চরভদ্রাসনে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান চালিয়ে এক করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের ইউনিয়নের পূর্ব,বি,এস,ডাঙ্গী গ্রামে মোল্যা ‘স’ মিলস্ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। এসময় ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা আইন-২০১২’ আইনে ভ্রাম্যমাণ আদালতে উক্ত করাতমালিক মোঃ আব্দুর রশীদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে অন্যদের মধ্যে উপজেলা বন কর্মকর্তা মো. মোতালেব হোসেন মিয়া, চরভদ্রাসন থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।




এসএসসির কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশ নিষেধ

আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ বৃহস্পতিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।




চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান।

বিএসএমএমইউর ‘বি’ ব্লকের শহীদ ডা. মিল্টন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি খাতে হাসপাতাল ও মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে জানিয়ে সরকারপ্রধান বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ দেন।




আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন।

গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। সফর শেষ করে প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন।




নরসিংদীতে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে আলমারির ভেতর থেকে শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের আখড়া মন্দিরের পাশে আজিম উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া হানিফ মিয়া নামে এক ব্যক্তির ঘরের আলমারির ভেতর থেকে শিশু সায়মা (৮) এর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

নিহত শিশু সায়মা জাহান (৮) নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের যশোর গ্রামের মুন্সিবাড়ি এলাকার সারোয়ার জাহানের মেয়ে এবং চর মরজাল মডেল কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ভাড়াটিয়া হানিফা ও তার স্ত্রী শেলী বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সায়মা জাহান। সায়মাকে না পেয়ে পরিবারের লোকজন এলাকার বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। খোজাখুঁজির এক পর্যায়ে বিকাল বেলায় সায়মার সন্ধান কোথাও না পেয়ে প্রতিবেশি ভাড়াটিয়া হানিফ মিয়ার শিশু সন্তানের মাধ্যমে নিহত শিশুটির পরিবার জানতে পারে শিশু সায়মা তাদের ঘরেই আছে।

পরে ভাড়াটিয়া হানিফ মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আলমারির ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশু সায়মার লাশ উদ্ধার করে এলাকাবাসী । এঘটনায় জড়িত ভাড়াটিয়া হানিফা ও তার স্ত্রী শেলীকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। শিশু সায়মার স্বজনরা ধারণা করছেন সায়মা জাহানের কানে স্বর্ণের দুটি দুল ছিল। এই দুল দুটো নিতে গিয়ে সায়মাকে হত্যা করতে পারে। নিহতের স্বজন ও এলাকাবাসি শিশু সায়মা জাহানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.সালাউদ্দিন মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযোক্ত হানিফা ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তবে কি কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।




চলতি বছরেই চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট

চলতি বছরের শেষ নাগাদ ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করা যাবে বলে সংসদীয় কমিটিতে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা-নিউইয়র্ক ফ্লাইপ চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ঢাকা বিমান বন্দরে সাদা চামড়ারা বিশেষ করে নিউইয়র্ক থেকে নিরাপত্তার বিষয়ে পরিদর্শনে আসা ব্যক্তিদের তেমন কোন চেক না করে ছেড়ে দেওয়ায় তারা ঢাকা বিমান বন্দরের নিরাপত্তা বিষয়ে বিরূপ প্রতিবেদন দিয়েছে।

 এ দিকে প্রবাসী বাঙালি শ্রমিকরা দেশে আসলে বিমান বন্দরে তাদের বিভিন্ন রকমের হয়রানি করা হয়। যে কারণে ঢাকা নিউইয়র্ক ফ্লাইট চালুর ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে আরও ছিলেন নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক, খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ। এ ছাড়াও ভুটানে নিযুক্ত রাষ্ট্রদূত, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




রামগঞ্জে পিআইও অফিসে কর্মচারীদের কর্মবিরতিতে দুর্ভোগে সেবা গ্রহীতারা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের ৫ দফা দাবীর সঙ্গে সংহতি রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ পিআইও অফিসে চলছে কর্মবিরতি।
মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) সকাল থেকে ২য় দিনের মত এ কর্মবিরতি চলেছে। সোমবার (১২সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
এতে পিআইও অফিসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে আসা লোকজন সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে বলেন, প্রায় এক যুগ আগে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে।
অথচ এর আওতায় কমরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির উন্নীতকরণ প্রস্তাব ও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাজ্ঞিত আর্থিক সুবিধা পাচ্ছেন না। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরও বলেন, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘবে এবং মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত আক্রান্ত পরিশ্রম করেন তাঁরা হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
তাঁরা বাংলাদেশকে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু দুঃখের বিষয় ২০২২ সালেও বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অবহেলিত এবং বঞ্চিত। আর তাই দূর্যো ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত অর্ধ দিবসকর্ম বিরতি চলবে। দিলীপ দে আরো বলেন, আমাদের ৫টি যৌক্তিকদাবি নিয়ে অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী কল্যান পরিষদ গত ৮/১০ বছর ধরে সুশৃংখলভাবে আন্দোলন করে আসছে। তবে চলমান এই কর্মসূচীর যৌক্তিক দাবিগুলো যদি আদায় না হয় তাহলে পরবর্তিতে আরও কঠোর কর্মসূচীর ডাক দেওয়া হবে।



দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বুধবার

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ।

আগামীকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প নিয়ে ১৯ সেপ্টেম্বর (সোমবার) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইসির বৈঠকে জানানো হয়। বৈঠকের পর ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, তথ্য প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনায় কমিশনাররা যাচাই কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

তবে আজকের সভায় ইভিএমের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকের সভাটি স্থগিত করে দিয়েছেন। আমরা আশা করছি আগামী সোমবার পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, ইভিএমের বাজারদর যাচাই করার জন্য কয়েকদিন আগে কমিটি করে দেওয়া হয়েছিল। তারা এখনো তাদের কাজ শেষ করতে পারেনি। যাচাই শেষ হলে তারা পরবর্তী কমিশন সভায় সেটি তুলে ধরবেন। এরপর কমিশন সেটি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।




টানা বৃষ্টি ও জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপ ও পূর্ণিমা তিথির প্রভাবে তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটে। টানা বৃষ্টি ও জোয়ারে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন উপজেলার অন্তত শতাধিক গ্রাম।

এছাড়া সাগর উত্তাল থাকায় ট্রলার নিয়ে জেলেরা নিরাপদে আশ্রয় নিয়েছেন। এদিকে সাগরে লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। রোববার ও সোমবার দুপুরের জোয়ারে করমজল পর্যটন কেন্দ্রসহ বনের অধিকাংশ এলাকা তিন থেকে সাড়ে তিন ফুট পানিতে প্লাবিত হয়। মঙ্গলবারও কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।বাগেরহাট পৌর শহরের রাহাতের মোড়, সাধনার মোড়, পূর্ব বাসাবাটি, কেবিবাজারের পেছনে, পুরাতন বাজার ভূমি অফিসের সামনে, শালতলা-প্রেসক্লাব রোড, সদর থানার সামনে, টোলপ্লাজা থেকে বাসাবাটি সড়ক, মালোপাড়া, বাগেরহাট মাছ ও কাঁচা বাজারসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প, চরগ্রাম, বিষ্ণুপুরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কচুয়া উপজেলার ভান্ডারখোলা, নরেন্দ্রপুর, প্রতাপপুর, সাংদিয়া, আফরাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

মোরেলগঞ্জের প্রধান বাজার, উপজেলা পরিষদের অফিস চত্বর, তেলিগাতি, হোগলাপাশা, ফুলহাতাসহ বিভিন্ন ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। এছাড়া রামপাল, মোংলা, শরণখোলা উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, পূর্ণিমার জোয়ার ও টানা বৃষ্টিতে বেশ কিছু এলাকায় পানি উঠেছে। তবে এতে কোনো মানুষ বা প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি। সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকায় খোঁজ-খবর রাখছেন। কোথাও সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।




লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রলীগের সংবর্ধনা

লক্ষ্মীপুরে ২টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রেণীকার্য বন্ধ রেখে স্কুল মাঠে নবগঠিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সংবর্ধনার আয়োজন করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধ্য বাঞ্চানগর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে এ সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ । এতে করে একদিনের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছেন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে এসে পাঠদান বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে অভিবাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে- বিষয়টি পূর্বে অবগত করেনি কেউ।

এদিকে অনুমতিহীনভাবে পাঠদান বন্ধ রেখে সংবর্ধণার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন।

জানা যায়, জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূইয়াসহ সকল নের্তৃবৃন্দের ছাত্রসংবর্ধণা সকাল ১১ টায় শুরু হওয়ার কথা । কিন্তু শুরু হয় দুপুর পৌনে ২টায়। সংবর্ধনাকে ঘিরে সকাল নয়টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল নেতাকর্মী বিদ্যালয় মাঠে সমবেত হন। এতে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন ও মধ্য বাঞ্চানগর এন আহম্মদীয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হয়। এছাড়া প্রধান অতিথিসহ সংবর্ধিত অতিথিদের বরণ করতে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ঘন্টাব্যাপীতে অবস্থান নেয় নেতাকর্মীরা। এতে আটকা পড়ে যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী অসংখ্য গাড়ী। এসময় ড্রোন উড়তে দেখা যায় অনুষ্ঠানস্থলে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ।

লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক আলমগীর আলম বলেন, অন্য সময় সমাবেশ হলে আমাদেরকে পূর্বে অবগত করেন । কিন্তু এবারের সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে আমাদের কেউ কিছু জানায়নি। সকালে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পর দুই ঘন্টা পাঠদান করা হয়েছে। এরপর মাইকের আওয়াজে আর করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়ছে।

মধ্য বাঞ্চানগর এন আহম্মদীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা নাজমীন বলেন,. আমাকে গতকাল ছাত্রলীগের পক্ষ থেকে অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়েছে। তাই শিক্ষার্থীদের সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।