কবি শব্দের অর্থ হল ক্রান্তদর্শ, অর্থাৎ কোন বিষয়ের শেষসীমা দেখার ক্ষমতা: জসিম তালুকদার

কবি শব্দের অর্থ হল ক্রান্তদর্শী। অর্থাৎ কোন বিষয়ের শেষসীমা দেখার ক্ষমতা। কবি সেই ব্যক্তি বা সাহিত্যিক, যিনি কবিত্ব শক্তির অধিকারী এবং সাহিত্য রচনা, করেন। একজন কবি তার রচিত ও সৃষ্ট মৌলিক কথাকে লিখিত বা অলিখিত উভয়ভাবেই প্রকাশ করতে পারেন। একটি নির্দিষ্ট প্রেক্ষাপট, ঘটনাকে রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে কবিতায় হোক লিখার মাধ্যমে হোক প্রকাশ করতে পারে। আপনি নিয়মিত কবিতা লিখেন এবং নিজের কবিতাগুলো মানুষের মনে স্থান পেয়ে যাক, সেটাই আপনার প্রত্যাশা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনার প্রত্যাশা পূরণের সবচেয়ে সহজ মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক।

কিন্তু এখানেও অনেকেই ব্যর্থ হচ্ছেন। কবিতার পর কবিতা লিখে পোস্ট দিয়ে যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। তবে কিছু কৌশল অবলম্বন করলে সেটা খুব সহজেই সম্ভব হবে।

১. যাঁরা কবিতা লিখেন, নিজের মনের খোরাক থেকে কবিতা লিখে থাকেন। তবে কবিতা লেখায় সময় নিয়ে লিখতে হবে এবং অধিক যত্নশীল হতে হবে। যেমনভাবে একজন গর্ভধারিণী মা দশ মাস দশ দিন একটি সন্তান অতি যত্নে গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেন। তেমনিভাবে একজন কবি অতি যত্নশীল হয়ে সময় নিয়ে সুচিন্তিতভাবে তার কবিতার জন্ম দেবেন। জোর করে প্রসব করালে যেমন বিকলাঙ্গ কিংবা মৃত সন্তান জন্ম নেয়, কবিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।

২.কবিতা লেখা শেষ হলে বানানগুলো ভাল মতো চেক করে দেখতে হবে। কোথাও কোন ভুল থাকলে, সেটা সংশোধন করে নিতে হবে। তেমনিভাবে একটি কবিতা লিখে বানান ভুল চেক করে আপনার খুব কাছের কবি বন্ধুদের সামনে প্রদর্শন করুন এবং কবিতা সম্পর্কে যুক্তি সংগত মতামত নিন। উনাদের মতামতের ভিত্তিতে কোন পরিবর্তন প্রয়োজন মনে হলে, আপনি সেটা করে নিন। তবে হ্যাঁ, মতামতগুলো ইতিবাচক কিংবা নেতিবাচক হতে পারে। আপনি সবার মতামত অতি বিনয়ের সঙ্গে গ্রহণ করুন। এতে করে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন।

৩. সন্তান ভূমিষ্ঠের কিছু দিন পর যেমন অতি যত্ন করে সাজিয়ে গুছিয়ে জনসম্মুখে প্রদর্শন করা হয়। এবারে আপনার কবিতাটিও তেমনিভাবেই জনসম্মুখে প্রদর্শন করুন, মানে ফেসবুকে পোস্ট দিন। আপনার সন্তান দেখতে যেমন হোক, কেউ যেমন দেখতে কুৎসিত বলবে না। তেমনিভাবে আপনার কবিতা নিয়ে সাধারণত কেউ নেতিবাচক মন্তব্য করবে না। তাই আপনার কবিতা সম্পর্কে সবার কাছে যুক্তি সংগত মতামত চাইতে পারেন। এতে করে পাঠকের প্রতিক্রিয়া জানতে পারবেন এবং আপনি কবিতা লিখতে আরও যত্নশীল হতে পারবেন।

৪. আপনাকেই আপনার কবিতার যোগ্য মূল্যায়ন দাতা হতে হবে। আপনাকে নিজেই মূল্যায়ন করে বের করতে হবে, আপনার লেখা কোন কোন কবিতাগুলো অন্যান্য কবিতার চেয়ে অপেক্ষাকৃত ভাল এবং পাঠকের কাছে অধিক গ্রহণযোগ্য। আপনি এমন কিছু কবিতা নির্বাচন করে রাখুন, যে কবিতাগুলো কিছুদিন পর পর ফেসবুকে পোস্ট দেবেন। পাঠক যেন আপনার এই কবিতাগুলো ভুলে না যায়। আপনার এই ভাল মানের কবিতাগুলো পাঠককে বারে বারে পড়তে দিন। এক সময় দেখা যাবে, আপনার লেখা কিছু কবিতা পাঠক হৃদয়ে পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে। আপনার লেখা হাজার কবিতার মধ্যে একটি মাত্র কবিতা যদি পাঠক হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়, এটাই ধরে নিতে পারেন আপনার কবিতা লেখার সার্থকতা।

৫. ফেসবুকে অতিরিক্ত কবিতা পোস্ট হতে নিজেকে বিরত রাখুন। ফেসবুকে অতিরিক্ত কবিতা পোস্ট অনেক সময় আপনার পাঠকদের বিরক্তি সৃষ্টি করতে পারে। অতিরিক্ত কবিতা পোস্টের কারণে আপনার অসংখ্য কবিতার ভিড়ে ভাল মানের কবিতাগুলো চাঁপা পড়ে যায়। তাই নিজের সেরা লেখাটি ফেসবুকে পোস্ট দিতে চেষ্টা করুন এবং অপ্রকাশিত কবিতাগুলো পরিচর্যা করতে থাকুন।

৬. পরিশেষে, বেশি বেশি করে বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বিভিন্ন ধরনের বই পড়ার কারণে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। এতে করে অনেক উপমা দিয়ে কবিতা লেখা সম্ভব হয়। বিশেষ করে স্বনামধন্য কবিদের কবিতার বইগুলো মনোযোগ দিয়ে নিয়মিতভাবে পড়বেন। এতে করে খুব সুন্দরভাবে শব্দের অলঙ্কার, ছন্দের ঝংকার ও নান্দনিক প্রকাশ করে কবিতা লেখা সম্ভব হবে। ?লেখক : জসিম উদ্দীন মাহমুদ তালুকদার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম সাহিত্য কুটির ও পাঠাগার। চিকিৎসক, মানবাধিকার সংগঠক ও সংবাদকর্মী।




চরভদ্রাসনে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান চালিয়ে এক করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের ইউনিয়নের পূর্ব,বি,এস,ডাঙ্গী গ্রামে মোল্যা ‘স’ মিলস্ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। এসময় ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা আইন-২০১২’ আইনে ভ্রাম্যমাণ আদালতে উক্ত করাতমালিক মোঃ আব্দুর রশীদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে অন্যদের মধ্যে উপজেলা বন কর্মকর্তা মো. মোতালেব হোসেন মিয়া, চরভদ্রাসন থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।




এসএসসির কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশ নিষেধ

আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ বৃহস্পতিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।




চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান।

বিএসএমএমইউর ‘বি’ ব্লকের শহীদ ডা. মিল্টন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি খাতে হাসপাতাল ও মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে জানিয়ে সরকারপ্রধান বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ দেন।




আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন।

গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। সফর শেষ করে প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন।




নরসিংদীতে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে আলমারির ভেতর থেকে শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের আখড়া মন্দিরের পাশে আজিম উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া হানিফ মিয়া নামে এক ব্যক্তির ঘরের আলমারির ভেতর থেকে শিশু সায়মা (৮) এর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

নিহত শিশু সায়মা জাহান (৮) নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের যশোর গ্রামের মুন্সিবাড়ি এলাকার সারোয়ার জাহানের মেয়ে এবং চর মরজাল মডেল কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ভাড়াটিয়া হানিফা ও তার স্ত্রী শেলী বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সায়মা জাহান। সায়মাকে না পেয়ে পরিবারের লোকজন এলাকার বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। খোজাখুঁজির এক পর্যায়ে বিকাল বেলায় সায়মার সন্ধান কোথাও না পেয়ে প্রতিবেশি ভাড়াটিয়া হানিফ মিয়ার শিশু সন্তানের মাধ্যমে নিহত শিশুটির পরিবার জানতে পারে শিশু সায়মা তাদের ঘরেই আছে।

পরে ভাড়াটিয়া হানিফ মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আলমারির ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশু সায়মার লাশ উদ্ধার করে এলাকাবাসী । এঘটনায় জড়িত ভাড়াটিয়া হানিফা ও তার স্ত্রী শেলীকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। শিশু সায়মার স্বজনরা ধারণা করছেন সায়মা জাহানের কানে স্বর্ণের দুটি দুল ছিল। এই দুল দুটো নিতে গিয়ে সায়মাকে হত্যা করতে পারে। নিহতের স্বজন ও এলাকাবাসি শিশু সায়মা জাহানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.সালাউদ্দিন মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযোক্ত হানিফা ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তবে কি কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।




চলতি বছরেই চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট

চলতি বছরের শেষ নাগাদ ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করা যাবে বলে সংসদীয় কমিটিতে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা-নিউইয়র্ক ফ্লাইপ চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ঢাকা বিমান বন্দরে সাদা চামড়ারা বিশেষ করে নিউইয়র্ক থেকে নিরাপত্তার বিষয়ে পরিদর্শনে আসা ব্যক্তিদের তেমন কোন চেক না করে ছেড়ে দেওয়ায় তারা ঢাকা বিমান বন্দরের নিরাপত্তা বিষয়ে বিরূপ প্রতিবেদন দিয়েছে।

 এ দিকে প্রবাসী বাঙালি শ্রমিকরা দেশে আসলে বিমান বন্দরে তাদের বিভিন্ন রকমের হয়রানি করা হয়। যে কারণে ঢাকা নিউইয়র্ক ফ্লাইট চালুর ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে আরও ছিলেন নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক, খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ। এ ছাড়াও ভুটানে নিযুক্ত রাষ্ট্রদূত, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




রামগঞ্জে পিআইও অফিসে কর্মচারীদের কর্মবিরতিতে দুর্ভোগে সেবা গ্রহীতারা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের ৫ দফা দাবীর সঙ্গে সংহতি রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ পিআইও অফিসে চলছে কর্মবিরতি।
মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) সকাল থেকে ২য় দিনের মত এ কর্মবিরতি চলেছে। সোমবার (১২সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
এতে পিআইও অফিসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে আসা লোকজন সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে বলেন, প্রায় এক যুগ আগে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে।
অথচ এর আওতায় কমরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির উন্নীতকরণ প্রস্তাব ও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাজ্ঞিত আর্থিক সুবিধা পাচ্ছেন না। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরও বলেন, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘবে এবং মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত আক্রান্ত পরিশ্রম করেন তাঁরা হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
তাঁরা বাংলাদেশকে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু দুঃখের বিষয় ২০২২ সালেও বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অবহেলিত এবং বঞ্চিত। আর তাই দূর্যো ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত অর্ধ দিবসকর্ম বিরতি চলবে। দিলীপ দে আরো বলেন, আমাদের ৫টি যৌক্তিকদাবি নিয়ে অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী কল্যান পরিষদ গত ৮/১০ বছর ধরে সুশৃংখলভাবে আন্দোলন করে আসছে। তবে চলমান এই কর্মসূচীর যৌক্তিক দাবিগুলো যদি আদায় না হয় তাহলে পরবর্তিতে আরও কঠোর কর্মসূচীর ডাক দেওয়া হবে।



দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বুধবার

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ।

আগামীকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প নিয়ে ১৯ সেপ্টেম্বর (সোমবার) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইসির বৈঠকে জানানো হয়। বৈঠকের পর ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, তথ্য প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনায় কমিশনাররা যাচাই কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

তবে আজকের সভায় ইভিএমের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকের সভাটি স্থগিত করে দিয়েছেন। আমরা আশা করছি আগামী সোমবার পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, ইভিএমের বাজারদর যাচাই করার জন্য কয়েকদিন আগে কমিটি করে দেওয়া হয়েছিল। তারা এখনো তাদের কাজ শেষ করতে পারেনি। যাচাই শেষ হলে তারা পরবর্তী কমিশন সভায় সেটি তুলে ধরবেন। এরপর কমিশন সেটি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।




টানা বৃষ্টি ও জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপ ও পূর্ণিমা তিথির প্রভাবে তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটে। টানা বৃষ্টি ও জোয়ারে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন উপজেলার অন্তত শতাধিক গ্রাম।

এছাড়া সাগর উত্তাল থাকায় ট্রলার নিয়ে জেলেরা নিরাপদে আশ্রয় নিয়েছেন। এদিকে সাগরে লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। রোববার ও সোমবার দুপুরের জোয়ারে করমজল পর্যটন কেন্দ্রসহ বনের অধিকাংশ এলাকা তিন থেকে সাড়ে তিন ফুট পানিতে প্লাবিত হয়। মঙ্গলবারও কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।বাগেরহাট পৌর শহরের রাহাতের মোড়, সাধনার মোড়, পূর্ব বাসাবাটি, কেবিবাজারের পেছনে, পুরাতন বাজার ভূমি অফিসের সামনে, শালতলা-প্রেসক্লাব রোড, সদর থানার সামনে, টোলপ্লাজা থেকে বাসাবাটি সড়ক, মালোপাড়া, বাগেরহাট মাছ ও কাঁচা বাজারসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প, চরগ্রাম, বিষ্ণুপুরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কচুয়া উপজেলার ভান্ডারখোলা, নরেন্দ্রপুর, প্রতাপপুর, সাংদিয়া, আফরাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

মোরেলগঞ্জের প্রধান বাজার, উপজেলা পরিষদের অফিস চত্বর, তেলিগাতি, হোগলাপাশা, ফুলহাতাসহ বিভিন্ন ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। এছাড়া রামপাল, মোংলা, শরণখোলা উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, পূর্ণিমার জোয়ার ও টানা বৃষ্টিতে বেশ কিছু এলাকায় পানি উঠেছে। তবে এতে কোনো মানুষ বা প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি। সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকায় খোঁজ-খবর রাখছেন। কোথাও সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।