নরসিংদীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে স্থানীয় শান্তিপুর বাজারে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত চেয়ারম্যান মানিকের ভাই বারসন মিয়া জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মিয়ার সমর্থকরা গুলি করে মানিককে হত্যা করেছে। তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জাফর ইকবাল মানিক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুইবার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং একই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন মোঃ ফিরোজ মিয়া। তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ইউনিয়ন যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিক।

এরই জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকাছাড়া ছিল ফিরোজ সমর্থিত লোকজন।
গতকাল শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুটি পক্ষ বৈঠক করে। সমঝোতা না মেনে সভা থেকে উঠে যায় ফিরোজের লোকেরা। আজ শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে শান্তিপুর বাজারে যান মানিক। এ সময় তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়েছি, ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।’




নরসিংদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

মোঃ মোবারক হোসেন ,নরসিংদী প্রতিনিধি

” অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতা ভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৩রা ডিসেম্বর) সকাল ১১টায় নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাসুদুল হাসান তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম ইবনুল হাসান ইভেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ এন এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল ইসলাম সোহাগ ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী।

প্রধান অতিথি শারীরিকভাবে ও মানসিকভাবে যাদের চ্যালেঞ্জ সমাজের সেই প্রিয় মানুষদের বিশ্ব বিখ্যাত সবচেয়ে মেধাবী প্রতিবন্ধী ব্যক্তি বিজ্ঞানের বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের উদাহরণ টেনে বলেন, সে কথা বলতে পারেনা কিন্তুু তার মস্তিষ্ক এতই সার্প এতই ধারালো যে তাঁর কথা না বলা বা শারীরিক চলাচল না করা কোন কিছুই তাঁর সাফল্যের বাঁধা হতে পারেনি। তিনি আরোও বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ।

অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে কাউকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আলোচনা সভায় এনজিও ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়”দ্যুতিময় দুয়ার” এর প্রধান শিক্ষক স্পেশাল এডুকেটর মোঃ জসিমউদ্দিন সরকার, পাপড়ীর নির্বাহী পরিচালক আবুল বাছেদ, পিডিএস রায়পুরার মোঃ তাজুল ইসলাম, নরসিংদী লায়ন্স হাসপাতালের ইনক্লুশন অফিসার মোঃ আঃ রহিমসহ প্রতিবন্ধীদের পক্ষে সফল প্রতিবন্ধীগণ।




রাজশাহীর গণসমাবেশের মঞ্চে মির্জা ফখরুল


রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে উঠেছেন দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর ১টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠের এই সমাবেশের মঞ্চে ওঠেন তিনি। সঙ্গে আছেন কেন্দ্রীয় নেতারাও। সমাবেশের মূল মঞ্চ ছাড়িয়ে আশপাশের সড়কে মানুষজন ছড়িয়ে পড়েছে।

সমাবেশস্থল ও আশপাশ ঘুরে দেখা গেছে, সমাবেশকে ঘিরে মামলা, গ্রেপ্তারে দীর্ঘদিন কোণঠাসা বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত।

বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে¡ শুরু হয়।
বিএনপির পূর্বঘোষিত এই সমাবেশে আসতে পরিবহন-সংকট এবং পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে নেতা-কর্মীদের। এ অবস্থাতেই নানা কৌশলে সমাবেশে যোগ দিতে রাজশাহীতে ঢোকেন তারা।




আমদানি বাড়াতে ডলার দেবে কেন্দ্রীয় ব্যাংক

রোজা শুরু হতে বাকি মাত্র সাড়ে তিন মাস। আগামী মার্চে শবে বরাত, এর ১৫দিন পর শুরু হবে রমজান মাস। এ হিসাবে রোজা-নির্ভর পণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডলার সংকটে যাতে আমদানি ব্যাহত না হয় সে ব্যাপারে ইতোমধ্যে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেমিট্যান্স ও রপ্তানির খাতের যে ডলার ব্যাংকের হাতে থাকবে তা দিয়ে এসব পণ্যের আমদানির এলসি খুলতে হবে। একই সঙ্গে এ খাতে আরও ডলারের প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে জোগান দেবে। রোজা-নির্ভর পণ্যের মধ্যে ডাল, ছোলা, পেঁয়াজ, ফল, চিনি, দুধ, ভোজ্যতেল বেশি আমদানি করতে হয়। অন্য সময়ের তুলনায় রোজা উপলক্ষ্যে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। যে কারণে সরবরাহও বাড়াতে হয়। এ লক্ষ্যে রমজান মাস শুরুর কমপক্ষে ৪ মাস আগে থেকেই এ ধরনের পণ্য আমদানির এলসি খুলতে হয়। সেগুলো আমদানি হয়ে পরিশোধনের মাধ্যমে বাজারে যেতে কমপক্ষে ৩ থেকে চার মাস সময় লাগে।

রোজা শুরুর আগেই বিশেষ করে শবে বরাতের সময় থেকে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। এ হিসাবে হাতে সময় তিন মাস। ইতোমধ্যে দুগ্ধ জাতীয় পণ্য ও ভোজ্যতেলের এলসি এবং আমদানি দুটোই বেড়েছে। ডালের এলসি বেড়েছে, আমদানি কমেছে। চিনির এলসি কমেছে, আমদানি বেড়েছে। ফল ও পেয়াজের এলসি ও আমদানি দুটোই কমেছে।

বৈশ্বিক মন্দার মধ্যেই এবার রমজান আসছে। ডলারের সংকটের কারণে একদিকে কেন্দ্রীয় ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে রোজা-নির্ভর পণ্যের আমদানি বাড়াতে হচ্ছে। ফলে এ খাতে এবার বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে প্রধানমন্ত্রীও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন, খাদ্যপণ্যের এলসি খোলা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে। এসব পণ্যের এলসি খুলতে ডলারের জোগান বাড়ানোরও নির্দেশ দেন তিনি। তার ওই নির্দেশ পেয়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে সতর্ক করেছে।




ঢাবিতে দুর্ঘটনায় নারীর মৃত্যু : সড়ক পরিবহন আইনে মামলা

রাজধানীর শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নিহত রুবিনা আক্তারের ভাই রাকিব হোসেন বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানীকে আসামি করা হয়েছে।

নিহত রুবিনা আক্তার (৫৫) রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা। শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, রুবিনা আক্তার তেজগাঁওয়ের বাসা থেকে তার বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে ঢামেকে নেওয়া হলেও প্রাণ ছিল না তার দেহে।

দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালককে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। তার নাম জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে গণধোলাইয়ের সময় পরিচয় দেন। পরে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢামেক হাসপাতালে গিয়ে ওই শিক্ষকের পরিচয় নিশ্চিত করেন।




ফরিদপুরের সদরপুরে পুলিশ-বিএনপির পাল্টা ধাওয়ায় আহত-৪ পুলিশ

ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কবির মোল্যাকে সদরপুর থানা পুলিশ আটক করার কারনে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় কবির মোল্যাকে আটকের প্রতিবাদে বিএনপির সমর্থকরা সড়কে টায়ার জ্বালানি সড়ক অবরোধ করে। ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবী বিএনপির সমর্থকরা ইট ককটেল, দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালালে পুলিশও পাল্টা হামলা চালায়। এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান, আমরা হঠাৎ খবর পেলাম বিএনপির কিছু নেতাকর্মী সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় জড়ো হয়েছে। তারা মারমুখী আচরণ করছে। রাস্তায় বেড়িকেট দিয়ে যানবাহন আটকে রেখেছে।

রাস্তার উপরে টায়ারে আগুন ধরিয়েছে এবং বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়েছে। আমরা এ খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশের দুই তিনটি টিমই সেখানে চলে যাই। ঘটনা স্থলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খুব উচ্ছৃঙ্খল অবস্থায় শ্লোগান দিতে দেখি। ওরা ছোট ছোট ককটেল বোমা এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ধাওয়া দেয় এবং সাথে সাথে আমরাও পাল্টা ধাওয়া দেই। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট মারি। ফায়ারসার্ভিসের মাধ্যম আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে আমরা ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে নেই এবং অবস্থা স্বাভাবিক করি। আমাদের অভিযান চলছে, আমরা একজন কে গ্রেফতার করেছি, আমাদের অভিযান অব্যহত থাকবে।

যারা এ ঘটনার সাথে জরিত এবং যারা এ ঘটনার জন্য সমবেত হয়েছে তাদেরকে অভিযানের মাধ্যমে গ্রেফতার করবো সেই সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। আমরা কিছু দেশীয় অস্ত্র, ককটেলের বিস্ফোরিত এবং অবিস্ফোরিত অংশবিশেষ উদ্ধার করেছি। এ ঘটনায় আমাদের চারজন পুলিশ আহত হয়েছে। জানা যায়, ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল, ফরিদপুর)।তিনি সদরপুর থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেন।




নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর ঘোড়াশালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২রা ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এলপিজি কারখানার সড়কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ চৈতারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। সে চলতি বছর শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল। পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মিলে শাকিল ঘোড়াশালে তার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক সড়কের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের কারখানার সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা প্রাণ আরএফএলের একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেটিকে চাপা দেয়।

এসময় শাকিল ও তার বন্ধু আনিছুর গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে শাকিলের মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানায়, দুর্ঘটনার একজনের মৃত্যু ও একজনের আহতের খবর শুনেছি।




বশেমুরবিপ্রবিতে বিজিই বিভাগের আয়োজনে ‘টু মিনিটস বায়ো-টক’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট অব বাংলাদেশ (এনওয়াইবিবি) আয়োজনে ‘টু মিনিটস বায়ো-টক’ অনুষ্ঠিত হয়েছে৷
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনোলজিস্টস অফ বাংলাদেশ (এনওয়াইবিবি) এর বশেমুরবিপ্রবি স্টুডেন্টস চ্যাপ্টার কর্তৃক প্রতিযোগিতাটি আয়োজিত হয়।

গত বুধবার (৩০ নভেম্বর) বশেমুরবিপ্রবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে আয়োজিত হয়েছে ‘টু মিনিটস বায়ো-টক’ শীর্ষক সাইন্টিফিক প্রেজেন্টেশন প্রতিযোগিতার তৃতীয় এপিসোড। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিজিই বিভাগের একদল উদ্যমী শিক্ষার্থী। অনুষ্ঠানটিতে বশেমুরবিপ্রবির বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি মোঃ শাহাবউদ্দিন এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব। এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল-জোবায়ের, প্রভাষক ইমদাদুল হক সোহাগ ও রিজওয়ান মাহমুদ।

প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয় অয়ন বালা (বিজিই ২য় বর্ষ), ১ম রানার্সআপ কাজী ইফতি আরাফাত (৪র্থ বর্ষ), ২য় রানার্সআপ অনন্যা চন্দ (২য় বর্ষ)। বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন বিভাগের শিক্ষকবৃন্দ।

এনওয়াইবিবি বাংলাদেশের বায়োটেকনোলজি বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি বৃহৎ প্লাটফর্ম। বায়োটেকনোলজি সেক্টর এর সকল শিক্ষার্থী ও প্রফেসনালসদের একত্রিত করার লক্ষে এনওয়াইবিবি যাত্রা শুরু করে। এটি বর্তমানে ৩৫ টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ৫৪০০ বায়োটেকনোলজি উচ্চাকাঙ্খীদের সম্মিলিত প্লাটফর্ম।

আয়োজকদের মধ্যে থেকে মোঃ ফাহিম ইসরাক বলেন, এনওয়াইবিবি বাংলাদেশের বায়োটেকনোলজি বিভাগের সকলকে এক ছাতার নিচে আনার জন্য কাজ করে যাচ্ছে। এলক্ষে এনওয়াইবিবি প্রতি বছর আয়োজন করে চলেছে বিভিন্ন সাইন্টিফিক প্রতিযোগিতা, ক্যারিয়ার ফেস্ট ও স্কিল ডেভলপমেন্ট ওয়ার্কশপ ইত্যাদি। দেশের প্রথম বায়োটেকনোলজি জার্নাল ক্লাবের পথচলাও এনওয়াইবিবি এর হাত ধরে। বশেমুরবিপ্রবি বিজিই বিভাগে ‘টু মিনিটস বায়ো-টক’ এপিসোড-৩ আয়োজনের জন্য আমরা আমদের বিভাগ ও শিক্ষকদের সর্বাত্মক সহযোগী পেয়েছি, ফলশ্রুতিতে আমরা সুন্দরভাবে প্রতিযোগিতাটির আয়োজন করতে পেরেছি।

এছাড়াও আয়োজনের পেছনে যাদের কথা না বললেই না তারা হলেন এনওয়াইবিবি বশেমুরবিপ্রবি স্টুডেন্ট মেম্বার শাফি মাহমুদ পিয়াল, নাজমুন নাহার, জান্নাতুল মাওয়া, সাজিদুর রহমান, ফারজানা প্রিমু, তাহেরাতুন নূর, রাশেদুজ্জামান।




দীর্ঘ ১১ বছর পর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন

মোঃ বদিউজ্জামান নোয়াখালী প্রতিনিধিঃ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১বছর পর ২ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলকে ঘিরে বিবদমান আওয়ামীলীগের ২ গ্রুপ ঐক্য হয়ে সম্মেলন সফল ও সার্থক করেছেন। এ উপজেলাটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা। এ উপজেলা বিগত ২ বছর দলীয় গ্রুপিং থাকায় ২ কর্মী ও ১ সাংবাদিক খুন হয়েছে । শতাধিক কর্মী আহত হয়েছে ও বেশ কয়েকটি মামলা হয়েছে ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রচেষ্টা বিরোধ নিষ্পত্তি হয়ে সম্মেলন উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে বসুরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরীর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধক নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন( এমপি) বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদিকা সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী উপস্হিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ন-আব্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি, রামপুর ইউপি চেয়ারম্যান সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা সিরাজিস সালেকিন ( রিমন) সম্মেলনে বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আপোষহীন নেতা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদল কাদের মির্জা কে সভাপতি ও সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল কে সাধারণ সম্পাদক বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রশিদ মন্জু ও সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল কে ঘোষণা করে ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়েছে ।




নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান , নিহত ৫

যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান ও হোটেলের মধ্যে ঢুকে গেলে চাপায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার শিশু পুত্র তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত ১০টি দোকানে আঘাত করে।

এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজনের মৃত্যু হয়।

মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।