ট্রফি ভাঙা সেই ইউএনওকে বদলি

ফুটবল খেলার ট্রফি ভেঙে আলোচনায় আসা বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে বদলি করা হয়েছে। বান্দরবন থেকে তাকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়। মঙ্গলবার প্রজ্ঞাপনের বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে উপ‌জেলা নির্বাহী অফিসার হি‌সে‌বে ন্যস্ত কর্মকর্তা পদায়নকৃত অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার নিমিত্তে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জা‌রিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। খেলায় সমাপনী বক্তব্যে এবং পুরস্কার বিতরণ করার একপর্যায়ে ইউএনও জনসাধাণের ওপর ক্ষিপ্ত হয়ে ট্রফি (কাপ) ভেঙে ফেলেন।

এতে আলীকদম উপজেলায় বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ইউএনও বিরুদ্ধে সেখানে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়। এরমধ্যেই তাকে বদলি করা হলো।




পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে৫৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে পুণ্যার্থীদের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা শুধু বাড়ছেই। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। নিখোঁজ রয়েছেনে এখনো ৩০ জনের অধিক।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নদী থেকে আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদার উপজেলায় নদীতে এ
মরদেহগুলো ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মরদেহগুলোর নাম-পরিচয় জানা যায়নি।পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এর আগে, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটলে রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ২৫ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন ও স্থানীয়রা। ভোর থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়ায় ৫০ জনে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ২৫ জন, শিশু ১৩ জন এবং পুরুষ ১২ জন অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী।

রোববার (২৫ সেপ্টেম্বর) মহালয়া উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরের দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় একটি নৌকা উল্টে যায়।প্রত্যক্ষদর্শীরা বলছেন, নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। কিছু মানুষ সাঁতরে নদীর তীরে ফিরতে পারলেও অনেকেই নিখোঁজ থাকেন।

এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় জানান, এখন পর্যন্ত ৫৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন বাদে বাকি সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের সৎকারের জন্য ২০ হাজার টাকা ও আহতদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




রামগঞ্জে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের মতবিনিময় সভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের সাথে রামগঞ্জ উপজেলার সকল শ্রেনি-পেশার সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) কান্তিক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ।
এই সময়ে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. রুহুল আমিন., পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র ও এমপির স্থানীয় প্রতিনিধি বেলাল আহম্মেদ প্রমুখ।

এ সময় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন., মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও পূজা মন্ডপে কোনো রকম অনিয়ম চলবে না। আমার জেলার সকল জনগনের জানমালের সুরক্ষা করাই হচ্ছে আমার দায়িত্ব ও কর্তব্য। আমি যতক্ষন এই জেলায় আছি ততক্ষন আমার দায়িত্ব হচ্ছে এই জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা।

এসময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, উপজেলা পূজা কমিটির সদস্যবৃন্দু, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমীকলীহসহ রামগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল শ্রেনি- পেশার সুধীজন।




কোথাও মাঝারি ও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা

দেশের কোথাও মাঝারি ও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় সংস্থাটি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

খো. হাফিজুর রহমান জানিয়েছেন,মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।




নোয়াখালী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রমিত, সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়া

 মো. বদিউজ্জামান  (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নোয়াখালী জেলা কমিটি ৩ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।  এতে সভাপতি পদে ফাহাদ ইউছুফ হোসেন প্রমিত ও সাধারণ সম্পাদক পদে রহমত উল্যাহ ভূঁইয়া কে অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ  আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আগামী  ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ  করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার  জন্য নির্দেশ  প্রদান করা হয়েছে ।
গতকাল  সভাপতি সম্পাদক নোয়াখালী  পৌঁছে দলের  নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরবর্তীতে জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের কবর ও সাবেক এমএলএ,এমপি অধ্যাপক মোহাম্মদ হানিফের কবর জিয়ারত করেন ।



ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশন এবং উচ্চ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন বলেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শনিবার সন্ধ্যায় সড়কপথে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি এসে পৌঁছান।

আগে, প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর রাণী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে যুক্তরাজ্য (ইউকে) সফর শেষে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেন।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করে ২৩ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেন। ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত, শেখ হাসিনা বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের এবং রুদ্ধদ্বার বৈঠকের পাশাপাশি সরকার, রাষ্ট্র ও সংস্থার প্রধানদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।

আগামী ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বাসস।




ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আগামীকাল

ঈদে মিলাদুন্নবীর (সা.) কবে তা জানা যাবে আগামীকাল সোমবার (২৬ সেপ্টেম্বর)।

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে এদিন সন্ধ্যায় বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।




চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধ:

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের এর বিশেষ আয়োজনে “ আমি ও বিসিএস ক্যাডার হবো ” শীর্ষক সেমিনার মেধাবী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ টি- হোসেন বেগম বদরুন্নেসা হোসেন বৃওি প্রদান অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর সারাদিন ব্যাপি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুরুল হক।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোঃ আবু তাহের ব্যবস্থাপনা পরিচালক লাইফ কেয়ার হাসপাতাল লিঃ, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ কফিল উদ্দিন, ডাঃ রাবেয়া খানম, লালমাটিয়া মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যক্ষ নিলুফার শাহজাহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আবুল বাশার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চৌমুহনী সরকারি এস এ কলেজ।

এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্র বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা নোয়াখালী জেলার বিশেষ প্রতিনিধি পল্লী নিউজ ও নোয়াখালী সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান তুহিন, এ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদুল আমিন ফয়সল, মোঃ আবদুল্লাহ আল সায়েম সদস্য সচিব এ্যালামনাই এসোসিয়েশন, আরো উপস্থিত ছিল প্রয়াত বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ও বর্তমান বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগমের সুযোগ্য সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ইমরান নুর রফি, এয়ী রায় (তুলতুল), জোবেদা আক্তার মিলি, রাহিদুল ইসলাম, অভিসাহা। চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের দাতার উওরাধিকারী বাপ্পা সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ।




লক্ষ্মীপুরে জামায়াতের অফিসে পুলিশের অভিযান, আটক ২

লক্ষ্মীপুরে জামায়াতের একটি অফিসে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২ জনকে আটকও করেছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই গোপন সংবাদে শহরের দক্ষিণ তেহমুণী এলাকায় ওই অভিযান শুরু করে পুলিশ। পরে আবদুর রহমান (৫০) ও মো. সুমন (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়ে সদর উপজেলার বাসিন্দা।

বিকেল পৌনে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অফিসটি ঘিরে রেখেছেন।

 অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। জামায়াতের ওই অফিসে বিপুল পরিমাণ জিহাদি বই রয়েছে। পুলিশের অভিযান এখনও চলছে। এছাড়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও ঘটনাস্থলে আসার কথা রয়েছে।




বাংলাদেশ-কম্বোডিয়া বাণিজ্য সহযোগিতা জোরদার হচ্ছে

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তি  স্বাক্ষরে সম্মত হয়েছে। উভয় দেশের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সম্মত হওয়ায় এটি স্বাক্ষর হতে যাচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক আক্কা মোহা সেনা পাদেই টেকো হুন সেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর) এক দ্বিপক্ষীয় বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কার্যক্রমের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। এখানে তাঁর বাসস্থানের কক্ষে ‘দ্বিপক্ষীয় বৈঠক রুমে’ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সাথে এফটিএ’র চুক্তির ব্যাপারে তাঁর আগ্রহ ব্যক্ত করলে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এই প্রস্তাবে সম্মত হন।

এই বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশ থেকে বাংলাদেশে চাল রফতানির ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরে আগ্রহ ব্যক্ত করেন।