কোথাও মাঝারি ও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা

দেশের কোথাও মাঝারি ও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় সংস্থাটি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

খো. হাফিজুর রহমান জানিয়েছেন,মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।




টিসিবিকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে দেশের তিন কোম্পানি কাছ থেকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এ তেল কেনায় সরকারের খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা।

বুধবার (২১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে খরচ ধরা হয়েছে ১০১ কোটি ৭৫ লাখ টাকা।

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে দুটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

এগুলোর মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে দুটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে ১০টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।




স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩ পদে ৩১ জনের চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ৩টি ভিন্ন পদে ৩১ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ অক্টোবর।

১। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা

২। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৩টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৩। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

job

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য)

আবেদন শুরুর সময়: ২৫ সেপ্টেম্বর ২০২২ (সকাল ১০টা)

আবেদনের সময়সীমা: ১৬ অক্টোবর (বিকাল ৫টা)

 




২০ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস

দেশের ২০ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৯৪ পিস ইয়াবা, ৫০ গ্রাম হিরোইন, ১৭ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৬৪ লিটার দেশি মদ, দুই বোতল বিদেশি মদ ও ৩৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।




এসএসসির কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশ নিষেধ

আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ বৃহস্পতিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।




জলোচ্ছ্বাসের শঙ্কা ১৫ জেলায়

বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে পূর্ণিমার প্রভাব থাকায় উপকূলীয় ১৫ জেলায় ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর (পুন:) তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্র-বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে (পুনঃ) এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।




দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর একটা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-মধ্য ও তার কাছাকাছি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।




একই ব্যক্তিকে একাধিক নোটিশ দিতে পারবে দুদক

দুর্নীতির একই বিষয়ে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কোনো ব্যক্তিকে একাধিক নোটিশ দিতে পারবে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

অনুসন্ধান বা তদন্তের স্বার্থে কোনো ব্যক্তিকে একাধিক নোটিশ দেওয়া হলে তাতে দুদক আইন ও বিধির কোনো ব্যত্যয় হয় না। আপিল বিভাগ এমন রায় ঘোষণা করেছেন।

‘দুদক বনাম আশরাফুল হক’ মামলার পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে দুর্নীতির যথাযথ ও কার্যকর অনুসন্ধান বা তদন্তের স্বার্থে কোনো ব্যক্তিকে একাধিক নোটিশ দেওয়ার এই বিধান অসৎ উদ্দেশ্যে নয়, বরং কমিশনের স্বচ্ছতাই প্রতিষ্ঠিত হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

রায়ে আদালত বলেছেন, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নোটিশ প্রদান সংক্রান্ত ২০০৪ সালের দুদক আইনের ১৯ ও ২০ ধারা এবং ২০০৭ সালের দুদক বিধিমালার ৬, ৮ ও ১১ বিধিতে এ বিষয়ে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আইনের এসব ধারা ও বিধিমালার বিধি পর্যালোচনায় এটা কাঁচের মত পরিস্কার যে দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের স্বার্থে একই বিষয়ে ভিন্ন ভিন্ন ইস্যুতে একাধিক নোটিশ দেওয়ার এই আইনি প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। এই একাধিক নোটিশ দেওয়ার ফলে যার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান বা তদন্ত চলমান তিনি তার পক্ষে তথ্য উপাত্ত দিয়ে সঠিকভাবে অভিযোগ খন্ডানোর সুযোগ পাচ্ছেন।




বেড়েছে এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে।

আজ (৭ সেপ্টেম্বর) থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ২৩৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ২১৯ টাকা। অর্থাৎ ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ১৬ টাকা।

আজ বুধবার সকালে নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ দুপুর ১টা থেকে এটি কার্যকর হবে।

বিইআরসি জানায়, বেসরকারি পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য মূসকসহ কেজি প্রতি এলপিজি গ্যাস ১০২ টাকা ৮৮ পয়সা করা হ‌য়ে‌ছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে এক হাজার ২৩৫ টাকা। তাই আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে গ্রাহককে ১৬ টাকা বেশি গুনতে হবে। ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৫৬ দশমিক ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৫৫ টাকা করা হয়েছে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত।

এই সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম টন প্রতি ৬৫০ এবং ৬৩০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় সেপ্টেম্বরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।