প্রতিবন্ধী ব্যক্তিদেরকে প্রতিবন্ধকতা হিসেবে দেখা উচিত নয়: ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, প্রতিটি মানুষকে সমমর্যাদা প্রদান করা এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য।

তিনি বলেন, কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মায় না। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমাদের প্রতিবন্ধকতা হিসেবে দেখা উচিত নয়। মানুষকে মর্যাদা প্রদান করা সংসদ-সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব।

প্রতিনিধি দল সাক্ষাতকালে বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধীদের যথাযথ সুরক্ষা প্রদান, শিক্ষার অধিকার নিশ্চিতকরণ ও মানুষ হিসেবে সমতার অধিকার নিশ্চিতে মতবিনিময় করেন। এসময় রাজনৈতিক দলে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব এবং সংসদীয় ককাস গঠনের মাধ্যমে তাদের যথাযথ আইনি সুরক্ষা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বার্ডো মূলত দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে। এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অনন্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এ ভূষিত হয়েছেন।




মৎস্য খাতে অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রফতানি বাড়াতে হবে : প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্য খাত বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা অর্জন করেছে। এখন মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন ঢাকার বাইরে কিশোরগঞ্জে করার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মৎস্য উৎপাদনে হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মিঠাপানির মাছের একটি বড় অংশ হাওরাঞ্চল থেকে আসে। তাই প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি, জেলে ও মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের কাছে কর্মসূচির বার্তা পৌঁছে দিতে ঢাকার বাইরে এ আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে নদী খনন, খাল সংস্কারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও মৎস্য খাতের কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, এবার আমরা খুব অল্প সময়ের মধ্যে এই বড় আয়োজন করেছি। প্রধানমন্ত্রীর সম্মতি ও নির্দেশনায় ঢাকার বাইরে এই কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে পুরো আয়োজন প্রাণবন্ত ও ব্যতিক্রমী হয়ে উঠেছে।

জাতীয় মৎস্য পক্ষের আয়োজন সফল করতে মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, হাতের পাঁচটি আঙুলের মতো আমাদের সবার দায়িত্ব আলাদা হতে পারে, কিন্তু সবাই একসঙ্গে কাজ করলেই মুষ্টিবদ্ধ হাতের মতো শক্তি তৈরি হয়। এবারের আয়োজনও সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কোনো দায়িত্বে অবহেলা বা কাজে ফাঁকি দেওয়া যাবে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজের যোগ্যতা ও মেধা দিয়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে।

মৎস্য খাতের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ খাতের উন্নয়নে কয়েকটি প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক অর্থনীতিতে মৎস্য অধিদফতর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




কলাপাড়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

‘নৌযান শুমারি সফর করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মৎস্য বন্দর মহিপুর-আলিপুর এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জেলে, নৌযান মালিক ও মৎস্য ব্যবসায়ীরা অংশ নেন।

র‍্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে খাপভাঙ্গা নদীর দুই পাড়ে নৌযান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, পটুয়াখালী জেলার উপপরিচালক মো. নাজমুল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের নৌযানের সঠিক তথ্য সংগ্রহ এবং একটি নির্ভরযোগ্য জাতীয় নৌযান তথ্যভান্ডার প্রস্তুতের লক্ষ্যে সরকারের উদ্যোগে এ নৌযান শুমারি পরিচালনা করা হচ্ছে।




ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৯টি উপজেলার স্বেচ্ছাসবক দলের নেতাকর্মীরা শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়।

র‌্যালীটি শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়, টি.এ.রোড, পুরাতন কাছারি সড়ক, হাসপাতাল সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক নুরুল আমিন প্রমুখ।




শিশু কেন হাফপ্যান্ট পরল, জেরার পর পর্যটকদের দুই ঘণ্টা ধরে মারধর

ভারতের ঐতিহাসিক মারাঠা সাম্রাজ্যের ঐতিহ্যবাহী সিংহগড় দুর্গে বেড়াতে গিয়ে চরম নৈতিক পুলিশি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একদল পর্যটক। আট বছরের শিশুর হাফপ্যান্ট পরাকে কেন্দ্র করে শুরু হওয়া কথা-কাটাকাটির জেরে অন্তত দুই ঘণ্টা ধরে নারী, শিশু ও বয়স্কদের ওপর তাণ্ডব চালায় স্বঘোষিত ‘দুর্গ সংরক্ষণ সমিতি’র সদস্যরা।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক পরদিন, অর্থাৎ গত ১৬ আগস্ট পুনের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে এই ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুনের হাভেলি পুলিশ স্টেশন অভিযুক্ত নয়জন ব্যক্তির নাম উল্লেখ করে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে।

পুনে শহর ও এর আশেপাশের অঞ্চলজুড়ে ছত্রপতি শিবাজী মহারাজসহ মারাঠা রাজাদের নির্মিত একাধিক ঐতিহাসিক দুর্গ রয়েছে, যা বছরজুড়েই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে গত সপ্তাহান্তে সিংহগড় দুর্গে বেড়াতে যাওয়া কিছু সাধারণ মানুষের জন্য সেই আনন্দের মুহূর্তটি আতঙ্কে পরিণত হয়।

পুনে পুলিশের সুপারিনটেনডেন্ট সন্দীপ সিং গিল ঘটনার বিবরণ দিয়ে জানান, সপ্তাহান্তের ভিড়ের মধ্যে এক তরুণ ও তার দল একটি পরিবারকে থামায় এবং তাদের আট বছর বয়সী কন্যাসন্তান কেন হাফপ্যান্ট পরেছে তা নিয়ে জেরা শুরু করে। এরপরই উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে ওই পরিবার ও অন্যান্য পর্যটকদের ওপর হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা নিজেদের ‘দুর্গ সংরক্ষণ সমিতি’র সদস্য বলে দাবি করে। ১৬ আগস্ট দুর্গে পর্যটকদের উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে দলটির সদস্যরা শিশুসহ বেশ কয়েকজন পর্যটকের পোশাককে ‘অসংবেদনশীল’ ও ‘অপ্রীতকর’ আখ্যা দিয়ে চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এটি কোনো ক্ষণিকের ঘটনা ছিল না; প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবে হামলাকারীরা নারী, শিশু ও প্রবীণদের কাউকেই রেহাই দেয়নি। উপর্যুপরি শারীরিক মারধর ও হেনস্তার কারণে পুরো দুর্গ এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পর্যটকরা আতঙ্কে আত্মরক্ষার জন্য ছোটাছুটি করতে থাকেন।

খবর পেয়ে হাভেলি পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে চিহ্নিত নয়জন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে। জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পুনে ও এর আশেপাশের দুর্গে নিজেদের ইতিহাসের রক্ষক ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দাবি করা কিছু স্বঘোষিত ‘দুর্গ সংরক্ষণ’ দলের উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত ভ্রমণকারীদের মতে, ঐতিহাসিক এসব স্থাপনা সংরক্ষণের নামে এসব দলের সদস্যরা প্রায়ই নিজেদের বানানো নিয়মকানুন পর্যটকদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেয় এবং কে কী পোশাক পরবে বা কীভাবে চলাফেরা করবে—তা নিয়ে নিয়মিত ধমকাধমকি ও অনুশাসন জারি করে।

সিংহগড় দুর্গের এই সাম্প্রতিক সহিংস ঘটনাটি ঐতিহাসিক স্থানে পর্যটকদের নিরাপত্তা ও স্বঘোষিত গোষ্ঠীগুলোর বেআইনি কর্মকাণ্ড নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।




বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার কাঁদলেন ও চোখ মুছলেন। দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি নিয়ম অনুযায়ী দলের সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি এ আহ্বান জানান। দুপুর ২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির বক্তব্যের পর বক্তব্য রাখেন বিএনপির বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্মরণ করেন বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে। তার প্রতি কৃতজ্ঞতা জানান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও।

বিএনপিতে যোগ দেওয়ার পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে তার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না। সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানান।

মির্জা ফখরুল সবার কাছে দোয়া চেয়ে বলেন, বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন। কয়েক মিনিটের বক্তব্যে চার থেকে পাঁচবার কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা ফখরুল। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি শেষ বক্তব্য দেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সংসদীয় দলের সভায় আর অংশ নেবেন না। বিএনপির সংসদীয় দলের আজকের বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবেগঘন বিদায় এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কঠোর সাংগঠনিক বার্তা- মিলিয়ে দলীয় ঐক্য ও শৃঙ্খলার বিষয়টিই গুরুত্ব পায়।

মির্জা ফখরুল আবেগ জড়িত কণ্ঠে আরও বলেন, দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে যুক্ত আছি। অনেক বিপদ-আপদ, ঝড়-ঝঞ্জা, সুখ-দুঃখ, জেল-জুলুম, মামলা-হামলার সম্মুখীন হয়েছি। সবকিছুতেই আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু কখনো দল ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করিনি। কিন্তু আগামীকাল হয়তো এই দল থেকে আমাকে পদত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, আমি যেনো রাষ্ট্রপতি পদে থেকে সকলের মাঝে থেকে একটি সুন্দর ও কল্যাণমূলক রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা রাখতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।

সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য রাখেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চান। তিনি সভায় জানান, আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল ইসলামগীর নিজেও ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হয়ে যাবে। এবং আগামীকাল শুক্রবার নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। পরে সকলের অংশগ্রহণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




পাকিস্তানকে বিদায় করে হকি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ভারত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে পুরুষ হকি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারত। ম্যাচে ভারতের পক্ষে জোড়া গোল করেছেন অধিনায়ক হরমনপ্রীত সিং ও অভিষেক। বাকি গোল করেন হার্দিক সিং। অন্যদিকে পাকিস্তানের হয়ে হান্নান শহীদ দুটি এবং সুফিয়ান খান একটি গোল করলেও তা কেবল ব্যবধানই কমাতে পেরেছে। টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভারতীয় দল। খেলার মাত্র পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে দুর্দান্ত এক ড্র্যাগ ফ্লিক করে ভারতকে এগিয়ে নেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এর ঠিক ছয় মিনিট পর বাঁ দিক দিয়ে দুর্দান্ত গতি ও ড্রিবলিংয়ে বক্সে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন অভিষেক।

২১তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন হরমনপ্রীত। তবে পিছিয়ে পড়ার পরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এক মিনিট পরেই অসাধারণ এক ফিল্ড গোল করে ব্যবধান ৩-১ করেন হান্নান শহীদ। ২৪তম মিনিটে দুই দলই একটি করে গোল করায় প্রথমার্ধের খেলা শেষ হয় ৪-২ ব্যবধানে। এ সময় পাকিস্তানের পক্ষে দ্বিতীয় গোলটি করেন সুফিয়ান খান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ শাণিত করে ভারত। খেলার পঞ্চম মিনিটের মাথায় সুখজিত সিংয়ের ওপর ফাউল হলে পেনাল্টি স্ট্রোক পায় ভারত। আর সেখান থেকে গোল করে ব্যবধান ৫-২ করেন হার্দিক সিং।

তৃতীয় কোয়ার্টারে সম্পূর্ণ আধিপত্য বজায় রাখে ভারতীয় দল। তবে চতুর্থ কোয়ার্টারে দারুণ গতি ও হাই প্রেস করে খেলায় ফেরার চেষ্টা চালায় পাকিস্তান। ম্যাচের শেষভাগে হান্নান শহীদ আরও একটি গোল করে স্কোরলাইন ৫-৩ এ নামিয়ে আনেন। সমতায় ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালায় পাকিস্তান। শেষ পর্যন্ত দারুণ রক্ষণ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় হকি দল।




‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের সংবিধানে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রোমোটিং পারসন উইথ ডিজেবিলিটি ফ্রেন্ডলি ইনক্লুসিভ ক্লাইমেট জাস্টিস রেজিলেন্স প্র্যাকটিসেস’ (আইসিজেআরপি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, প্রতিবন্ধী মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রান্তিক অংশীজন হিসেবে নয়, বরং সমান অধিকারসম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। তাদের প্রয়োজন ও সক্ষমতাকে সামনে রেখে আমাদের অবকাঠামো, পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, দেশের সব সাইক্লোন সেন্টার ও দুর্যোগ আশ্রয়কেন্দ্রকে প্রতিবন্ধীবান্ধব করতে হবে। সেখানে হুইলচেয়ার চলাচলের উপযোগী র‌্যাম্প, প্রশস্ত প্রবেশপথ, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার, নিরাপদ চলাচলের ব্যবস্থা, পৃথক ও নিরাপদ থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম নিশ্চিত করতে হবে।

এছাড়া দুর্যোগের আগাম সতর্কবার্তাও শ্রবণ, দৃষ্টি ও অন্যান্য প্রতিবন্ধিতার ধরন বিবেচনায় নিয়ে সহজবোধ্য ও বহুমাধ্যমভিত্তিক করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।




আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন

চব্বিশের স্বৈরাচারবিরোধী অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’র সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাই আহতদের ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা। দল-মতের ঊর্ধ্বে উঠে যাদের প্রয়োজন সবচেয়ে বেশি, তাদের কাছে সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।

তিনি বলেন, আহত জুলাই যোদ্ধারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের জীবনযাত্রার মান সহনীয় পর্যায়ে থাকে, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছি।

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসন-৩৪৫-এর সংসদ সদস্য ও জুলাই শহীদ জাবিরের মাতা রোকেয়া বেগম।

এছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট কর্মকর্তা; সরকার মনোনীত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের একজন প্রতিনিধি এবং জুলাই যোদ্ধাদের একজন প্রতিনিধি।




ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম

অস্ট্রেলিয়ায় মাটিতে ব্যক্তিগত ক্যারিয়ারের টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। এ পারফরম্যান্সের সুবাদে আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। ৮৪ ধাপ এগিয়ে কার্টিস ক্যাম্ফারের সঙ্গে যৌথভাবে ৮৮ নম্বরে আছেন তানজিদ।

তার পাশাপাশি অজিদের বিপক্ষে বাংলাদেশের হাল ধরেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি করতে না পারলেও বাংলাদেশকে বড় লিড নেওয়ার ভিত গড়ে দেন টেস্ট অধিনায়ক। হ্যাজেলউডের বলে আউট হওয়ার আগে খেলেছেন ৮৪ রানের ইনিংস।

এমন ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন শান্ত। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক আছেন ২০ নম্বরে। বাংলাদেশের টেস্ট ব্যাটারদের মধ্যে শান্তর ওপরে কেবল মুশফিকুর রহিম। ১৮ নম্বরে আছেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। ডারউইনে প্রথম টেস্টে ডাক মেরেছিলেন লিটন দাস। রান না পাওয়ায় ৫ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।

তানজিদের সঙ্গে ১০২ রানের জুটি গড়ে বাংলাদেশের বিপদ সামাল দেওয়ার পাশাপাশি দলকে ভালো অবস্থানে নিয়ে যান মুমিনুল হক। তবে হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে বাঁহাতি ব্যাটারকে ফিরতে হয় ৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ৩০ রান। এমন ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন মুমিনুল। ছোট ছোট ইনিংসে ৩ ধাপ এগিয়ে সাদমান ইসলাম উঠেছেন ৫৮ নম্বরে।

দ্রুতই শান্ত, মুশফিক ও লিটনের বিদায়ের পর টেইলএন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড ২২৮ রান পর্যন্ত নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। ৬৫ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠে এসেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে না থাকা এক ধাপ পিছিয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের বোলারদের মধ্যে আগের মতোই সবার উপরে (১১ নম্বরে) আছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন মিরাজ। ডারউইন টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৫৫ রানে নিয়েছিলৈন ৬ উইকেট। দ্বিতীয় তিন উইকেট নিয়েছিলেন ৫৬ রানে। ম্যাচে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন হাসান। বর্তমানে ৩৮ নম্বরে আছেন ডানহাতি পেসার। তাসকিন আহমেদ এক ধাপ ও ইবাদত হোসেন এগিয়েছেন ৪ ধাপ।

ডারউইনে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট নিলেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি মিরাজের। আগের মতোই তিনে আছেন স্পিন বোলিং এই অলরাউন্ডার। এদিকে সতীর্থ জো রুটকে পেছনে ফেলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন হ্যারি ব্রুক। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের জসপ্রিত বুমরাহ।