বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকারপ্রধান।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

এরপর দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

আওয়ামী লীগ, আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন। এর আগে সকাল পৌনে ৭টার দিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের স্বাধীনতা সংগ্রাম আর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পায় স্বাধীন রাষ্ট্র।

১৯৭১ সালের এই দিন বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এর মাধ্যমে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। সে হিসেবে বিজয়ের ৫১ বছর পূর্তি পেরিয়ে ৫২ বছরে পদার্পণ করে একাত্তর সালে জন্ম নেওয়া দেশটি। বিজয়ের এই দিনে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে জাতি। ভাসছে বিজয় আনন্দে। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত উদযাপিত হচ্ছে বিজয়ের উৎসব।




কমলনগরে আ’লীগ কার্যালয় ভাঙ্চুরে বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও টেবিল-চেয়ার ভাঙচুরের ঘটনায় বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে রাতেই মামলা দায়ের করা হয়।

আওয়ামী লীগের অভিযোগ সোমবার রাতে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। অপরদিকে, বিএনপির দাবি হামলা ভাঙচুরের নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে। মামলার বাদি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যা। তিনি ১৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন।

মামলার বাদি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যা বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন বিএনপি’র নেতাকর্মীরা হাজিরহাট বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখিত মামলার অন্য আসামীরা হলেন, সাজ্জাদ হোসেন সাজু, রাহাত, জাহের, হেলাল, রাসেল, রাকিব, দোলন, দেলোয়ার, মোরশেদ, দেলোয়ার হোসেন মানিক, , মাইন উদ্দিন, ইব্রাহিম খলিল, নাজিম মেম্বার ও বেলাল।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। এসময় তাদের চারজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে রাতের আধাঁরে তারাই তাদের দলীয় কার্যালয়ের দু’চারটি চেয়ার টেবিল ভাঙচুরের নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

কেন্দ্রীয় বিএনপি নেতা, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত কর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




জামায়াতের আমির শফিকুর গ্রেফতার

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রথমে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। পরে গ্রেফতার দেখায় সিটিটিসি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিককে গ্রেফতার করেছে সিটিটিসি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

এর আগে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পেজে আটকের বিষয়টি নিশ্চিত করেন। কী কারণে বা কোন মামলায় ডা. শফিকুরকে আটক করা হয়েছে, তিনিও সেটি নিশ্চিত করতে পারেননি।

ডিসি মো. ফারুক হোসেনের কাছ থেকে নিশ্চিত হওয়ার আগে ডা. শফিকুর রহমানকে আটকের বিষয়ে জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা করে বাংলানিউজ। তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি ছিলেন না।

একটি মাধ্যম থেকে জানা যায়, ভোরে আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল জামায়াতের আমিরকে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি। এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।




বিএনপির এমপিদের পদত্যাগের ঘোষণা

বিএনপি দলীয় সাত সংসদ সদস্য (এমপি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে এই কথা জানানো হয়।

বিএনপির সংসদ সদস্যরা হলেন— বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।

গণসমাবেশে বিএনপি দলীয় সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, আমরা পদত্যাগ করে এখানে এসেছি। রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা না থাকা সমান কথা। আমরা ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছি।




১০ ডিসেম্বর ঘিরে ঢাকায় কঠোর অবস্থানে পুলিশ

রাজধানীতে বিএনপির সমাবেশের আর মাত্র একদিন বাকি। ১০ ডিসেম্বরের এই সমাবেশ ঘিরে রাজধানীতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। রাজধানীর পরিবেশ নির্বিঘ্ন রাখতে নগরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে।

গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ চোখে পড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে তারা। এসব মোড়ে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের দেখা গেছে।

গুরুত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজধানীজুড়ে বিপুল সংখ্যক সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‌্যাব ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

অপতৎপরতা এড়াতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিরাসহ নজরদারিতে রয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সাইবার ক্রাইম টিমের মনিটরিংয়ের আওতায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।




কমলনগর ছাত্রলীগের সভাপতি রুবেল সম্পাদক হারুন

কমলনগর(ল²ীপুর)প্রতিনিধিঃ ল²ীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের ১ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দিয়েছে ল²ীপুর জেলা ছাত্রলীগ।

গত সোমবার ৫ ডিসেম্বর নুর উদ্দিন চৌধুরী রুবেল’কে সভাপতি ও হারুনুর রশিদ’কে সাধারণ সম্পাদক করে ল²ীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভ’ইয়া স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করে।

এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৭ অক্টোবর সাবেক কমিটি স্থগিত করে এবং ১৪ নভেম্বর কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা ছাত্রলীগ।

নতুন কমিটির সহ-সভাপতি তানজুর রহমান রুবেল, প্রিন্স মাহমুদ আরাফাত, মাহবুর আলম শিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আল শামস, আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অনিক, সাহেদুজ্জামান নাঈমসহ ৯ সদস্যর এই নতুন নেত্রীত্বে কমলনগর উপজলো ছাত্রলীগ সু-সংগঠিত হবে বলে তৃনমুল ছাত্রলীগের দাবি।




‘ভুয়া চিকিৎসকদের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ; হাইকোর্ট

চিকিৎসক হিসেবে প্র্যাকটিসের জন্য বৈধ সনদ ও নিবন্ধন নেই এমন ‘ভুয়া’ চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি). সভাপতি ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে ৩ মাসের মধ্যে হাইকোর্টের নির্দেশনা মেনে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, রোগীদের সঙ্গে প্রতারণা করে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা ‌‌”ভুয়া” চিকিৎসকদের শাস্তির জন্য বিদ্যমান ৩ বছরের কারাদণ্ডের মেয়াদ সংশোধনে তারা নিষ্ক্রিয় কেন, তা আগামী ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে রুল জারি করা হয়েছে।

রুলে, কর্মকর্তাদের শাস্তি বাড়ানোর জন্য মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর ২৮ (৩) এবং ২৯ (২) ধারা সংশোধনের পদক্ষেপ নিতে কেন বলা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিনের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তিনি গত ২৯ নভেম্বর হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসাবে আবেদনটি জমা দেন। যেখানে ‘ভুয়া’ চিকিৎসকদের শাস্তির পরিমাণ বাড়ানোর জন্য সরকারকে প্রাসঙ্গিক আইন সংশোধনের নির্দেশনা চাওয়া হয়। আবেদনে তিনি বলেন, ‘প্র্যাকটিস করার বৈধ সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন না থাকা ভুয়া চিকিৎসকের মাধ্যমে অনেক রোগী প্রতারিত হচ্ছেন।’

এ ধরনের ‘ভুয়া’ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের বেআইনি কাজের শাস্তি মাত্র ৩ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা যা খুবই অপ্রতুল।’

পিটিশনকারী জে আর খান রবিন নিজেই আবেদনটি উপস্থাপন করেন এবং আজ আবেদনের শুনানির সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।।




বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আঘাত হানতে পারে ভারতে।

এর প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বাংলাদেশে। বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। আর ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর শীত বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, লঘুচাপটি আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু উপকূলে আঘাত হানার শঙ্কা আছে।

বজলুর রশীদ বলেন, ‘লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশে আঘাত হানার তেমন শঙ্কা নেই।’ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‌‘মানদাউস’। এই নামটি আরব আমিরাতের দেওয়া।




জঙ্গি সন্দেহে বনানীতে আবাসিক হোটেল ঘিরেছে পুলিশ

জঙ্গি সন্দেহে রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে হোটেলটি ঘিরে অবস্থান নেয় বনানী থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি আবদুল আহাদ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বনানী থানার ওসি নূরে আজম বলেন, আমরা নর্থ সিটি নামে হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, সেখানে জঙ্গি সদস্য রয়েছে।

তিনি আরও বলেন, বনানীর এই হোটেল এবং একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে এখানে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই অভিযানে নেমেছি।




একাদশে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর, ১৫০ টাকা ফি

বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে। ভর্তির জন্য পরীক্ষা হবে না। অনলাইনে ভর্তির আবেদন নেয়া হবে। অনলাইনে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের গ্রহণের তারিখ ও অন্যান্য বিষয় ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। বাকিরা সশরীরে সভায় যোগ দেন।

বৈঠকে অংশ নেয়া ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক শিক্ষাডটকমকে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন, অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

তিনি আরও বলেন, কলেজে ভর্তির ফি আগের মতোই থাকছে। আশা করছি রোব বা সোমবার মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা পাবো। আগামী সপ্তাহেই ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হবে।

উল্লেখ্য ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। এ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে ভর্তির অপেক্ষায় আছে।