হ্যালন্ডের হ্যাটট্রিকে বিশাল জয় ম্যানসিটির

প্রিমিয়ার লিগে আর্লিং হ্যালন্ডের হ্যাটট্রিকে বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ফুলহ্যামকে তারা হারিয়েছে ৫-১ গোলে। দলটির হয়ে হ্যাটট্রিক করেছেন স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড। 

ম্যাচের প্রথমার্ধ ২-১ গোলে শেষ করে ম্যানসিটি। প্রথমে দলকে লিড এনে অ্যাটাকিং মিডফিল্ডে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ৩৩ মিনিটে সমতায় ফেরে ফুলহ্যাম। 

প্রথমার্ধের শেষ বাঁশির আগে ডাচ ডিফেন্ডার নাথান একে গোল করে দলকে লিডে রেখে প্রথমার্ধ শেষ করান। 

দ্বিতীয়ার্ধে শুরু হয় হ্যালন্ড শো। তিনি ম্যাচের ৫৮ মিনিটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেন। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে বড় জয়ের পথে তুলে নেন। ম্যাচ শেষের ঠিক আগে গোল করে হ্যালন্ড নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। দলের বড় জয় এনে দেন। 




চ্যাম্পিয়ন্স লিগ ড্র: মৃত্যুকূপে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এতে কঠিন গ্রুপে পড়েছে কিলিয়ান এমবাপ্পের পিএসজি। ওই তুলনায় চ্যাম্পিয়ন ম্যানসিটি, রেকর্ড সংখ্যক ইউসিএল জয়ী রিয়াল মাদ্রিদ এবং তাদের লিগ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সহজ গ্রুপে পড়েছে।

পিএসজি আছে গ্রুপ ‘এফ’-এ। সেখানে তাদের খেলতে হবে বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও প্রিমিয়ার লিগে দারুণ ফুটবল খেলতে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

রিয়াল মাদ্রিদ পড়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের প্রতিপক্ষ নাপোলি, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন। চ্যাম্পিয়ন ম্যানসিটি গ্রুপ ‘জি’ তে আছে। তারা বিপক্ষ হিসেবে আরবি লাইপজিগ, জভেজদা ও ইয়াং বয়েজ ক্লাবকে পেয়েছে।

অন্যদিকে বার্সেলোনা আছে গ্রুপ এইচ- এ। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পোর্ত, শাখতার দোনেস্ক ও এন্টওয়ার্পকে। ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ একই গ্রুপে পড়েছে। গ্রুপ এ- তে তাদের অন্য দুই প্রতিপক্ষ কোপেনহেগেন ও গ্লাতাসারে।

কোন গ্রুপে কোন দল

গ্রুপ-এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গ্যালাতাসারে

গ্রুপ-বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি, লেন্স

গ্রুপ-সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন

গ্রুপ-ডি: বেনফিকা, ইন্টার, সালজবার্গ, রিয়াল সোসিয়েদাদ

গ্রুপ-ই: ফেইনুর্ড, অ্যাতলেটিকো মাদ্রিদ, ল্যাজিও, সেলটিক

গ্রুপ-এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল

গ্রুপ-জি: ম্যানসিটি, লাইপজিগ, জভেজদা, ইয়াং বয়েজ

গ্রুপ-এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেস্ক, এন্টওয়ার্প




নেপালকে বিধ্বস্ত করে রেকর্ড জয় পাকিস্তানের

এশিয়া কাপে খেলাই ছিল নেপালের কাছে স্বপ্নের মতো। বাবরকে বোলিং করা, শাহিনের পেস সামলানো উচ্ছ্বাসের। লড়াই করা সেখানে বিলাসিতা। ব্যাটে-বলে ওই লড়াই করতে পারেনি এশিয়া কাপের নবাগত হিমালয় শেরপারা। পাকিস্তান তাদের মাত্র ১০৪ রানে অলআউট করে দিয়েছে। তুলে নিয়েছে ওয়ানডেতে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ২৩৮ রানের বিশাল জয়।

বুধবার মুলতান স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং নিতে দু’বার ভাবতে হয়নি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। প্রত্যাশা মতো তার দল শুরু না পেলেও বিশাল রান করতেও অসুবিধা হয়নি। ১২৪ রানে ৪ উইকেট হারানোর পর বাবর ও ইফতিখার আহমেদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪২ রান তোলে পাকিস্তান।

বাবর তার ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নেন। সাজঘরে ফেরেন শেষ ওভারে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে। ওয়ানডের দ্রুততম ১৯ সেঞ্চুরি করেন তিনি। ১৩১ বলের ইনিংস সাজান ১৪টি চার ও চারটি ছক্কায়। তার সঙ্গে ২১৪ রানের জুটি গড়েন ইফতিখার। তার ব্যাট থেকে আসে ১০৯ রানের ইনিংস। প্রথম সেঞ্চুরির ইনিংসটাতে ১১টি চার ও চারটি ছক্কা মারেন এই ডানহাতি।

জবাব দিতে নেমে শুরুতেই শাহিন-নাসিমের পেস তোপে পড়ে নেপাল। ১৪ রানে হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। শাহিন আফ্রিদি দুটি ও নাসিম এক উইকেট তুলে নেন।

এরপর ছোট্ট একটা প্রতিরোধ গড়ে নেপাল। মিডল অর্ডারের আরিফ শেখ ও সোমপাল কামি ৫৯ রানের জুটি গড়েন। হ্যারিস রউফ ওই জুটি ভাঙতেই ধসে যায় সফরকারীরা। দলটির হয়ে আরিফ ২৬ ও সোমপাল ২৮ রান করেন। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন শাহিন ও হ্যারিস। ৬.৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তাদের ধসিয়ে দেন শাদাব খান।




সালাহর জন্য ১৫০ মিলিয়নের প্রস্তাব সৌদির

লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহর জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ। ওই প্রস্তাবে রেডস শিবির থেকে খুব একটা সাড়া না পাওয়ায় প্রস্তাব ১৫০ মিলিয়নে উন্নীত করেছে সৌদি।

সংবাদ মাধ্যম সিবিএস দিয়েছে এই তথ্য। তাদের মতে, দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে সালাহকে সৌদিতে নিতে চায় আল ইত্তিহাদ। তাকে নেইমার-রোনালদোর চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও দিয়েছে।

লিভারপুলের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মোহামেদ সালাহ। মিশরীয় এই তারকা অন্য কোথাও যেতে চান না। সালাহ ও তার এজেন্ট সংবাদ মাধ্যমকে তেমনটাই জানিয়েছেন। অন্যত্র যাওয়ার ইচ্ছে থাকলে চুক্তি নবায়ন করতেন না বলেও উল্লেখ করেছেন তার এজেন্ট।




রুবিয়ালেসের বক্তব্যের জেরে স্পেনের ১১ কোচিং স্টাফের পদত্যাগ

’পদত্যাগ করবো না, শেষ পর্যন্ত লড়ে যাবো।’ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিয়ালেসের এই বক্তব্যের প্রতিবাদে স্পেন নারী দলের ১১ জন কোচিং স্টাফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির

তবে হেড কোচ জর্জ ভিদাল পদত্যাগ করেননি। তিনিও বেশ বিতর্কিত। তাকে ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিয়ালেস চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছেন।

পদত্যাগ করার ঘোষণা দিয়ে বিবৃতিতে স্পেন নারী ফুটবল দলের স্টাফরা জানিয়েছেন, উল্লিখিত কোচিং স্টাফ তাদের পদত্যাগ করার সিদ্ধান্ত জানাচ্ছে। জেনি হেরমোসের প্রতি রুবিয়ালেস যে মনোভাব প্রকাশ করেছেন তা অত্যন্ত আপত্তিকর। তার এমন বক্তব্যের প্রতিবাদে নিজ নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রুবিয়ালেস ফেডারেশনের দায়িত্বে থাকলে ফুটবল খেলবেন না বলে অন্তত ৮০ জন ফুটবলার হুমকি দিয়েছেন।

এদিকে স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ফিফা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না।

ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিতের পর পুরস্কার নিতে যখন নারী দলের ফুটবলাররা একে একে স্টেজে উঠছিলেন, সে সময় সকলকেই জড়িয়ে ধরে চুমু দিচ্ছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী যা অতি স্বাভাবিক দৃশ্য।

তবে স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোর সঙ্গে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন রুবিয়ালেস। অন্যদের তুলনায় হারমোসোকে দীর্ঘ সময় আলিঙ্গন করেন রুবিয়ালেস। দুহাতে জড়িয়ে উঁচুতেও তুলে ধরেন। একে অপরের সঙ্গে কথাও বলেন। একপর্যায়ে হারমোসোকে জাপটে ধরে ঠোটে চুমু খান স্পেন ফুটবল প্রধান। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমন কাণ্ড ঘটিয়ে সমালোচনার শিকার হন স্পেন ফুটবল প্রধান। হারমোসোকে ঠোঁটে চুম্বনের ঘটনায় রুবিয়ালেসের পদত্যাগের দাবিও উঠেছে। যদিও তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, চুম্বনের ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত, পারস্পরিক, উচ্ছ্বসিত ও সম্মতিসূচক। রুবিয়ালেস এও দাবি করেন, ভুয়া নারীবাদীরা তাকে হত্যা করার চেষ্টা করছে।

যদিও হারমোসো শুক্রবার সংবাদমাধ্যমকে বলেছেন, চুম্বনে তার মোটেও সম্মতি ছিল না। এ ঘটনায় তিনি নিজেকে অরক্ষিত ও আগ্রাসনের শিকার হিসেবে অনুভব করেছেন।

এদিকে সভাপতি রুবিয়ালেসকে আগলে রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাই উল্টো বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের মন্তব্যের কারণে ক্ষেপেই গেছে ফেডারেশন। যে কারণে হারমোসোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

রোববার এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপজয়ী ওই নারী ফুটবলার লুইসের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা সত্য নয়। লুইস রুবিয়ালেস মিথ্যা বলেননি। হারমোসোর এমন অনভিপ্রেত অভিযোগের ফলে ফেডারেশনের কর্মকর্তারা বিব্রত বোধ করছেন।




চেলসিকে এবারও ধাক্কা দিল সিটিজেনরা

টমাস টুখেল যাওয়ার পরই সবকিছু দ্রুত গুছিয়ে নেওয়ার বার্তা দিয়েছিলেন গ্রাহাম পটার। লিগ ম্যাচে তার দল ভালো-খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলেছে ব্লুজরা। লিগে আগের ম্যাচে নটিংহ্যামে ধরা খাওয়া চেলসির ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেরাটা খেলতে হতো।

গত মৌসুমের লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে তারা সেরাটাই সম্ভবত খেলেছে। কিন্তু রিয়াদ মাহরেজের ৬৩ মিনিটের গোলে স্টামফোর্ড ব্রিজে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট কমিয়ে পাঁচে নামিয়েছে পেপ গার্দিওয়ালার দল।

স্টামফোর্ডে চেলসির চেয়ে ভালো খেলেছে ম্যানসিটি। তারা বলের পজিশন বেশি রেখেছে। গোল মুখে তিনটি শট নিয়ে একটি বল জালে পাঠিয়েছে। লক্ষ্যভ্রষ্ট শট নিয়েছে ছয়টি। অন্যদি চেলসি দুটি ভালো শট নিলেও গোল হয়নি। তাদের তিনটি আক্রমণ ব্যর্থ হয়েছে। 

এ নিয়ে প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে চেলসির বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে চার দেখাতেই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৫৮-১৯৬০ মৌসুমের মধ্যে বোল্টন ওয়ান্ডারাস চেলসির বিপক্ষে টানা চার ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল। ম্যানসিটির বিপক্ষে হেরে লিগ টেবিলে দশে নেমে গেছে ব্লুজরা।




ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়

ওল্ড ট্রাফোর্ডে আজ নাটকীয় ম্যানচেস্টার ডার্বিতে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। পিছিয়ে পড়েও চার মিনিটের ব্যবধানে দুই গোল করে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে এরিক টেন হাগের শিষ্যরা। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পেপ গার্দিওলার দল।

ম্যাচের ৩০ শতাংশ সময় বল দখলে এগিয়ে ছিল ম্যান ইউনাইটেড। যদিও একের পর এক আক্রমণ করলেও জালের দেখা না পাওয়ায় গোলশূন্য ছিল প্রথমার্ধ। এ অর্ধে ইউনাইটেড দুটি শট লক্ষ্যে রাখলেও সিটি পারেনি একটিও।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে সিটি। ৫৭ মিনিটে ফিল ফোডেনের বদলি হিসেবে মাঠে নামেন জ্যাক গ্রিলিশ। মাঠে নামার ৩ মিনিটের মাথায় গোল পেয়ে যান ম্যানচেস্টার সিটির এ ইংলিশ তারকা। মাহরেজের কাছ থেকে বল পান বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। পরে ব্রুইনের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল আদায় করেন গ্রিলিশ।

কিন্তু সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সিটি। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ৭৮ মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করলে সমতায় ফেরে ইউনাইটেড। 

এর দুই মিনিট পর গার্নাচোর এসিস্টে ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কাস রাশফোর্ড। এ নিয়ে টানা সাত ম্যাচে গোলের দেখা পেলেন রাশফোর্ড।  রোনালদোর (২০০৮ সাল) পর ইউনাইটেডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। বাকি সময়ে রক্ষণ আগলে রেখে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।




সৌদির ক্লাব থেকে প্রস্তাব পাননি মেসি

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাবে যাওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জনটা। মেসিকেও নাকি প্রস্তাব দিয়েছিল রোনালদোর দল আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল। তবে এমন প্রস্তাবের কথা উড়িয়ে দিলেন স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গিলেম বালাগ। আল হিলাল থেকে নাকি কোনো প্রস্তাবই পাননি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি।

গিলেম বালাগ জানিয়েছেন, লিওনেল মেসিকে পাওয়ার জন্য সৌদি আরবের ক্লাব আল হিলাল কোনো প্রস্তাব দেয়নি। বরং ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের জোর সম্ভাবনা আছে আর্জেন্টাইন মহাতারকার। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছে তিনি বলেছেন, ‘এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পিএসজি ও মেসি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৈঠকে বসবে যাতে তাকে প্যারিসে ধরে রাখার চুক্তি চূড়ান্ত করা যায়।’

গত মাসে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দিয়েছেন মেসি। এবার তার সামনে চ্যালেঞ্জ, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়ার। আর মেসির চাওয়াও ইউরোপে খেলা। বালাগ বলেছেন, এই মুহূর্তে মেসির ইচ্ছা ইউরোপে থাকার।

এর আগে স্পেনের ক্রীড়াভিক্তিক সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছিল, আল হিলাল মেসিকে তাদের ক্লাবে নিতে চাচ্ছে। এজন্য বড় অঙ্কের অর্থও দিতে রাজি আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাবটি। সেখানে বলা হয়েছে, মেসিকে বছরে ৩০ কোটি ডলার পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিতে পারে আল হিলাল।

সংবাদমাধ্যমের খবর, রোনালদোকে আল নাসের যে পরিমাণ বেতন দিচ্ছে মেসিকে তার থেকেও বেশি দিতে চায় আল হিলাল। সেটা রোনালদোর ২ হাজার ২৩৯ কোটি টাকার চেয়েও বেশি। যদিও ক্লাবটির পক্ষ থেকে এমন কোনো কথা শোনা যায়নি।

আরব দেশগুলোর মধ্যে সৌদির ঘরোয়া লিগ সবচেয়ে জনপ্রিয় এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতাও বেশ ভালো। আল হিলাল ও আল নাসেরের মধ্যকার ম্যাচ হলো সৌদি আরবের ‘এল ক্লাসিকো’, যেটিকে সৌদি আরবে ‘রিয়াদ ডার্বি’ বলা হয়।




চট্টগ্রামের বিপক্ষে ঢাকার লড়াকু পুজি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৫৯ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডমিনেটর্স। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে ঢাকা ডমিনেটর্স। টানা তৃতীয় হার এড়াতে ঢাকার বিপক্ষে ১৫৯ রান করতে হবে চট্টগ্রামকে।

আগে ব্যাট করতে নেমে মন্থরগতিতে রান তোলে ঢাকার দুই ওপেনার উসমান ও মিজানুর। ৯.২ ওভারে ৬০ রান আসে ওপেনিং জুটিতে। ৩৩ বলে ২৭ রানে ফেরেন মিজানুর। এদিকে ৩৩ বলে ৪৭ রান করেন গনি।

টপ অর্ডারের আরেক ব্যাটার সৌম্য সরকার ফিরেছেন মাত্র ৪ রান করেই। এরপর দলীয় সংগ্রহ ১০০ পার হতেই উইকেটরক্ষক-ব্যাটার মিঠুন আলীও বিদায় নেন ব্যক্তিগত ৯ রানে। চাপের মুখে হাল ধরেন নাসির। ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ঢাকার অধিনায়ক খেলেন ২২ বলে ৪ চারে সাজানো ৩০ রানের ইনিংস। শেষদিকে ঢাকার রানের চাকা সচল রাখেন আরিফুল হক। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়া এই ব্যাটার ১৮ বলে করেছেন ২৯ রান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও মেহেদি হাসান রানা। এছাড়া একটি করে উইকেট করে নিয়েছেন শুভাগত হোম ও মালিন্দা পুষ্পকুমারা।




ঢাকা লিট ফেস্টে আসছেন গর্ডন গ্রিনিজ-জহির আব্বাস

ক্যারিবিয়ান কিংবদন্তি এবং বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ আসছেন ঢাকায়। আরও আসছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাস। আগামী ৫ জানুয়ারি থেকে বাংলা একাডেমিতে শুরু হবে ‘ঢাকা লিট ফেস্ট’। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এই আয়োজনের শেষ দিনে বক্তৃতা দিতে ঢাকা আসছেন এই দুই কিংবদন্তি।

লিট ফেস্টের শেষ দিন ‘আই অন দ্য বল’ নামের একটি সেশনে বক্তব্য রাখবেন গর্ডন গ্রিনিজ। সেই সময় তার সঙ্গে থাকবেন পাকিস্তানের সাবেক ব্যাটার জহির আব্বাস, বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইউসুফ বাবু ও জিম্বাবুয়ের সাবেক ব্যাটার হ্যামিল্টন মাসাকাদজা।

১৯৯৭ আইসিসি ট্রফি জেতা বাংলাদেশ দলের কোচ ছিলেন গ্রিনিজ। ১৯৯৯ বিশ্বকাপেও টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। খেলোয়াড় হিসেবেও তার প্রচুর নাম ডাক ছিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপ জেতার পাশাপাশি ১০৮ টেস্টে ৭ হাজার ৫৫৮ রান ও ১২৮ ওয়ানডেতে ৫ হাজার ১৩৪ রান করেন তিনি।

অন্যদিকে জহির আব্বাসও একই সময়ের খেলোয়াড়। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের পর ৭৮ টেস্টে ৫ হাজার ৬২ রান করেছেন তিনি। ৬২ ওয়ানডেতে করেছেন ২ হাজার ৫৬২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০’র বেশি সেঞ্চুরি করেছেন তিনি।