কেইনের হ্যাটট্রিক, শেষ ম‌্যা‌চে বায়ার্ন মিউনিখের গোল উৎসব কোল‌নের বিরু‌দ্ধে

বুন্ডেসলিগার  আসরের শেষ ম‌্যাচটায় দারুণ এক হ্যাটট্রিক করলেন হ‌্যা‌রি কেইন। ইংলিশ তারকার নৈপুণ্যে কোলনকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার তাদের অন্য দুটি গোল করেন টম বিশফ ও নিকোলাস জ্যাকসন।জসুয়া কিমিখের হেড পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে ভলিতে দলকে এগিয়ে নেন কেইন। তিন মিনিট পর তিনিই দারুণ ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন।

পাঁচ মিনিট পর একটি গোল শোধ করেন সাইদ এল মালা। তবে, ২২তম মিনিটে আবার দুই গোলের ব্যবধান করেন বিশফ। ৬৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে হ্যাটট্রিক পূরণ করেন কেইন। আর ৮৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান জ্যাকসন।

বুন্ডেসলিগার এক আসরে রবের্ত লেভানদোভস্কির ৪১ গোলের রেকর্ডে দৃষ্টি রেখেছিলেন কেইন, ২০২০-২১ মৌসুমে গড়েছিলেন পোলিশ তারকা। শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ না হলেও, মৌসুমটা কেইনের দুর্দান্ত কাটছে। এবারের বুন্ডেসলিগায় তার গোল হলো ৩৬টি, মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৫৮টি।




আইসিসি থেকেও পুরস্কার পেলেন শান্ত-নাহিদ

এবার আইসিসির কাছ থেকেও পুরস্কার পেলেন শান্ত। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য র‌্যাংকিংয়ে ১৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়কের। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় যৌথভাবে ২৩ নম্বরে আছেন তিনি। তার সঙ্গী পাকিস্তানের ব্যাটার বাবর আজম।শুধু বাঁহাতি ব্যাটারের নয়, উন্নতি হয়েছে তার সতীর্থদেরও।

 

মিরপুর টেস্টে জোড়া ফিফটি হাঁকানো মমিনুল হক এগিয়েছেন ১২ ধাপ। তার অবস্থান ৩৫ নম্বরে। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে ৯৩ রান করা মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন।বিপরীতে অবনতি হয়েছে মাহমুদুল হাসান (৭৭ নম্বর), সাদমান ইসলাম (৫৮ নম্বর) ও মেহেদী হাসান মিরাজ (৬২ নম্বর)। শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। ৮৮০ পয়েন্ট নিয়ে চূড়া আছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট।

 

ঐতিহাসিক জয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।




২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন তিনি।

ম্যাচ শুরুর আগে রশিদের ঝুলিতে ছিল ৬৯৯টি উইকেট। ইনিংসের ১৬তম ওভারে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ আরফানকে ‘হিট উইকেট’ করার মাধ্যমে তিনি তার ৭০০তম শিকার পূর্ণ করেন।

যদিও এই অর্জনের জন্য তাকে কিছুটা অপেক্ষা করতে হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ম্যাচে ৬৯৯ উইকেট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। আজ নিজের কোটার শেষ ৪ বলে এসে কাঙ্ক্ষিত এই উইকেটের দেখা পান রশিদ। তবে দলের সুপার এইটে ওঠার সমীকরণ মাথায় রেখে এই ঐতিহাসিক মুহূর্তেও খুব একটা উদযাপন করতে দেখা যায়নি তাকে।




আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার স্বপ্ন এখনো উজ্জ্বল রইল রশিদ খানের দলের। ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আফগানরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান।

প্রথম ওভারেই শূন্য রানে বিদায় নেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে ইব্রাহিম জাদরান ও আজমতুল্লাহ ওমরজাইয়ের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয়ের পথে রাখে। জাদরান ৪১ বলে ৫৩ রানের এক চমৎকার ইনিংস খেলেন। শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ২১ বলে অপরাজিত ৪০ রানের ঝোড়ো ইনিংস আফগানিস্তানের জয় নিশ্চিত করে।
তাকে যোগ্য সঙ্গ দেন দরবেশ রসুলি (৩৩)। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। শুরুতেই অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও আরিয়ানশ শর্মাকে হারিয়ে চাপে পড়লেও শোয়েব খানের ৪৮ বলে ৬৮ এবং আলীশান শারাফুর ৪০ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় তারা।

ব্যাট হাতে জয়ের নায়ক আজমতুল্লাহ ওমরজাই বল হাতেও ছিলেন বিধ্বংসী।




দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রায়ান সিদ্দিকী।

সাধারণত ২৩ সদস্যের স্কোয়াডের নিয়ম থাকলেও, এশিয়ান ফুটবল কনফেডারেশন ২৬ জন ফুটবলার অন্তর্ভুক্ত করার বিশেষ সুযোগ দেওয়ায় দল বড় করেছেন কোচ বাটলার। তবে এই স্কোয়াডেও জায়গা হয়নি অভিজ্ঞ ফুটবলার সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের, যা ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

 

সুইডেনপ্রবাসী আনিকা এর আগে নিজ খরচে ঢাকায় এসে চার দিনের ট্রায়াল দিয়ে ফিরে গিয়েছিলেন। দলের অস্ট্রেলিয়ান ফিটনেস কোচ লর্ডের ইতিবাচক প্রতিবেদনের ভিত্তিতেই তাকে চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ সকালে সুইডেন থেকে ঢাকায় পৌঁছে সরাসরি টিম হোটেলে উঠেছেন তিনি।

আগেরবার নিজের খরচে এলেও এবার ফেডারেশনের ব্যবস্থাপনাতেই তাকে আনা হয়েছে।

কোচ পিটার বাটলার তাকে সরাসরি অনুশীলনে না দেখলেও ফিটনেস কোচের প্রতিবেদনের ওপর আস্থা রেখেই এশিয়ান কাপের দলে সুযোগ দিয়েছেন। 

এশিয়ান কাপ মিশনে বাংলাদেশ দল আগামী ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। থাইল্যান্ডে যাত্রাবিরতির পর ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিডনিতে পৌঁছানোর কথা রয়েছে দলের। সেখানে ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে বাংলাদেশ।




এমবাপ্পের আরেক রেকর্ড ভেঙে দিলেন জার্মান বিস্ময়বালক

বয়স তার মোটে ১৭। তবে লেনার্ট কার এর মধ্যেই আলোচনায় চলে এসেছেন। বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। কেন প্রশ্নগুলো উঠছে, তার জবাবটা লেনার্ট কার্ল দিয়েছেন গত রাতে। গোল করেছেন, তাতে কিলিয়ান এমবাপ্পের আরও এক রেকর্ড ভেঙে গেছে গত রাতে। তার নৈপুণ্যে ভর করে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল বায়ার্ন। কার্ল বল নিয়ন্ত্রণ করে সুন্দর শটে জাল খুঁজে পান। কিন্তু সেই গোল বাতিল হয়। কারণ গেনাব্রি সামান্য অফসাইডে ছিলেন। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করে বায়ার্ন। হ্যারি কেইনের শট পোস্টে লাগে। কার্লও বিরতির ঠিক আগে গোল পেতে পারতেন। কিন্তু রুই সিলভা তার শট ঠেকান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চমকে দেয় স্পোর্টিং। বাম দিক দিয়ে আক্রমণে উঠে জোয়াও সিমোয়েস ক্রস পাঠান। কিমিখ ব্লক করতে গিয়ে ভুল করে নিজ জালেই বল জড়িয়ে দেন। এতে পিছিয়ে পড়ে বায়ার্ন।

কিন্তু দশ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বায়ার্ন। মাইকেল অলিসের কর্নার থেকে গেনাব্রি সহজ শটে গোল করেন। চার মিনিট পর আবারও গোল। এবার নায়ক কিশোর কার্ল। বক্সে বল পেয়ে প্রথমে বাম পায়ে নিয়ন্ত্রণ নেন। পরে ডান পায়ে জোরালো শটে জাল খুঁজে পান। এতে এগিয়ে যায় বায়ার্ন।

এরপর স্পোর্টিং আর ম্যাচে ফিরতে পারেনি। কিমিখ দূর থেকে দারুণ পাস দেন। সেই বল থেকে ওলিস মাথা ছুঁইয়ে বিপজ্জনক এলাকায় পাঠান। সেখানে ফাঁকায় ছিলেন টা। তিনি সহজেই বল জালে পাঠান।

এই ম্যাচে কার্লই ছিলেন বায়ার্নের বড় ভরসা। হ্যারি কেইন থাকলেও গোলের সবচেয়ে বড় হুমকি ছিলেন এই কিশোর ফরোয়ার্ড। তার গোলেই ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বায়ার্ন। এই গোলের মাধ্যমে ইতিহাসও গড়েছেন তিনি। ১৭ বছর ২৯০ দিনে তিনি হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোল করা খেলোয়াড়। এই রেকর্ডটা আগে ছিল কিলিয়ান এমবাপ্পের। ১৮ বছর ১১৩ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন তৎকালীন মোনাকো সেনসেশন। তবে তার সেই রেকর্ড এবার কেড়ে নিয়েছেন কার্ল।




লিগের সেরা হয়ে রেকর্ড গড়লেন মেসি

লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকার-এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার মেজর লিগ সকার এই ঘোষণা দেয়। ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মিয়ামিকে লিগ শিরোপা জিতিয়েছেন এবং পুরো মৌসুমে ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা। তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও মৌসুম শেষ করেন।

মেসি তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন। তিনি এখন এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি টানা দুই বছর এমভিপি জিতলেন। তিনি দ্বিতীয় খেলোয়াড় যিনি মোট দুইবার এই পুরস্কার পেলেন। এর আগে ১৯৯৭ ও ২০০৩ সালে প্রেদরাগ রাদোসাভ্লজেভিচ এই পুরস্কার দুবার পেয়েছিলেন। মেসি ২৯টি গোল করেছেন, যা এমএলএস ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। তিনি ১৯টি অ্যাসিস্ট দিয়ে গোল্ডেন বুট জিতেছেন।

মেসি বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুশি। এবং এই লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুই বছর ধরে এটি জিততে পেরে আনন্দিত। আমি খুব কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত পুরস্কার পাওয়া ভালো লাগে। কিন্তু আমি এটি আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই।’

তিনি লিগে গোল ও অ্যাসিস্ট—দুই বিভাগেই শীর্ষে উঠে আসা দ্বিতীয় খেলোয়াড়। এর আগে শুধু সেবাস্টিয়ান জিওভিনকো ২০১৫ সালে এ কৃতিত্ব দেখান। প্লে-অফেও তিনি দাপট দেখান। ছয় গোল করেন এবং আরও নয়টি অ্যাসিস্ট দেন। ভ্যাঙ্কুভারের বিপক্ষে ফাইনালে ইন্টার মিয়ামিকে ৩–১ গোলে জিতিয়ে এমএলএস কাপ এমভিপিও হন। সে ম্যাচে তিনি দুটি অ্যাসিস্ট করেন।

গত অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে মেসি তিন বছরের চুক্তি নবায়ন করেন। এর সঙ্গে তিনি যুক্ত করলেন আরেকটি মাইলফলক। তার ক্যারিয়ারে রয়েছে আটটি ব্যালন ডি’অর, তিনটি ফিফা বর্ষসেরা এবং দুটি বিশ্বকাপ গোল্ডেন বল।

এবার তিনি বিপুল ভোটে এমভিপি হয়েছেন। মোট ভোটের ৭০.৪৩ শতাংশ মেসি পেয়েছেন। সান ডিয়েগো এফসির আন্দের্স ড্রেয়ার পেয়েছেন ১১.১৫ শতাংশ। মিডিয়া ভোটে মেসি পান ৮৩.০৫ শতাংশ, ক্লাব ভোটে ৭৩.০৮ শতাংশ এবং খেলোয়াড় ভোটে ৫৫.১৭ শতাংশ।

মেসি এমএলএসে এক মৌসুমে ১০টি মাল্টি-গোল ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়েছেন। এর আগে স্টার্ন জন, মামাদু দিয়ালো এবং ইব্রাহিমোভিচের রেকর্ড ছিল আটটি।

তিনি প্রথম এমভিপি জেতেন ২০২৪ সালে। সে বছর ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করেন তিনি। ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর তিনি দলকে সেই বছর লিগস কাপ জিতিয়েছিলেন এবং ২০২৪ মৌসুমে সাপোর্টার্স শিল্ড অর্জনে নেতৃত্ব দেন।




দলে না নেওয়ায় ভারতে কোচকে হত্যাচেষ্টা

পন্ডিচেরিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ ভেঙ্কটরামনকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পন্ডিচেরি মাঠের ভেতর নির্মমভাবে মারধর করা হয়েছে। অভিযোগ, তিন স্থানীয় ক্রিকেটার তাকে সৈয়দ মুশতাক আলি ট্রফির দলে না নেওয়ার জন্য দায়ী করে। ঘটনার পর পুলিশ তিনজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছে এবং তাদের ধরতে অভিযান শুরু করেছে।

পুলিশ জানায়, সোমবার দুপুরের পর কোচ ভেঙ্কটরামন নেট সেশনে অনুশীলন দেখছিলেন। ওই সময় কার্তিকায়ান, অরবিন্দরাজ এবং সন্তোষ কুমারন নামে তিন ক্রিকেটার তার কাছে গিয়ে দলে না নেওয়ার বিষয়টি নিয়ে ঝগড়া শুরু করে। অভিযোগ, হঠাৎ তারা একটি ক্রিকেট ব্যাট দিয়ে কোচকে আঘাত করতে শুরু করে এবং একাধিক বার আঘাত করার পর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘আক্রমণটি পরিকল্পিত ছিল এবং খুবই ভয়ংকর।’ তিনি আরও বলেন, ‘তিনজনই এখনও পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।’

কোচ ভেঙ্কটরামন গুরুতর আহত হয়েছেন। তার কাঁধ ও পাঁজরে ভাঙন ধরা পড়েছে। কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং সেখানে ২০টি সেলাই দিতে হয়েছে। তিনি চিকিৎসাধীন আছেন বলে জানায় পুলিশ। তদন্ত কর্মকর্তারা আরও জানান, মাঠের সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছিল না।

ঘটনাটি স্থানীয় ক্রিকেট মহলে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। কর্মকর্তারা বলছেন, এ ধরনের হামলা তরুণ ক্রিকেটারদের চাপ, হতাশা ও শৃঙ্খলা ভাঙার বিপজ্জনক দিক তুলে ধরছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশ তদন্ত শেষ হলে তারা নিজেদের মতো করে ব্যবস্থা নেবে।




অনন্য নজির গড়ে সাকিবদের এলিট ক্লাবে বুমরাহ

ক্রিকেটবিশ্বে পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটেই ১০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন বুমরাহ। এদিক থেকে তিনি প্রথম ভারতীয় বোলার।

বুমরাহর আগে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই ন্যূনতম ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন– শ্রীলংকার সাবেক তারকা লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি, বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। এলিট লিস্টে নতুন করে যুক্ত হলেন বুমরাহ। তিন ফরম্যাটে সবমিলিয়ে ২২২ ম্যাচে বুমরাহর শিকার ৪৮৪ উইকেট।

গতকাল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শুরুতে বিপাকে পড়ে যাওয়া ভারত; হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ২৮ বলে ৬টি চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৫৯ রান করেছেন পান্ডিয়া।

১২০ বলে ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় ৭৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার এটি সর্বনিম্ন স্কোর। এদিন ভারত ৬ জন বোলারকে ব্যবহার করে। প্রত্যেকে অন্তত একটি করে উইকেট শিকার করেন।

ভারতের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, ভরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টির শততম উইকেটের মাইলফলক ছুঁতে কেবল একটি শিকার প্রয়োজন ছিল বুমরাহর। আর্শদীপের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে তিনি সেই কীর্তি গড়েছেন।

৮১ টি-টোয়েন্টিতে মাত্র ১৭.৯১ গড়ে বুমরাহর শিকার ১০১ উইকেট। আর্শদীপ ৬৯ ম্যাচে ১৮.৩৭ গড়ে ১০৭ উইকেট শিকার করেছেন।

এদিনই চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি ছক্কার রেকর্ড গড়েন পান্ডিয়া। তার আগে এই কীর্তি গড়েন রোহিত শর্মা (২০৫), সূর্যকুমার যাদব (১৫৫) ও বিরাট কোহলি (১২৪)। ভারতীয় আরেক তারকা লোকেশ রাহুল ইতোমধ্যে ৯৯টি ছক্কা হাঁকিয়ে মাইফলফলক স্পর্শ করার পথে।




‘স্পেনের সেরা’ গোলকিপারকে দলে ভেড়াতে চলেছে বার্সেলোনা

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্কটা আদায় কাঁচকলায়। তবে ঠিক এমন নয়, তবে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লের সঙ্গেও বার্সার সম্পর্কটা এমনই তেঁতো। সেই এস্পানিয়লের তরুণ গোলকিপার হোয়ান গার্সিয়াকে দলে পেতে চাইছে বার্সা, যিনি আবার স্পেনেরও সেরা!

এমনকি গার্সিয়ার সঙ্গে এক চুক্তিতেও সম্মত হয়ে গেছে। এই চুক্তির আওতায় বার্সা তাকে ২৫ মিলিয়ন ইউরোতে দলে নিচ্ছে, যা স্পেন জাতীয় দলের মূল দলে ডাক পেলে ৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত বেড়ে যেতে পারে।

২৪ বছর বয়সী এই গোলরক্ষক চলতি লা লিগা মৌসুমে অসাধারণ পারফরম করেছেন। তিনি স্পেনে সবচেয়ে বেশি ১৩৮টি সেভ করেছেন। ইউরোপেও তিনি সেরাদের কাতারেই আছেন, যা তাকে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ‘ইন্টারভেনশন’ধারী গোলকিপারে পরিণত করেছে। তার উপরে আছেন শুধু ব্রেন্টফোর্ডের মার্ক ফ্লেকেন।

বার্সার পক্ষ থেকে বলা হচ্ছে, ‘আমরা বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। গোলপোস্টে পরিবর্তন দরকার, আর গার্সিয়া আমাদের সেই ভরসার জায়গা হতে পারে।’

তিনবার হাঁটুর অপারেশন করা মার্ক আন্দ্রে টের স্টেগেনের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে গত কয়েক মৌসুম ধরে। অন্যদিকে পোল্যান্ডের ভয়চেখ শেজনি বার্সার সঙ্গে থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এই অবস্থায় ভবিষ্যতের জন্য এক নতুন ভরসা খুঁজছিল বার্সেলোনা, এবং তারা সেটাই পেয়েছে গার্সিয়ার মধ্যে।

অন্যদিকে এস্পানিয়ল আর্থিক সংকটে পড়ায় জুন ৩০-এর আগেই অন্তত ১৫ মিলিয়ন ইউরোর একজন খেলোয়াড় বিক্রির দরকার ছিল। এই চাপের কারণে তাদের পক্ষ থেকেও দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। আর্সেনালের ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব থাকলেও গার্সিয়া নিজেই বার্সায় আসার আগ্রহ প্রকাশ করায় সেই দিকেই ঝুঁকে পড়ে ক্লাবটি।

বার্সেলোনা এখন ভাবছে, গার্সিয়াকে এক মৌসুমের জন্য লোনে দিয়ে খেলার সময় নিশ্চিত করার কথা। রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়া ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে। তবে গার্সিয়া নিজে চান এখনই শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ পেতে। তিনি বলেন, ‘আমি চেয়েছি এমন এক ক্লাবে খেলতে যেখানে উন্নতির সুযোগ আছে। বার্সেলোনা সেই জায়গা।’