নরসিংদীতে শিশুসহ মায়ের বিষপানে আত্মহত্যা

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় দেড় বছরের শিশুসহ মায়ের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের প্রধান বাড়ির রাকিব মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম (২৪) ও তার দেড় বছরের ছেলে আহসাফ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি এনজিও থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন গৃহবধূ ফেরদৌসী বেগম। পরে ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে জুয়াড়ি স্বামী রাকিবের সাথে দ্বন্দ্ব তৈরি হয়।

এ নিয়ে সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। কলহের জেরে সকালে স্ত্রী ফেরদৌসী বেগম প্রথমে দেড় বছর বয়সী একমাত্র সন্তান আহসাফকে বিষ খাওয়ান। পরে তিনি নিজেও বিষপান করে অসুস্থ হয়ে পড়ে বমি শুরু করেন। এসময় মা ফেরদৌসী বেগম প্রতিবেশি এক নারীকে বিষ খাওয়ানোর কথা জানিয়ে শুধু তার সন্তানকে বাঁচানোর অনুরোধ করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য মা ফেরদৌসী বেগমকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে ৪ ঘন্টা পর তারও মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে রায়পুরা থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। চিকিৎসক জানিয়েছেন বিষক্রিয়ায় মা ও সন্তানের মৃত্যু হয়েছে।




রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ, দুই পুলিশ সদস্য আহত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের নিউমার্কেটের পাশ থেকে জামায়াতের কেন্দ্রীয় আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দড়িখরবোনা মোড়ে গেলে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাজশাহী নগরের বোয়ালিয়া থানার এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে আবু হায়দারের চোখে নিচে ও উপরে আঘাত লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে রাজশাহী নগরের নিউমার্কেটের উত্তর পাশ থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের কাদিরগঞ্জ মোড় হয়ে রেলক্রসিং পার হয়ে উপশহর নিউমার্কেটের দিকে যায়। উপশহর নিউমার্কেটের দিকে যাওয়ার জন্য মিছিলটি মোড় ঘুরে পশ্চিম দিকে যেতে থাকলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। এ সময় মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। মিছিলে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবিরের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ ব্যাপারে জানতে সন্ধ্যায় এমাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

তবে এর আগে তিনি একটি গণমাধ্যমে বলেন, সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোনোরকম উসকানি ছাড়া সরকার অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে তারা মিছিল বের করে করে। তবে মিছিল থেকে পুলিশের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

নগরের বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মিছিল করার কোনো অনুমতি ছিল না। ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে পালিয়ে যান। তাদের ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।




প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নে ১৩ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া




কমলনগরে আ’লীগ কার্যালয় ভাঙ্চুরে বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও টেবিল-চেয়ার ভাঙচুরের ঘটনায় বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে রাতেই মামলা দায়ের করা হয়।

আওয়ামী লীগের অভিযোগ সোমবার রাতে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। অপরদিকে, বিএনপির দাবি হামলা ভাঙচুরের নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে। মামলার বাদি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যা। তিনি ১৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন।

মামলার বাদি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যা বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন বিএনপি’র নেতাকর্মীরা হাজিরহাট বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখিত মামলার অন্য আসামীরা হলেন, সাজ্জাদ হোসেন সাজু, রাহাত, জাহের, হেলাল, রাসেল, রাকিব, দোলন, দেলোয়ার, মোরশেদ, দেলোয়ার হোসেন মানিক, , মাইন উদ্দিন, ইব্রাহিম খলিল, নাজিম মেম্বার ও বেলাল।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। এসময় তাদের চারজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে রাতের আধাঁরে তারাই তাদের দলীয় কার্যালয়ের দু’চারটি চেয়ার টেবিল ভাঙচুরের নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

কেন্দ্রীয় বিএনপি নেতা, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত কর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




জামায়াতের আমির শফিকুর গ্রেফতার

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রথমে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। পরে গ্রেফতার দেখায় সিটিটিসি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিককে গ্রেফতার করেছে সিটিটিসি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

এর আগে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পেজে আটকের বিষয়টি নিশ্চিত করেন। কী কারণে বা কোন মামলায় ডা. শফিকুরকে আটক করা হয়েছে, তিনিও সেটি নিশ্চিত করতে পারেননি।

ডিসি মো. ফারুক হোসেনের কাছ থেকে নিশ্চিত হওয়ার আগে ডা. শফিকুর রহমানকে আটকের বিষয়ে জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা করে বাংলানিউজ। তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি ছিলেন না।

একটি মাধ্যম থেকে জানা যায়, ভোরে আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল জামায়াতের আমিরকে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি। এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।




বিএনপির ছেড়ে দেওয়া আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

আন্দোলনের অংশ হিসেবে সংসদে থাকা নিজেদের সাতটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে ছয়টিতে সরাসরি ভোট হবে এবং একটি আসন সংরক্ষিত। ইতোমধ্যে আসনগুলো শূন্য ঘোষণা করেছেন স্পিকার। এবার সেই আসনে উপনির্বাচনের তোড়জোর শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই এসব আসনে ভোটের তফসিল ঘোষণা হতে পারে।

সোমবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। সেখানে বিএনপির এমপিদের শূন্য আসনগুলোতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে। পরবর্তী প্রসিডিউর হচ্ছে আমরা সভায় বসবো। বৈঠকে বসে আমরা সিদ্ধান্ত নেবো যে, কবে নির্বাচন হবে, তার শিডিউল ঘোষণা করা হবে।’

মো. আলমগীর বলেন, ‘তফসিল আমরা খুব তাড়াতাড়িই দেবো, ইনশাআল্লাহ। যেহেতু ৯০ দিনের মধ্যেই করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার আজকে ঢাকার বাইরে আছেন। আগামীকাল থাকবেন। পরশু হয়তো আসবেন। এরপর বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠকে হয়তো আমরা বসবো। মিনিমাম সময় যেটা দিতে হয়, সেটি দিয়ে আমরা হয়তো দিয়ে দেবো। আমরা ৯০ দিন অপেক্ষা করবো না। যেহেতু পরবর্তী সাধারণ নির্বাচন এক বছরের একটু বেশি সময় আছে। ওই হিসেবে ৯০ দিনের আগেই দিয়ে দেবো।’ চলতি সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন। এর মধ্যে একজন সংরক্ষিত আসনের এবং ছয়জন সরাসরি ভোটে নির্বাচিত। বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করবেন এমন গুঞ্জন আগেই ছিল। গত শনিবার দলটির ঢাকা বিভাগীয় সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

পরদিন রোববার বিএনপির সংসদ সদস্যরা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে গিয়ে তাদের পদত্যাগপত্র দেন। পরে সংসদ সচিবালয় থেকে জানানো হয়, তাদের আসনগুলো শূন্য ঘোষণা করা হয়েছে। বিএনপির এমপিদের পদত্যাগে কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা কোনো প্রেশার অনুভব করছি না। আমাদের হলো রেফারির কাজ। আমরা মাঠ প্রস্তুত রাখবো, গ্যালারি প্রস্তুত রাখবো। সবকিছু প্রস্তুত রাখবো প্লেয়াররা খেলতে আসবেন।’

আলমগীর বলেন, ‘মাঠে আসার আগ পর্যন্ত দায়িত্ব কিন্তু যারা এটির আয়োজন করে তাদের। সরকার এবং রাজনীতিবিদদের। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। আমরা মাঠ তৈরি করবো, গ্যালারি তৈরি করবো।’




বেগমগঞ্জে সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি লটারি অনুষ্ঠান

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি লটারি উপজেলা মিলনায়তনে ১২ ডিসেম্বর সকাল ১০ টা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কারিগরি উচ্চ বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নোয়াখালীর খ্যাতনামা চিকিৎসক ডেন্টাল সার্জন ডাঃ মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আ,লীগ নেতা সামছু, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংবাদিক মোঃ বদিউজ্জামান তুহিন, দৈনিক বিজয় বাংলাদেশ পএিকা
বিশিষ্ট সাংবাদিক মোঃ রিয়াজুল সোহাগ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃগাউছুল আজম পাটোয়ারী সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম সহ প্রমুখ।




চরভদ্রাসনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধঃ

চরভদ্রাসনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি “‘ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার(১২ ডিসেম্বর) সারাদেশে ন্যায় চরভদ্রাসনেওউদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২।

দিবসটি উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি খাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, চরভদ্রাশন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর, উপজেলা প প অফিসার রমেশ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জিয়াউল হক, এলজিইডির উপসহকারী প্রকৌশলী সাগর আহমেদ, চরভদ্রাসন মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা পারভীন,সাংবাদিক মেজবাহউদ্দিন ও আবুল কালাম প্রমুখ।




জয়ের পরামর্শেই দেশ ডিজিটাল হয়েছে: প্রধানমন্ত্রী

সজীব আহমেদ ওয়াজেদ জয়ের পরামর্শেই দেশ ডিজিটাল হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে জয় আমাকে পরামর্শ দিলো; এবার নির্বাচনী-ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিতে হবে। তাই জয়ের পরামর্শেই ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেই। বাংলাদেশ আজ ডিজিটাল হয়েছে। এছাড়া ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট আর সমাজ হবে স্মার্ট সোসাইটি এমন ঘোষাণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ নিয়ে থাকছে তথ্যচিত্র প্রদর্শনী।




সরকারি মাধ্যমিকে ভর্তির লটারির ফল আজ

সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির লক্ষ্যে টেলিটকের কারিগরি সহায়তায় ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রথম দিন বেলা ২টায় সরকারি মাধ্যমিক এবং পর দিন বিকেল ৩টায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। টেলিটক মোবাইল নাম্বার থেকে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে।

GSA space RESULT space USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

অথবা ভিজিট করুন-httpsgsa.teletalk.com.bd