গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হব; তথ্যমন্ত্রী

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এফডিসিতে প্রয়াত এই গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এফডিসির নতুন ভবনে একটি জায়গা রয়েছে। সেখানে দেশের গুণী শিল্পী, গীতিকার, সুরকারদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিও সংরক্ষণ করা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি বেঁচে থাকলে দেশের সংস্কৃতাঙ্গন আরও সমৃদ্ধ হতো।’

সোমবার সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। তারপর বেলা ১২টার দিকে তাকে এফডিসিতে নেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা হয়।

এদিকে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। তারপর বনানী কবরস্থানে হবে গাজী মাজহারুল আনোয়ারের শেষ ঠিকানা।




শিক্ষাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মাউশিকে জানানোর নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটলে সে বিষয়ে ব্যবস্থা নিতে করতে দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

সোমবার (৫ জুলাই) মাউশির নিজস্ব ওয়েবসাইটে নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে।

এগুলো কোনোভাবেই কাম্য নয়। লক্ষ্য করা যাচ্ছে, এসব ঘটনা সম্পর্কে অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদফতরকে অবহিত করছে না। ফলে যথাযথ ও সময়মতো ব্যবস্থাগ্রহণ করা অধিদফতরের পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিস্তারিত ও দ্রুত অধিদফতরকে জানাতে হবে।

ad.hrm.dshe@gmail.com ই-মেইলে বিষয়গুলো জানাতে বলা হয়েছে।




ভারতের মাধ্যমে তেল কেনার পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

ভারতের মাধ্যমে তৃতীয় কোনো দেশের তেল কেনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, ভারত থেকে তেল কিনতে পারে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

এছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীশ ধনকড়ের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখা করবেন। দুই দেশের প্রতিনিধি পর্যায়ে আলোচনা শেষে সাতটি চুক্তি ও সমঝোতা সই হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার তেল কেনার বিষয়ে বলেন, অন্য তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। ভারতের তেল আমরা নিতে পারি। বাংলাদেশের মধ্য দিয়ে নর্থইস্ট স্টেটের পথে একটা কানেক্টিভিটি পাইপ লাইনও করা হয়েছে। এটার বিষয়ে অনেক কিছু হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে এনার্জি, বিদ্যুৎ জ্বালানি, খাদ্য সহযোগিতার বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেশ কয়েক বছর আগে হয়েছে। ভারতে উৎপাদিত বিদ্যুৎ আমরা নিয়ে আসছি এবং ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় শেষের দিকে। এ বছরের কোনো একটা সময় উদ্বোধন হবে।




বনানীতে বিপুল মাদকসহ জিএমজি গ্রুপের পরিচালক আটক

রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় বিপুল মাদক জব্দ করা হয়।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে বানানীর এম ব্লকের ১১ নম্বর রোডের ৭৭ নম্বরের বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

তল্লাশিকালে জিএমজি গ্রুপভুক্ত সামাহ রেজর ব্লেডস ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালককে আটক করা হয়েছে। তার নাম সেলিম সাত্তার।

বিষয়টি নিশ্চিত করেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, আগাম তথ্যের ভিত্তিতে বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্লাটে অভিযান চালিয়ে বিপুল বিদেশি লিকার, এমডিএমএ ও সিন্থেটিক গাঁজা উদ্ধার করা হয়েছে।

মেহেদী হাসান আরও জানান, এ ঘটনায় সেলিম নামে একজনকে আটক করা হয়েছে। যিনি নিজেকে কানাডিয়ান নাগরিক বলে দাবি করেছেন।

তিনি বাংলাদেশেরও নাগরিক। জিএমজি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালক তিনি। অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান মেহেদী হাসান।




‘‘জেলা পরিষদ নির্বাচন” আ’লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে।

আজ (৪ সেেপ্টম্বর) রোববার সকাল ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করবেন।

এই মনোনয়নপত্র বিতরণ আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।




সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা আমাকে নিয়ন্ত্রণ করা অন্যায় না। তবে আপনি সাংবাদিক হয়েছেন বলে কোনো একাউন্টিবিলিটি থাকতে পারে না, এটা ঠিক নয়। যাদি তাই মনে করেন, তাহলে আপনিও ভুল কাজ করবেন। খারাপ কাজ করবেন। সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেম অডিটোরিয়ামে সিটি রিপোর্টার্স ফোরাম আয়োজিত নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, কয়েকদিন আগে সুইডেনের একজন সাংবাদিকের সাথে কথা হয়েছে। একটা বিষয় নিয়ে তারা সংবাদ করেছিল।

যেখানে আমার প্রত্যেকটা নিউজের এগেইনেস্টে মামলা করার সুযোগ আছে। যার মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে সঠিক তথ্যের ভিত্তিতে নিউজটা করা হয়েছে কিনা। আমি সবসময় সাহসিকাতার সাথে কথা বলি। কারণ আমি মনি করি আপনাদেরই (সাংবাদিকদের) একজন আমি।

মন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের অনুষ্ঠানে আমি ব্যক্তিগত ভাবে উৎসাহ বোধ করি যোগ দিতে। কারণ তাদের অনুষ্ঠানে গেলে অনেক তথ্য উপাত্ত পেয়ে সমৃদ্ধ হওয়া যায়। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য অনেক। সত্য এগিয়ে নিতে সাহায্য করে, মিথ্যা ধ্বংস করে। সবকিছুর জন্য আইন থাকা প্রয়োজন। আইন সার্বজনীন। আমরা সবাই আইন মানতে অঙ্গীকারবদ্ধ। আইন মানার ক্ষেত্রে এটা যে সাংবাদিক হিসেবে করেছেন তা নয়। সাংবাদিকদের কোনো কমিটমেন্ট থাকবে না, এটা ঠিক না। আমি মন্ত্রী হিসেবে আমারও জবাবদিহিতা রয়েছে।




বিএনপি-পুলিশ সংঘর্ষ নারায়নগঞ্জ, নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাধা দেওয়ায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নগরীর বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ অনেকে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি ছাত্রদল যুবদলের শতাধিক মারাত্মক আহত হন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব রাজসহ দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‍্যালিতে বিনা উস্কানিতে পুলিশ বাধা দিয়েছে ও গুলি চালিয়েছে। অথচ আমরা অনুমতি নিয়েই কর্মসূচি করছিলাম।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, পরে বিস্তারিত জানাব।




সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতি বাতিলের রায় আপিলে স্থগিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে, গত ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট। আদালত বলেন, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১(১) ধারা বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।




আজ বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা: বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি: বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সব কার্যালয়ে ভোর ৬ টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে।

দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ করবেন।

বিকেল ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিতে বিএনপির জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোষ্টার প্রকাশিত হয়েছে এবং আজ বিভিন্ন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হবে।

এছাড়া ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর গুলিস্থানস্থ মহানগর নাট্যমঞ্চে দুপুর ২টা ৩০ মিনিটে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জাতীয় ও কেন্দ্রীয় নেতারাসহ দেশবরেণ্য ব্যক্তিরা অংশ নেবেন।

অনুরূপভাবে দেশব্যাপী জেলা ও মহানগরসহ সব ইউনিট বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে। স্থানীয় সুবিধানুযায়ী আলোচনা সভা , র‌্যালি ইত্যাদি কর্মসূচি পালনে তারা উদ্যোগ নেবেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,. রাজনীতিতে আসার আগেও জিয়াউর রহমানের একটি ঘটনাবহুল জীবন রয়েছে। সৈনিক জীবন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, রাষ্ট্র পরিচালনা সবত্রই তাঁর একটি সমুজ্জ্বল ভূমিকা রয়েছে, যা জাতি কোনোদিন ভুলতে পারবে না।

জিয়াউর রহমানের শাহাদত বরণের পর দলের বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এক যুগ সন্ধিক্ষণে দলের দায়িত্ব নিয়ে একের পর এক ঐতিহাসিক ভূমিকা পালন করেন। স্বৈরাচারী এরশাদের আমলে তিনি আন্দোলন করে আপসহীন নেত্রী উপাধি পান। তাঁর নেতৃত্বে বিএনপি তিনবার ক্ষমতায় আসীন হয়।
১৯৮৩: ওই বছরের ১ এপ্রিল বিএনপির বর্ধিত সাধারণ সভা থেকে খালেদা জিয়াকে দলের ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়।

আগস্ট ১৯৮৪: বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন এবং বিএনপিতে নতুন প্রাণের সৃষ্টি হয়। নেতাকর্মীরা নতুন আশার আলোয় আবারো রাজপথে নেমে আসেন। এরপর খালেদা জিয়ার ওপর নানাবিধ হুমকি আসতে থাকে, চক্রান্ত চলতে থাকে তাকে ব্যর্থ করে দেওয়ার। কিন্তু অকুতোভয়, সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ ও গণতন্ত্রের পথে পথ চলতে আপসহীন ভূমিকা নিয়েছিলেন তিনি।

১৯৯০ স্বৈরাচারের পতন: স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে একলা এগিয়ে চলেন খালেদা জিয়া। এ সময় আন্দোলন করে অসহনীয় জুলুম নির্যাতন সহ্য করেন এবং ‘গণআন্দোলন’ সংগঠিত করেন। ১৯৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের একদফা আন্দোলনের ডাকে দেশের মানুষ রাজপথে নেমে আসে। ফলে এরশাদ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন। খালেদা জিয়ার গণআন্দোলন সফল হয়, দেশে ফিরে আসে গণতন্ত্র। সে সময় খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে দেশবাসীর মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয় এবং তিনি ‘দেশনেত্রী’ আখ্যায়িত হন।

১৯৯১ সাধারণ নির্বাচন: খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রের বিজয়ের ফলে ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে এককভাবে সরকার গঠন করে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।




মাধ্যমিকে ক্লাস চলবে যেভাবে

ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি কার্যকর হওয়ার প্রেক্ষিতে ৬ দিনের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে ৫ দিনের জন্য পরিমার্জিত সময়সূচি প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ নতুন শ্রেণি কার্যক্রম ঘোষণা করেছে। পরিমার্জিত সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার ষষ্ঠ-দশম শ্রেণিতে প্রতিদিন ৭টি করে ক্লাস হবে।

এতে বলা হয়, ইতোমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার ও শনিবার ২ দিন সাপ্তাহিক ছুটি কার্যকর করা হয়েছে । শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমের বিষয় কাঠামো অক্ষুণ্ন রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলিত সময়সূচি পরিমার্জন করা হলো।
ষষ্ঠ থেকে দশম শ্রেণি: রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি করে সপ্তাহে মোট ৩৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।

এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট ও বিরতি ৩০ মিনিটসহ মোট ৬ ঘণ্টা ১০ মিনিট।

একাদশ ও দ্বাদশ শ্রেণি: প্রতিটি শ্রেণি কার্যক্রমের  ব্যাপ্তি হবে ৫০ মিনিট। বাংলা, ইংরেজি এবং শাখাভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে প্রতি বিষয়ে ৫ টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য ৩টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে । অর্থাৎ সপ্তাহে মোট ২ টি (২৫ +৩) শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য ৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।