার প্রতরণার এমন অভিযোগ বাড়লেও এখনও কাওকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষকে শর্টকাটে বড়লোক হওয়ার প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ পুলিশের।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন ডিসি মো. ফারুক হোসেন বলেন, ‘সাইবার ক্রাইম একটি ট্রান্সন্যাশনাল ক্রাইম। ক্রাইমগুলো দেশের বাইরে থেকে সাধারণত হয়ে থাকে। সেই আসামিদের দেশে নিয়ে আসার ক্ষেত্রে আইনগত অনেক জটিলতা রয়েছে। এ কারণে আসলে ভুক্তভোগীকেই আগে সচেতন হতে হবে। নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে হবে।’

প্রতারণা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সাধারণের সচেতনতা বাড়ানোর তাগিদ দেন সাইবার বিশেষজ্ঞরা ।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, ‌‘প্রতারণার বিষয়ে অনেক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে আইনের কাছে সোপর্দ করতে গেলে যে ধরনের মানব সম্পদ এবং ডিজিটাল যন্ত্রপাতি পুলিশের দরকার তা সংখ্যায় কম আছে। আর সবচেয়ে বড় কথা প্রযুক্তিগত অপরাধ প্রযুক্তি দিয়েই মোকাবিলা করতে হবে।’




গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

র্ভপাতকে নারীদের সাংবিধানিক অধিকার হিসেবে ‍তুলে ধরে ফ্রান্সের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে নিজেদের মৌলিক আইনে নারীদের গর্ভধারণ স্বেচ্ছায় বন্ধ করার লক্ষ্যে আইন প্রণয়নের বিষয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে আত্মপ্রকাশ করল ফ্রান্স। খবর এএফপির।

ফ্রান্সের পার্লামেন্টের উভয়কক্ষের এক বিশেষ বৈঠকে তিন-পঞ্চমাংশ ভোট নিয়ে প্রস্তাবটি পাস হয়। ৭৮০ জন আইনপ্রণেতা প্রস্তাবের পক্ষে ভোট দেন আর ৭২ জন ভোট দেন এর বিপক্ষে। প্রস্তাবটি পাস হওয়ার পর দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করেন ডেপুটিরা।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আইন পাসের এই উদ্যোগকে ‘ফ্রান্সের গৌরব’ হিসেবে বর্ণনা করে বলেন, এটি সারা বিশ্বের জন্য একটি বার্তা। আসছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তা বিশেষভাবে উদযাপনের পরিকল্পনাও নেওয়া হয়।

এ উপলক্ষে ‘আমার শরীর, আমার পছন্দ’ শ্লোগানকে তুলে ধরে বর্ণিল আলোকসজ্জা করা হয় আইফেল টাওয়ারে।

আইনসভার সামনে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল বলেন, ‘এটি মূল পদক্ষেপ..এই পদক্ষেপের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

এদিকে, ভার্সেইলিতে গর্ভপাতের বিরোধিতাকারীরা সাংবিধানিক পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।

ফ্রান্সের নাগরিকরা যাতে নতুন করে জীবনের আস্বাদন পেতে পারে সে লক্ষ্যে ক্যাথলিক বিশপরা একদিনের উপবাস ও প্রার্থনার ডাক দিয়েছেন।

রোম থেকে ভ্যাটিকানের এক বার্তায় বলা হয়েছে, মানুষের জীবন নেওয়ার কোনো অধিকার নেই অন্যের।

তবে গর্ভপাতের পক্ষে থাকা শত শত সমর্থক রাজধানী প্যারিসে বিশাল টেলিভিশন পর্দায় আইন পাসের এই ঘটনার সাক্ষী হিসেবে উল্লাস প্রকাশ করে।

 




সোমালিয়ার ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ, ১৭ নাবিক উদ্ধার

সোমালিয়ার ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ, ১৭ নাবিক উদ্ধার

শনিবার ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এমভি রুয়েনের মাধ্যমে জলদস্যুদের ছিনতাইচেষ্টা ভণ্ডুল করে দেয়। এটি ভারতীয় উপকূল থেকে ২ হাজার ৬০০ কিলোমিটার দূরে নোঙর করা ছিল। এই অভিযানে আইএনএস সুভদ্র নামের আরেকটি জাহাজের ভারতীয় জাহাজও অংশ নেয়।
মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে থাকা ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। আর জাহাজটি অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।
এই জাহাজটি গত ডিসেম্বরে ছিনতাই করে সোমালি জলদস্যুরা। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী যে কার্গো জাহাজ ছিনতাই করা হয়েছে, তার জন্য এ জাহাজটিকে জলদস্যুরা ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকতে পারে।
গত ৪ মার্চ বাংলাদেশের এসআর শিপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়। এর পর গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খবর আসে, ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে।
জলদস্যুদের উৎপাতের কারণে ঝুঁকিপূর্ণ ভারত মহাসাগরে অস্ত্রধারী নিরাপত্তারক্ষীসহ জাহাজ চলাচলের নিয়ম। এছাড়া জাহাজের চারপাশে তারকাঁটার বেষ্টনী, হাইস্পিড ওয়াটারগানসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু দস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহতে এসব ব্যবস্থার কোনোটিই নেওয়া হয়নি।
বিশ্লেষকরা বলছেন, কয়লাবোঝাই জাহাজটির পানির ওপরের অংশের উচ্চতা কম হওয়ায় খুব সহজেই এটিতে চড়ে বসে দস্যুরা। যার ফলে অনেকটা বিনা বাধায় জাহাজের নিয়ন্ত্রণ নেয় তারা।



ফিলিস্তিন রাষ্ট্রের ‘পূর্ণ’ জাতিসংঘ সদস্যপদ সমর্থন করে চীন: পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন রাষ্ট্রের ‘পূর্ণ’ জাতিসংঘ সদস্যপদ সমর্থন করে চীন: পররাষ্ট্রমন্ত্রী

চীনের শীর্ষ কূটনীতিক বৃহস্পতিবার বলেছেন, বেইজিং জাতিসংঘে একটি ফিলিস্তিন রাষ্ট্রের ‘পূর্ণ’ সদস্যপদ সমর্থন করে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ফিলিস্তিনকে জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য হিসেবে সমর্থন করি।

ওয়াং বলেন, ‘গাজার বিপর্যয় আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড যে দীর্ঘকাল ধরে দখল করা হয়েছে তা আর উপেক্ষা করা যাবে না।
ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের লালিত আকাঙ্ক্ষা একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার স্বপ্ন আর এড়ানো যাবে না। যুগ যুগ ধরে ফিলিস্তিনি জনগণের সহ্য করা অবিচার সংশোধন না করে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতে পারে না।
গত বছরের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনকারী। প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের সমাধানের জন্য একটি ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলনের’ আহ্বান জানিয়েছেন।



সরে দাঁড়ালেন হ্যালি, রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হলো ডোনাল্ড ট্রাম্পের। সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি ছিলেন ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী।

স্থানীয় সময় আজ বুধবার সকালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন হ্যালি। এতে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হচ্ছে। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে থাকছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনর

‘সুপার টুয়েসডেতে’ অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে (দলীয় প্রার্থী বাছাইয়ের) ১৪টিতে জয় পান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একমাত্র ভারমন্ট অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হ্যালি।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে থাকা এক ডজন প্রার্থীর মধ্যে হ্যালি ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী, যিনি সরে দাঁড়ালেন। সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, যারা ট্রাম্পকে সমর্থন করেননি, তাদের ভোট তাকে অর্জন করে নিতে হবে।

হ্যালির একজন উপদেষ্টা বলেন, যদিও সুপার টুয়েসডেতে হ্যালির টিম ভারমন্টে জয় পেয়েছে এবং ভার্জিনিয়ার শহরতলিতে শক্ত সমর্থন দেখাতে পেরেছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে যে পরিমাণ ভোট পাওয়া দরকার, তা পাওয়া যায়নি।

এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সুপার টুয়েসডেতে ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিও অনুষ্ঠিত হয়েছে। এর সব কটিতে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত ককাসে হেরে গেছেন তিনি।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশী বাইডেন যাঁর কাছে হেরেছেন, তিনি খুব স্বল্প পরিচিত একজন ব্যবসায়ী। তাঁর নাম জ্যাসন পামার।

প্রশান্ত মহাসাগরীয় ছোট অঞ্চল আমেরিকান সামোয়ায় ডেমোক্র্যাটদলীয় ককাসে ভোট পড়েছে ৯১টি। এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী পদে বাইডেনের প্রতিদ্বন্দ্বী জ্যাসন পামার পেয়েছেন ৫১টি ভোট। আর বাইডেন পেয়েছেন ৪০টি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পামার লিখেছেন, ‘আমেরিকান সামোয়ায় প্রেসিডেন্ট প্রার্থী পদের প্রাথমিক বাছাইয়ে আমার বিজয়ের খবর ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি।’ তাঁকে সমর্থন দেওয়ায় স্থানীয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আমেরিকান সামোয়ায় জয়লাভের মধ্য দিয়ে জ্যাসন পামার শুধু চারজন প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন। সেদিক থেকে প্রার্থী মনোনয়নের দৌড়ে তাঁর অবস্থান বাইডেনের ধারেকাছে নেই। সামোয়ায় হারলেও বাইডেনের প্রার্থিতা পাওয়ার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না বললেই চলে।

এর আগে ২০২০ সালে আমেরিকান সামোয়া অঞ্চলে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে জয়ী হয়েছিলেন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। যদিও তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি।

প্রসঙ্গত, গত সপ্তাহে মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ডেমোক্র্যাট প্রাইমারিতে লক্ষাধিক নিবন্ধিত ভোটার ‘আনকমিটেড’ (ইচ্ছুক নই) ভোট দেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেনের নিরঙ্কুশ সমর্থনের প্রতিবাদে এমন অবস্থান নেন এই ভোটাররা।




ইরানে ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ব্যর্থ ড্রোন হামলার দায়ে ইসরায়েলি গুপ্তচর সংস্থা বা মোসাদের এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রবিবার (৩ মার্চ) মোসাদের ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। ২০২৩ সালের ২৮ জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইস্ফাহানস্থ একটি ওয়ার্কশপে কয়েকটি ছোট্ট ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়।

কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। একটি ড্রোনে আঘাত হানা হয়েছে এবং অন্য দু’টি ড্রোনকে কৌশলে আটকে দেওয়া সম্ভব হয়েছে। এরপর ওই দু’টি ড্রোনও বিস্ফোরিত হয়েছে।
এ সম্পর্কে ইস্ফাহানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম জাফারি বলেছেন, এই ব্যর্থ হামলার পর মোসাদের ওই গুপ্তচর নিজের পরিচয় গোপন করে ইরান থেকে পালিয়ে যায়। এর ১৩ দিন পর ইরানের বিচার বিভাগের সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় তাকে একটি প্রতিবেশী দেশ থেকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষে গতকাল (৩ মার্চ) মোসাদের ওই সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।



গাজায় সাংবাদিক হত্যা: অ্যান্টনি ব্লিঙ্কেনকে ২৫ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি

গাজায় সাংবাদিক হত্যা এবং সংবাদপত্রের স্বাধীনতার অভাবে উদ্বেগ জানিয়ে ২৫ জন মার্কিন কংগ্রেসম্যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন। কংগ্রেসম্যানরা বলেন, গাজায় সংবাদপত্রের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এই যুদ্ধে এক বছরে যত সাংবাদিক নিহত হয়েছে তার চেয়ে বেশি নিহত হয়েছে গত তিন মাসে।

যুক্তরাজ্যভিত্তিক ৫০ জনের বেশি সাংবাদিক যখন ইসরায়েল ও মিশর দূতাবাসে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ঠিক তখন এ চিঠিটি পাঠানো হলো। চিঠিতে গাজায় বিদেশি সাংবাদিকদের অবাধ ও নিরবচ্ছিন্ন প্রবেশ করার সুযোগ দিতে আহ্বান জানানো হয়।

তারা বলেন, গাজায় সাংবাদিক হত্যার বিষয়ে আমরা উদ্বিগ্ন যে, সেখানকার বেসামরিক জনগণ ও সাংবাদিকদের জীবন রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। ইসরায়েলের অতি ডানপন্থী সরকার ফিলিস্তিনিদের গণহত্যা এবং জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। অনাকাঙ্খিত যুদ্ধটিতে উদ্বেগজনকহারে নির্দোষ সাংবাদিকদের জীবন দিতে হচ্ছে। সাংবাদিকদের নির্বিচারে ইসরায়েলি বাহিনী হত্যা করছে। বাইডেন প্রশাসন ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রতি অন্ধ।

যুক্তরাষ্ট্রভিত্তিক বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) সেক্রেটারি ব্লিঙ্কেনকে পাঠানো চিঠিকে স্বাগত জানিয়েছে। এই চিঠির নেতৃত্বে রয়েছেন কংগ্রেসম্যান গেরি কনোলি (ডেমোক্র্যাট-ভিএ-১১) ও কংগ্রেসম্যান জান শাকোস্কি (ডেমোক্র্যাট-আইএল-৯) এবং কংগ্রেসের অন্যান্য ২৩ জন সদস্য।

চিঠিতে যে কংগ্রেসম্যানরা স্বাক্ষর করেছেন তারা হলেন- কংগ্রেসম্যান বেয়ার (ডেমোক্র্যাট-ভিএ), কংগ্রেসম্যান ব্লুমেনাউয়ার (ডেমোক্র্যাট-ওআর), কংগ্রেসম্যান কারসন (ডেমোক্র্যাট-আইএন), কংগ্রেসম্যান কাস্ত্রো (ডেমোক্র্যাট-টিএক্স), কংগ্রেসম্যান চু (ডি-সিএ), কংগ্রেসম্যান কোহেন (ডি-টিএন), কংগ্রেসম্যান ডিন (ডেমোক্র্যাট-পিএ), কংগ্রেসম্যান ডগেট (ডেমোক্র্যাট-টিএক্স), কংগ্রেসম্যান ফ্রস্ট (ডেমোক্র্যাট-টিএক্স), কংগ্রেসম্যান গ্রিজালভা (ডেমোক্র্যাট-এজেড), কংগ্রেসম্যান জ্যাকবস (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান হ্যাঙ্ক জনসন (ডেমোক্র্যাট-জিএ), কংগ্রেসম্যান কমলাগার-ডোভ (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান কিটিং (ডেমোক্র্যাট-এমএ), কংগ্রেসম্যান খান্না (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান কিল্ডি (ডেমোক্র্যাট-এমআই), কংগ্রেসম্যান বারবারা লি (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান লফগ্রেন (ডেমোক্র্যাট-সিএ), কংগ্রেসম্যান ম্যাকগভর্ন (ডেমোক্র্যাট-এমএ), কংগ্রেসম্যান নর্টন (ডেমোক্র্যাট-ডিসি), কংগ্রেসম্যান কুইগলি (ডেমোক্র্যাট-আইএল), কংগ্রেসম্যান রাসকিন (ডেমোক্র্যাট-এমডি) এবং কংগ্রেসম্যান ওয়াটসন কোলম্যান (ডেমোক্র্যাট-এনজে)।