নারী এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

চলতি সপ্তাহেই টাইগার ভক্তদের সুখবর দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে নিগার সুলতানা জ্যোতিরা।

বাছাই পর্বের ট্রফি নিয়ে আজ দেশে ফিরবেন তারা। এদিকে দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই দল থেকে বাদ পড়েছেন মারুফা আক্তার। তার জায়গায় ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার জাহানারা আলম। আসন্ন নারী এশিয়া কাপ ২০২২ মাঠে

গড়াবে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। এবারের আসরের সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

 বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, শোভনা মোস্তারী, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, তৃষ্ণা এবং সোহলী আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, মো. শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।




আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন

একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরনপোষণ ও সন্তানদের খরচ দাবির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার আল-আমিন হোসেন।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এদিন আসামি আল আমিন আদালতে উপস্থিত হন। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে গ্রহণ করেন। এরপর আল-আমিনকে ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নোটিশ জারি করেন।

মামলায় বলা হয়েছে, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক ইসরাত জাহান ও আল-আমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজী ভার্সনে কেজিতে পড়ালেখা করছে। বেশ কিছুদিন যাবৎ আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরনপোষণ প্রদান করেন না এবং খোঁজও না নিয়ে এড়িয়ে চলছেন। যোগাযোগও করেন না।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলোপাথাড়ি কিল ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সংসার করবে না বলে জানায়। ইসরাত জাহান ৯৯৯-এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলাও হয়।




ঝড় তুলে জয়ের নায়ক সাকিব

প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো পাননি সাফল্য। তবে তিনি যে সাকিব আল হাসান, ফর্মে ফিরতে দেরি করেন না। রীতিমতো ঝড় তুলে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে ছন্দে ফিরলেন সাকিব আল হাসান। তার চমকেই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে হারিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে।

রোববার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সংগ্রহ করে ১৭৩ রান। এ দিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব, গেল দুই ম্যাচে রান না পেলেও এবার ২৫ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

এছাড়া দলটির হয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ৬০ রান। শেষদিকে অধিনায়ক হেটমায়ার করেন ২৩* রান। ত্রিনবাগো হয়ে সুনীল নারাইন নেন ২ উইকেট। এছাড়া সামিট প্যাটেল নেন ১ উইকেট।  বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স সাকিবদের তোপের মুখে ১৩৬ রানেই অলআউট হয়ে যায়। কলিন মুনরো (৩০) আর সামিট প্যাটেল (৩৪) ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি ত্রিনবাগো কোন ব্যাটার। পোলার্ড কিংবা রাসেল কেউই পাননি এদিন বড় রান। ম্যাচের শেষ দিকে নারিন করেন ১৯ রান। তাতে হারের ব্যবধানই কেবল কমেছে। শেষ পর্যন্ত গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী হয়।

ব্যাটের পর বল হাতেও এদিন গায়ানার হয়ে মাঠ মাতিয়েছেন সাকিব। ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বুঝিয়ে দিয়েছেন তিনি অনন্য। এছাড়া ইমরান তাহির নেন ২ উইকেট।

এই সাফল্যের পর সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন ‘সাকিব আল হাসানের শক্তিশালী অলরাউন্ড পারফরমেন্স তাকে আজ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার এনে দেয়। নাইট রাইডার্সের বিরুদ্ধে এই জয়ের ফলে, অ্যামাজন ওয়ারিয়র্স টেবিলের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।’

সংক্ষিপ্ত স্কোর-
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৭৩/৬ (২০ ওভার) গুরবাজ ৬০, হেমরাজ ৪, হোপ ১৪, সাকিব ৩৫, শেফার্ড ৬, হেটমায়ার ২৩, স্মিথ ২২*; নারাইন ২/২৩, রামপল ১/৫২, সামিত ১/২৩

ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৩৬/১০ (২০ ওভার) সেইফার্ট ১৩, মুনরো ৩০, সামিত ৩৪, পুরান ১, পোলার্ড ১৩, রাসেল ১২, নারাইন ১৯; সাকিব ৩/২০, জুনিয়র ২/২৬, মতি ১/১৬, তাহির ২/৩১, স্মিথ ১/২১

ফল: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান




৮ ওভারের ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ভারত

মোহালির হারের শোধ তুলে সিরিজে ঘুরে দাঁড়াল স্বাগতিক ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ১-১ সমতা এনেছে রোহিতের দল।

গতকাল শুক্রবার নাগপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। বৃষ্টি না হলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় আড়াই ঘন্টা দেরিতে। তাতে ম্যাচে নেমে আসে ৮ ওভারে। ইনজুরি কাটিয়ে দুই মাস পর ভারতের দলে গতকাল ফেরেন জসপ্রীত বুমরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৯০ রান তুলে অজিরা। জবাবে ভারত দলপতি রোহিত শর্মার হার না মানা ২০ বলে ৪৬ রানের ইনিংসে ৪ বল হাতে রেখেই জয় পায় তারা।




কৃষ্ণাদের চুরি হওয়া টাকা না পাওয়া গেলে দেবে বাফুফে

সাফের ট্রফি নিয়ে বুধবার নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাঁদেরকে বরণ করতে ছিল ব্যাপক আয়োজন। তবে এই আনন্দের মাঝেও ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে টাকা চুরি হয়।

চুরি হওয়া সেই টাকা না পাওয়া গেলে বাফুফের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হবে কৃষ্ণাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা খানম কিরণ আজ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

কিরণ বলেন, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল। এ সময় তিনি বলেন, ‘ওরা বাচ্ছা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যেগ নিব এটা ওদেরকে দেওয়ার জন্য। ’

এর আগে একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা জানান, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল।

তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।




জয় দিয়ে সিপিএল শুরু সাকিবের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুটা ভালো হলো না সাকিব আল হাসানের। নতুন দলে অভিষেক ম্যাচে ব্যাট হাতে সাকিব রীতিমতো গোল্ডেন ডাক। চারে ব্যাটিং করা সাকিব আউট হন প্রথম বলেই।  বল হাতেও সাকিব খুব একটা সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। তবে সাকিব ভালো না করলেও জিতেছে তার দল গায়ানা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচে গায়ানা ১২ রানে হারায় সাকিবের পুরনো দল জ্যামাইকা তালাওয়াহসকে। এবারের আসরে ধুঁকতে থাকা গায়ানার এটি সপ্তম ম্যাচে স্রেফ দ্বিতীয় জয়। শুরুতে ব্যাট করে গায়ানা তোলে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে জ্যামাইকা অলআউট হয় ১৬৬ রানে।




আজ দেশ ছাড়ছে টাইগার বাহিনী

 আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার দুবাই যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

এই সিরিজের জন্য বুধবার স্কোয়াডে ঘোষণা করা হয়।

স্কোয়াডে নেই সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন।

২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এর পরের দিনই দেশে ফিরবে বাংলাদেশ দল।




নতুন ডিজি বিকেএসপিতে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ। সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয় সরকার।

বুধবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পদে নিয়োগের কারণে তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এ কর্মকর্তাকে বদলিপূর্বক বিকেএসপির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




সোহানের নেতৃত্বে আমিরাত যাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

১৭ সদস্যের দল নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। দলের দায়ভার থাকবে নুরুল হাসান সোহানের কাঁধে।

বুধবার সন্ধ্যায় বিসিবির ঘোষিত এই দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নাম। মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএলের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ। তার অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্বে থাকবেন সোহান।

এ সিরিজে দলে রয়েছেন তিন নতুন মুখ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে না থাকলেও আমিরাত সফরের দলে ডাকা হয়েছে সৌম্য সরকার ও রিশাদ হোসেনকে। আছেন পেসার শরিফুল ইসলামও। আগামী ২৫ অক্টোবর এবং ২৭ অক্টোবর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৮ অক্টোবর দেশে ফিরে আসবে টাইগাররা।

বাংলাদেশ স্কোয়াড:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।




রাঙামাটিতে রুপনা চাকমার জন্য ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ, ২০২২ এর শিরোপা বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য রুপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙামাটিতে একটি ঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রুপনা চাকমার জীর্ণ কুটিরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান যে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। রুপনা চাকমা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হয়েছেন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমাকে শুভেচ্ছা জানাতে মিষ্টি, ফল ও ফুল নিয়ে তাদের বাড়িতে গিয়েছিলেন।

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নেয় তাদের। ট্রফি নিয়ে বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কর্মকর্তারা।