নেত্রকোণায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে হাতির আক্রমণে আহত কৃষক বণেশ রিচিল (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানান, বুধবার (৭ ডিসেম্বর) সীমান্ত এলাকায় ধান পাহারা দিতে গিয়ে বণেশ দেখেন বন্য হাতি ফসল নষ্ট করছে। এ সময় হাতির পাল তাকে ধাওয়া করে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব উল আহসান বলেন, ‘খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে আমরা তাৎক্ষণিকভাবে টাকাটা দিয়েছি যাতে তার সৎকার করতে পারে। এ ছাড়াও সচেতনতা বাড়াতে পুরো এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশাপাশি গ্রাম পুলিশের পাহারা জোরদার করা এবং বিজিবিকেও সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সীমান্তের সমস্যা সমাধানে দ্রুত পরিকল্পনা গ্রহণ করা হবে।

এছাড়াও গত ১৫ নভেম্বর উপজেলা কলমাকান্দার পাঁচগাও সীমান্তে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়।




তজুমদ্দিনে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ভোলা প্রতিনিধি:
উপজেলা প্রশাসন ও দূর্ণীতিপ্রতিরোধ কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীসেবা সংস্থার অংশ গ্রহণে ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দূর্ণীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দূর্ণীতিপ্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, মহিলা ভাইসচেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, দূর্ণীতিপ্রতিরোধ কমিটির সম্পাদক রফিক সাদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী, পল্লীসেবা সংস্থার প্রোগ্রাম কো-অডিনেটর পরিতোষ বড়ুয়া, অডিট অফিসার তরুন কুমার দাস, এক্যাউন্ট সবুজ চন্দ্র দাস, সাংবাদিক মহিবুল্যাহ ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দূর্ণীতি একটি দেশ, একটি জাতি এমনকি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়।

তাই আজ থেকে আমাদের শপত হোক আমরাও দূর্ণীতি করবো না এবং অন্যকেও দূর্ণীতি করতে দিবো না। দূর্ণীতিকে প্রতিরোধ করে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হবে।




কারাগারে পাঠানো হলো ফখরুল-আব্বাসকে

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার বিকাল ৫টার পর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে গোয়েন্দা পুলিশ তাদের ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে উপস্থাপন করে বিস্ফোরক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই নেতাকে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।অন্যদিকে ফখরুল ও আব্বাসের জামিন চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই বিএনপি নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে রিজভী, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

যদিও পরে আমান ও জুয়েল জামিনে ছাড়া পেয়েছেন।




কমলনগরে রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

কমলনগর(লক্ষ্মীপুর),প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা পর্যায়ে ৩ জন নারীকে জয়িতা নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।

নির্বাচিত জয়িতা নারীরা হলেন- চর ফলকন গ্রামের সমাজ উন্নয়ন অসাম্য অবদান রেখেছেন নিপু আক্তার ও হাছিনা আক্তার এবং চর জাঙ্গালিয়া গ্রামের মাহমুদা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর থানার এস আই মোস্তাক, মহিলা বিষয়ক কর্মকতা মোঃ মোরশেদ আলম, কৃষি কর্মকতা মোঃ ইকতারুল ইসলাম, তথ্য আপা শাহানা ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি কমলনগর সভাপতি মাওলানা যায়েদ হোসাইন আল ফারুকী, বীরমুক্তিযোদ্ধা শরিফ উল্ল্যাহ, কমলনগর প্রেসক্লাব সহ সভাপতি মোঃ ফয়েজ মাহমুদ, সাধারণ সম্পাদক এ আই তারেক সহ অনেকে।




১০ ডিসেম্বর ঘিরে ঢাকায় কঠোর অবস্থানে পুলিশ

রাজধানীতে বিএনপির সমাবেশের আর মাত্র একদিন বাকি। ১০ ডিসেম্বরের এই সমাবেশ ঘিরে রাজধানীতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। রাজধানীর পরিবেশ নির্বিঘ্ন রাখতে নগরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে।

গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ চোখে পড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে তারা। এসব মোড়ে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের দেখা গেছে।

গুরুত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজধানীজুড়ে বিপুল সংখ্যক সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‌্যাব ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

অপতৎপরতা এড়াতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিরাসহ নজরদারিতে রয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সাইবার ক্রাইম টিমের মনিটরিংয়ের আওতায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।




নেত্রকোণায় ট্র্যাজেডি দিবস পালিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় জেএমবি’র বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গীবাদী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল বুধবার ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে।

নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে সকাল ৯টা ৩০ মিনিটে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। সকাল ৯টা ৩০ মিনিটে নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করার পর বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য ১০.৪০ মিনিট থেকে ১০.৪৫ মিনিট পর্যন্ত রাস্তায় যে যেখানে ছিল সেখানেই ৫ মিনিট নিরবে দাড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচী পালন করে।

এ সময় সড়কে চলাচলরত সকল প্রকার যানবাহন ৫ মিনিটের জন্য থমকে দাঁড়ায়। সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। ১২টায় শহীদদের কবর জিয়ারত, শশ্মানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ পরিবারবর্গের সাথে সাক্ষাত অনুষ্ঠিত হয়। বিকালে স্থানীয় শহীদ মিনারে সন্ত্রাস মৌলবাদ ও সা¤প্রদায়িকতা বিরোধী সমাবেশ এবং প্রতিবাদী গণজাগরণী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




সেনবাগের জয়নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ৮ ডিসেম্বর ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ১ম আবুল কাশেম মানিক ২য় নূরনবী ৩য় আ. ফ. ম ফজলুল হক ৪র্থ নুরুল ইসলাম ।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সেনবাগ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আহম্মদ নির্বাচন পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা আনোয়ার। নব নির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিজবাগ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল। উপস্হিত ছিলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক বর্ষসেরা টপটেন মোঃ বদিউজ্জামান ( তুহিন) স্বদেশ কন্ঠ প্রতিদিন এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও জাতীয় দৈনিক বিজয় বাংলাদেশের জেলা প্রতিনিধি রিয়াজুল সোহাগ বিজবাগ ইউনিয়ন যুবলীগ সভাপতি ত্যাগী নেতা নজরুল ইসলাম ( খোকন) সহ প্রমুখ নেতৃবৃন্দ ।




সেনবাগে দরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় দফায় ঢেউটিন বিতরণ করেছে সেনবাগ থানা পুলিশ

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

সেনবাগে দরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় দফায় ঢেউটিন বিতরণ করেছে সেনবাগ থানা পুলিশ। নোয়াখালীর বিজ্ঞ আদালতের আদেশনুযায়ী নিস্পত্তিকৃত মামলায় জব্দকৃত আলামত বৃহস্পতিবার সকালে থানা চত্বরে দরিদ্রদের মাঝে এ ঢেউটিন বিতরণ করা হয়।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী,এস আই সোহেল, এস আই মিথুন,এ এস আই লোকেন সহ প্রমুখ।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান ১ম দফায় উপজেলার ৫টি ইউনিয়নের ২৫ টি দরিদ্র পরিবারের মাঝে ১৬ পিস করে ৪০০পিস ঢেউটিন বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ঢেউটিনসমুহ ২য় দফায় ৩৩ পরিবারকে ১৫পিস করে ৪ ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৬০ দরিদ্র পরিবারের মাঝে প্রায় নয়শত ঢেউটিন বিতরন করা হয়।




একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আজ থেকে আবেদন শুরু

বিভিন্ন কলেজ-মাদরাসায় একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এবারও তিন দফায় আবেদন গ্রহণ করে একাদশে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না। আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে। ১ ফেব্রুয়ারি একাদশে ক্লাস শুরু করবেন সদ্য এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা। বুধবার এসব তথ্য জানিয়ে একাদশে ভর্তির নীতিমালা জারি করা হয়েছে।

অনলাইনে আবেদন :

জানা গেছে, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থী ৩২৮ টাকা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

তবে, যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে।

তিন ধাপে আবেদন ও ফল প্রকাশ :

জানা গেছে, ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৮ ডিসেম্বর। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন, আবেদনের যোগ্য হলে তাদেরও এ সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর প্রথম ধাপের আবেদন যাচাই বাছাই ও আপত্তি-নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষার ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে ২৬ ডিসেম্বর। একই দিন আবেদন করা শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তনের সময় পাবেন। আগামী ৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একইদিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি।

ভর্তি ও ক্লাস শুরু :

আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে। ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।




কাল সারাদেশে বিক্ষোভ ডেকেছে বিএনপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

নয়াপল্টনের আকস্মিক ঘটনায় বুধবার বিএনপির সিনিয়র নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল। সেখানে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম জানান, ‘সরকারের নীতিনির্ধারকরা নানা উসকানিমূলক বক্তব্যে আগেই বলছিলেন যে এমন ঘটনা ঘটাবেন। এটি শুধু বিএনপির ওপর আঘাত নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত। সরকার পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, অন্যায় ও পাশবিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাদের আটক করা হয়েছে। আজ (বুধবার) প্রায় ছয় শতাধিক নেতাকর্মী আটক হয়েছেন।

বুধবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে‌ অভিযান শুরু করে। এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে দেওয়া হয়।

তবে মির্জা ফখরুল সেখানে না ঢুকে কার্যালয়ের সামনে অবস্থান নেন। রাত ৮টার দিকে তিনি সেখান থেকে চলে যান।