লক্ষ্মীপুরে কলেজছাত্রকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাওন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার দায়ে শাহাদাত হোসেন শাকিল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শাহাদাত লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এছাড়া হত্যা মামলায় তিন নারীসহ আট আসামিকে খালাস দেন আদালত।

আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শাহাদাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

তারা হলেন- সোহেল পাটওয়ারী (৩৬), পরান পাটওয়ারী (৩১), পারভেজ পাটওয়ারী (৩৩), নুর আলম দুদী (৬১), নাজিম উদ্দিন (৪৯), তানিয়া আক্তার (২৬), ফেরদৌস বেগম (৩৭), সামছুর নাহার (৫৬)। এরা জামিনে মুক্ত ছিলেন।

ভিকটিম মো. শাওন (১৮) সদর উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা গেছে, হত্যার শিকার শাওন লেখাপড়ার সুবাধে তার খালার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের আব্দুল হালিম মাস্টারের বাড়িতে থাকতেন।

অভিযুক্তদের সঙ্গে তার খালাদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ঈদুল আজহার পরদিন দুপুরে অভিযুক্তরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে শাওনের খালাতো ভাই সালাহউদ্দিনসহ তাদের পরিবারের লোকজনের ওপর হামলা করেন।

এসময় শাওন এগিয়ে গেলে অভিযুক্তরা শাওনকে মারধর করেন। একপর্যায়ে শাহাদাত হোসেন শাকিল ধারালো অস্ত্র দিয়ে শাওনকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন নারীসহ ১০ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন শাওনের খালাতো ভাই সালাহউদ্দিন।

সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ময়নাল হোসেন খান ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মামলার ১০ নম্বর আসামি সাহাবুদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে বাকি নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে যাবজ্জীবন ও আটজনকে খালাস দেন।

এদিকে মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী সালাহউদ্দিন ও নিহত শাওনের বাবা তোফায়েল আহম্মদ।




নেত্রকোণায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত অজ্ঞাত ব্যাক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে স্থানীয় সিএনজি চালকরা এক ব্যাক্তির চিৎকার শুনতে পেয়ে রূপালী ব্যাংকের সামনে থেকে আহত এক অজ্ঞাত ব্যাক্তিকে উদ্ধার করে আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সকালে ওই ব্যাক্তির মৃত্যু হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রির্পোট করার পর লাশ মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে মৃত ব্যাক্তির পরিচয় জানতে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির সাথে হয়তো ধাক্কা খেয়েছিলো। তার শরীরে একটি হাতের আঙ্গুলসহ রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে।

পুলিশ জানায়, ভোর রাতে উপজেলার পৌর এলাকার রূপালী ব্যাংক সংলগ্ন রাস্তার পাশে হঠাৎ চিৎকার শুনতে পায় স্থানীয় সিএনজি চালকরা। তাদের ঘুম ভেঙ্গে গেলে দ্রুত ওই ব্যাক্তিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




এমপিওভুক্ত হয়েছেন আরও ১২১ শিক্ষক-কর্মচারী

বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ১২১ জন শিক্ষক-কর্মচারী হয়েছেন এমপিওভুক্ত । এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ৪৪ জন, ভোকেশনাল শিক্ষাক্রমের ৬০ জন ও বিভিন্ন কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ১৭ জন  শিক্ষক রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে পৃথক আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের এমপিও চলতি অক্টোবর মাস থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২১ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ ১২১ শিক্ষক-কর্মচারীর পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।




লক্ষ্মীপুরে যুবলীগের প্রস্তুতি সভা

লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের নেতাদের নিয়ে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলা টাউন হল মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। যুবলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।

অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন- যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সহ-সম্পাদক জয়নাল আবেদীন রিগ্যানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা এবং পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

এসময় বক্তারা আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে সকল দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ।




আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিল শুনানি শুরু হবে আজ সোমবার (৩১ অক্টোবর)।

আজ রোববার (৩০ অক্টোবর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দেড় যুগ আগের বর্বরোচিত ওই হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হন কয়েক শ নেতাকর্মী।

বহুল আলোচিত ওই মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অন্য আরও ১১ আসামিকে। পরে ওই বছরের ২৭ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছে।

আইনজীবীরা বলেন, ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন, যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে। পেপারবুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেওয়া হয়।

গত বছরের ১৬ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক বিজি প্রেস থেকে তৈরির পর সুপ্রিম কোর্টে এসে পৌঁছায়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।

তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন।




ইউ এস ট্রেড শোতে আগ্রহের শীর্ষে ছিল ‘ব্লেইজ্ ও স্কিন’

নিজস্ব প্রতিবেদক:
২৮ তম “ইউ এস ট্রেড শো ২০২২” শেষ হয়েছে। এবারের শো’তে ৭০ টিরও বেশি বুথে প্রদর্শিত হয়েছে বাংলাদেশে বিদ্যমান যুক্তরাষ্ট্রের সেরা পণ্যগুলো তিনদিন ব্যাপী মেলার শেষ দিন গতকাল মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সবচেয়ে বেশি আগ্রহ ছিল প্রথমবারের অংশ নেওয়া আমেরিকান কালার কসমেটিক ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’ প্যাভিলিয়নের পণ্যে।
এছাড়াও এই প্যাভিলিয়নে দেখা যায় নায়ক অনন্ত জলিল, নীরব, নায়িকা বর্ষা সহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সারদের। সংশ্লিষ্টরা জানান, ব্লেইজ্ ও স্কিন ব্র্যান্ডটি-এর মনমাতানো সুবাস জড়িত স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর জন্য বিখ্যাত। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের নিয়মিত ব্যবহার , ত্বকের সৌন্দর্য যেমন নিশ্চিত করে , পাশাপাশি এর মনমাতানো সুঘ্রাণ ভোক্তাকে প্রতিদিনের রূপচর্চায় আরও উদ্বুদ্ধ করে । এই ব্র্যান্ডের শাওয়ার জেল লাইন আপে আছে ‘স্ট্যারি নাইট’ এবং কোকোনাট ও ‘রেইনবো ওয়েসিস। বডি লোশন লাইন আপে আছে ট্রপিক্যাল ফ্রুট ও ক্ল্যাসি ফ্রেগরেন্সে সমৃদ্ধ ‘অ্যাম্বার সানশাইন’, ‘ মুন লাইট অরোরা। বডি জেলি লাইন আপে আছে লং লাস্টিং হাইড্রেটিং ইফেক্টযুক্ত ২ টি প্রোডাক্ট , ‘এন্ডলেস ওশান’ ও ‘ সামার স্মুদি ‘ । বডি স্ক্রাব লাইন আপে আছে ২ টি প্রোডাক্ট -‘কাম ক্লোজার ‘ এবং ফেস স্ক্রাব ‘ ব্রাশড টুগেদার ‘। আরও আছে বার্চ ওয়াটার, হাইড্রো লাইজড রাইস প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ ক্লাুড ফেস ক্রিম, ‘ওহ! ভ্যানিলা ‘। এছাড়াও এই ব্র্যান্ডে আছে হোয়াইট ব্ল্যাক ফেস মাস্ক ‘ নো কম্প্রোমাইজ’ স্লিপিং মাস্ক ‘- ‘এলিভেনথ আওয়ার ‘ , গ্রিন ক্লে মাস্ক- ‘ স্প্রিং ফ্রস্ট ‘ । ব্লেইজ্ ও স্কিনের ‘গ্লো ও টাইম’ লাইন আপে আছে বিভিন্ন কার্যকরী উপাদানে সমৃদ্ধ টোনার এবং সিরাম ।
মেকআপ রিমুভারের জন্য আছে ‘ওয়াইপ অফ ইঞ্জি’ নামের মাইসেলার ওয়াটার। বিখ্যাত মেকআপ আর্টিস্ট শাহিদা আহসান বলেন , আমেরিকার এই ব্র্যান্ডটি বাংলাদেশে প্রথমবারের মত যাত্রা শুরু করেছে । স্কিন ভাল রাখতে হলে ভাল স্কিনকেয়ার ব্র্যান্ড আবশ্যক। সেক্ষেত্রে ‘ব্লেইজ্ ও স্কিন’ ব্র্যান্ড আমারও পছন্দ এবং এর প্রোডাক্ট রেঞ্জ খুব গোছানো । নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী শায়রা নাফসিন বলেন, ‘ব্লেইজ্ ও স্কিনে’র প্রতিটি প্রোডাক্ট দেখতে যেমন লুক্রেটিভ , তেমনি এর ফ্রেগ্রেন্সও ভীষণ অ্যামেজিং।
আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কারণে রিসার্চের জন্য আমাকে সারা শহর , এমনকি শহরের বাইরেও যেতে হয় । কিন্তু শত ক্লান্তি সত্ত্বেও, আমি প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করি শুধুমাত্র এই রিল্যাক্সিং ফ্রেগ্রেন্সের কারণে । উল্লেখ্য, আমেরিকান বিভিন্ন পণ্য ও সেবা’র পাশাপাশি এই ট্রেড শো’তে ঢাকা দূতাবাসের সার্ভিসগুলোও তুলে ধরা হচ্ছে। এতে এদেশের ভোক্তারা যেমন আন্তর্জাতিকমানের পণ্য ব্যবহারের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।



ইসির নিবন্ধন চায় ৮০ রাজনৈতিক দল

নির্বাচন কমিশনের  কাছে রাজনৈতিক দলের স্বীকৃতি পেতে অথবা নিবন্ধনের জন্য ৮০টি নতুন দল আবেদন করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলগুলোকে নিবন্ধন নেয়ার জন্য আবেদনের সময়সীমা আজ শেষ হলো। রোববার আবেদনের শেষদিন এই তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সহকারী সচিব রওশন আরা বেগম। এর আগে, গত বৃহস্পতিবার পর্যন্ত ইসিতে ৪০টি দলের আবেদন জমা পড়ে। সেক্ষেত্রে শেষের দিন অর্থাৎ আজকে ৪০টি দল নিবন্ধনের আবেদন দিয়েছে।

ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন নিতে এ পর্যন্ত অন্তত ৮০টি দল নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছে। নতুন দল হিসেবে নিবন্ধিত হতে হলে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মহানগর থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকার শর্ত পূরণ করতে হবে।

ইসি জানায়, সবশেষ একাদশ সংসদ নির্বাচনের আগে ৭৬টি দল নিবন্ধনের জন্য আবেদন করলেও ২০১৮ সালে একটিও নিবন্ধন যোগ্য বিবেচিত হয়নি। আগ্রহী দলগুলো শর্তপূরণ করেছে বললেও যাচাই-বাছাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অবশ্য ভোটের পরে আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে দুটি দল। ইসি আরও বলেছে, প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দেয়ার জন্য আবেদন আহ্বান করার বিধান আছে। সে মোতাবেক ২৬শে মে দলগুলোর কাছে আবেদন আহ্বান করে ২৯শে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল।

২৯শে আগস্ট পর্যন্ত ১০টির মতো দল আবেদনপত্র তুলেছিল। এদের মধ্যে আবেদনপত্র জমা দিয়েছিল দু’টি দল। এরপরই সময় বাড়ানোর জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী দাবি জানালে আরও দুই মাস মেয়াদ বাড়ায় আউয়াল কমিশন।

তত্ত্বাবধায়ক সরকারের সময় ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো দলগুলোকে নিবন্ধন দেয়। সেসময় ১১৭টি দল আবেদন করেছিল। যাচাই-বাছাইয়ের পর নিবন্ধন পায় ৩৯টি দল। সবশেষ দল নিবন্ধনের জন্য ২০১৭ সালের ৩০শে অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তখন সময় দেয়া হয়েছিল ওই বছর ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

এতে নিবন্ধন পেতে আবেদন করেছিল ৭৬টি রাজনৈতিক দল। কে এম নুরুল হুদা কমিশন নানা কারণে সবার আবেদন বাতিল করেছিল। পরবর্তীতে আদালতের আদেশে নিবন্ধন পায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস। সবমিলিয়ে গত ১৪ বছরে মোট ৪৪টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি। এর মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিলও করা হয়। ফলে বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।




রামগঞ্জে ১০বছর পর বিএনপি’র কমিটি গঠন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

প্রায় ১০ বছর পর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা বিএনপি ও ৭ বছর পর পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

২৯ অক্টোবর (শনিবার) দিবাগত রাতে জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ন আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত রামগঞ্জ উপজেলা ৬১ ও পৌরসভায় ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন।

সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদকে উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপিকে সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামরুজ্জামানকে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়াকে সদস্য সচিব করে আগামী তিনমাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক পদে মোজাম্মেল হোসেন মজু, যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম মারুফ ভূইয়া, আবুল কাশেম, নজরুল ইসলাম পিন্টু, মজিবুর রহমান, ফয়েজ উল্যাহ ভূইয়াসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক পদে তোফায়েল হোসেন, যুগ্ন আহবায়ক পদে লোকমান হোসেন পাটোয়ারী, এম এ হাশেম বিএ, আওরঙ্গজেব বাবলু, আশরাফ হোসেন পাটোয়ারী, শাহ আলম শাহীনসহ ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, আগামী তিনমাসের মধ্যে সকল ইউনিটের সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে এবং আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ন আহবায়ক এর যৌথ স্বাক্ষরে রামগঞ্জ উপজেলাধীন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড কমিটি অনুমোদিত হবে।




লক্ষ্মীপুরে সেই ডিলারের এক লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে টিসিবি পণ্য মজুত রাখার দায়ে এসএম দিদার হোসেন মামুন নামের সেই ডিলারকে এক লাখ টাকা জারিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ আদেশ দেন।

এরআগে মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রায় ৩০০ কেজি খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন।

উদ্ধার তালিকায় রয়েছে- টিসিবি’র ২০০কেজি ডাল, ৪০কেজি চিনি ও ৬২লিটার তেল। উদ্ধারকৃত মালামাল উপজেলা প্রশাসনের হেফাজতে আছে।

জানা যায়, লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুনের কাছ থেকে টিসিবি’র এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের আফজাল পাটোয়ারীর ছেলে পাবেল ও তার সহযোগী ফারুক। পাবেল স্থানীয় চৌমুহনী পোল এলাকার একজন মুদি ব্যবসায়ী। অভিযানের খবর পেয়ে সটকে পড়ায় তাদের আটক করা যায়নি।

সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাতকৃত টিসিবি’র এসব পণ্য আটক করে।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে এসব পণ্য উদ্ধার করে নিজ হেফাজতে নেন। এসময় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও মেম্বার মমিন উল্লাহসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ ঘটনায় লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুন ও অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




লক্ষ্মীপুরে মুদি ব্যবসায়ীর ঘরে ৩০০ কেজি টিসিবি’র পণ্য

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে এক মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রায় ৩০০ কেজি খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন অভিযান পরিচালনা করেন।

উদ্ধারকৃত মালামালগুলো হচ্ছে – টিসিবি’র ২০০ কেজি ডাল, ৪০কেজি চিনি ও ৬২লিটার তেল। উদ্ধারকৃত মালামাল উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।

জানা গেছে, লক্ষ্মীপুর টের্ডাস ও মেঘা টের্ডাসের ডিলার মোহাম্মদ মামুনের কাছ থেকে টিসিবি’র এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের আফজাল পাটোয়ারীর ছেলে পাবেল ও তার সহযোগী ফারুক। পাবেল স্থানীয় চৌমুহনী পোল এলাকার একজন মুদি ব্যবসায়ী। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায় তাই তাদের আটক করা যায়নি।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাতকৃত টিসিবি’র এসব পণ্য আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে এসব পণ্য উদ্ধার করে নিজ হেফাজতে নেন। এসময় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও মেম্বার মমিন উল্লাহসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ ঘটনায় লক্ষ্মীপুর টের্ডাস ও মেঘা টের্ডাসের ডিলার মোহাম্মদ মামুন ও অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।