জলবায়ু সহনশীল ফসল জাত উদ্ভাবনের পরামর্শ পরিবেশমন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ভবিষ্যতে দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাওয়াতে সক্ষম ফসলের নতুন জাত ও কৃষি প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

একই সাথে কৃষি উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ব্যবহারেও সচেতন হতে হবে। দেশের জীববৈচিত্র্য রক্ষা করে সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির ১৭তম জাতীয় সম্মেলন ও সেমিনার বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রশমন ও অভিযোজন-উভয় ক্ষেত্রেই অত্যন্ত কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে হালনাগাদ এনডিসি-তে মোট ২১ দশমিক ৮৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে কৃষি সেক্টরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কৃষিক্ষেত্রে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির ব্যবহার, ধানের নতুন প্রজাতির উদ্ভাবন ও উন্নয়ন, সার ব্যবস্থাপনা ও উন্নততর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে কার্বন ও মিথেন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।




বরগুনা-২ আসনে বিএনপি’র সাবেক এমপি মনিসহ ৪০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি:
বরগুনা-২ আসনে বিএনপি’র সাবেক এমপি আলহাজ্ব নুরুল ইসলাম মনিসহ ৪০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। ইতোমধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, ছাত্রদলের কর্মী হাসিব ও শাওন।
বরগুনার পুলিশ সুপার মো. আবদুল ছালাম সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি রোববার বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে পাথরঘাটায় পৌঁছলে নাচনাপাড়া ইউনিয়নের সিএন্ডবি এলাকায় নুরুল ইসলাম মনির সাথে থাকা লোকজনকে সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরার নির্দেশে প্রতিরোধ করলে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর সাথে থাকা লোকজনও এ সময় পাল্টা হামলা চালায়। হামলায় নুরুল ইসলাম মনিসহ শতাধিক নেতাকর্মী আহত হন।
এ সময় অগ্নিসংযোগসহ অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দীর্ঘ ১৬ বছর পর নিজ এলাকায় এসেছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বরগুনা-২ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করার কথা ছিল। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, আমরা কেন্দ্র ঘোষিত তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চেয়েছিলাম। পাথরঘাটা থানায় লিখিত অনুমতি চেয়েছিলাম। অনুমতি পাওয়ার আগেই গতকাল নুরুল ইসলাম মনির ওপরে হামলা হয়েছে। নুরুল ইসলাম মনি গতকালই বরিশালে চিকিৎসা শেষে ঢাকায় চলে গিয়েছেন।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।



এসএসসি চলাকালে রাজনৈতিক কর্মসূচি না দিতে আহ্বান

এসএসসি পরীক্ষা চলাকলীন কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পরীক্ষা চলাকালে রাজনৈতিক কর্মসূচি দিলে শিক্ষার্থীর জন্য ক্ষতিকর হতে পারে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) এসএসসি-সমমান পরীক্ষা-২০২২ সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দীপু মনি আরো বলেন, আমরা রাজনীতি করি আমাদের সন্তানদের জন্য। যে কাজ তাদের কল্যাণ হবে না সেটি আমরা করতে পারি না। এসএসসি পরীক্ষার সময়ে রাজনৈতিক কর্মসূচি পালন করলে সেটি পরীক্ষার্থীদের জন্য ব্যাঘাত ঘটবে। সেটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বিরত থাকতে হবে। আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।

তাদের মঙ্গলের জন্য সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সকল দলকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। এসময় শিক্ষার্থীদের চাইতে রাজনীতি বড় নয় বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েকবছর ধরে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস পুরোপরি বন্ধ হয়েছে। কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা চালালে তাকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গোয়েন্দা বাহিনী সজাগ রয়েছে। কারও বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।




এসএসসি পরীক্ষা : কোচিং সেন্টার ২১ দিন বন্ধ থাকবে

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।




এসএসসি পরীক্ষা হবে ২ ঘণ্টার; দিপু মনি

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর।

এবার পরীক্ষা ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।

আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান।

তিনি বলেন, এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে।

তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

বিস্তারিত আসছে…




এসএসসি পরীক্ষা সকাল ১১টায় শুরু হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সকাল ১০টায় অনেক বেশি যানজট থাকে যে কারণে ১০টার পরিবর্তে ১১টায় করা হয়েছে।

বিস্তারিত আসছে…




শিক্ষাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মাউশিকে জানানোর নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটলে সে বিষয়ে ব্যবস্থা নিতে করতে দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

সোমবার (৫ জুলাই) মাউশির নিজস্ব ওয়েবসাইটে নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে।

এগুলো কোনোভাবেই কাম্য নয়। লক্ষ্য করা যাচ্ছে, এসব ঘটনা সম্পর্কে অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদফতরকে অবহিত করছে না। ফলে যথাযথ ও সময়মতো ব্যবস্থাগ্রহণ করা অধিদফতরের পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিস্তারিত ও দ্রুত অধিদফতরকে জানাতে হবে।

ad.hrm.dshe@gmail.com ই-মেইলে বিষয়গুলো জানাতে বলা হয়েছে।




বিষয়ভিত্তিক শিক্ষক নির্ধারণের নির্দেশ সরকারের

২০২৩ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করতে বিষয়ভিত্তিক শিক্ষক নির্ধারণের নির্দেশ দিয়েছে সরকার।

দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শিখন কার্যক্রম চালু করতে সব শিক্ষকের বিষয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়।

সব প্রতিষ্ঠান প্রধানকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইটে (www.emis.gov.bd) লগ-ইন করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয় নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের গত ১ সেপ্টেম্বর সই করা আদেশ রবিবার (৪ সেপ্টেম্বর) জারি করা হয়।

অফিস আদেশে প্রতিষ্ঠান প্রধানদের জানানো হয়, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের সাহায্যে শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। নতুন শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন হয়েছে।

শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ দেওয়ার আগে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয় নির্ধারণ করা প্রয়োজন। শিক্ষকদের বিষয় নির্ধারণ করে ডাটাবেজ হালনাগাদ করার জন্য ওয়েবসাইটে (www.emis.gov.bd) এনসিএফ (NCF) নামে একটি মডিউল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাদের ইআইআইএন নম্বর আছে) ওয়েবসাইটে লগ-ইন করে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয় নির্ধারণ করতে পারবেন।

যেসব নন-এমপিও শিক্ষক রেজিস্ট্রেশন করেননি তাদের রেজিস্ট্রেশন করে বিষয় নির্ধারণ করতে হবে। বিষয় নির্ধারণ এবং ডাটাবেজ হালনাগাদ সংক্রান্ত দুটি আলাদা গাইডলাইন নির্ধারণ করা হয়েছে।




প্রথম মাসেই ঘাটতি ১৯ হাজার কোটি টাকার বাণিজ্য

দেশে যে পরিমাণ রপ্তানি আয় আসছে তার চেয়ে বেশি খরচ করতে হচ্ছে আমদানিতে। ফলে চলতি অর্থবছরের শুরুতেই বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।

একইসঙ্গে চলতি হিসাব ও সামগ্রিক লেনেদেনেও ঘাটতিতে পড়েছে দেশ।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের (ব্যালেন্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ২৩ দশমিক ২৩ শতাংশ। জুলাইয়ে ৫৮৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে।

২০২১-২২ অর্থবছরে (জুলাই-জুন) দেশে বাণিজ্য ঘাটতি ছিল ৩ হাজার ৩২৫ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় তিন লাখ ১৪ হাজার কোটি টাকার বেশি; যা ছিল ইতিহাসের সর্বোচ্চ। একই সময় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতিও সাড়ে ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তার আগে ২০২০-২১ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২ হাজার ৩৭৭ কোটি ডলার।

চলতি হিসাবে ভারসাম্য (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স)

চলতি হিসাবে ভারসাম্যে ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। চলতি অর্থবছরের জুলাইয়ে এই ঘাটতির (ঋণাত্মক) পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরে একই সময়ে উদ্বৃত্ত ছিল ২৯ কোটি ৩০ লাখ ডলার।

চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সেই হিসাবে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। কিন্তু দেশে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখন ঋণাত্মক হয়েছে। সামগ্রিক লেনেদেনে (ওভারঅল ব্যালান্স) ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮০ কোটি ডলার। এই সূচক আগের বছরের একই সময়ে ৩২ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ২০৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছর পাঠিয়েছিলেন ১৮৭ কোটি ডলার। প্রবৃদ্ধি হয়েছিল ১২ শতাংশ। অর্থনীতির সূচকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় ছিল এই সূচক।

এফডিআই বেড়েছে ৩০ শতাংশ

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ছে। ২০২১-২২ অর্থবছরের জুলাইয়ে ৩০ কোটি ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৩৯ কোটি ডলারে উঠেছে।বাংলাদেশের বিভিন্ন খাতে সরাসরি মোট যে বিদেশি বিনিয়োগ আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ নিয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটাকে নিট এফডিআই বলা হয়। আলোচিত সময়ে নিট বিদেশি বিনিয়োগও আগের বছরের চেয়ে ৪৫ দশমিক ৬০ শতাংশ বেড়ে ১৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে নিট বিদেশি বিনিয়োগ ছিল ১২ কোটি ৫০ লাখ ডলার।




রাজনৈতিক কর্মসূচি নিয়ে বাড়তি কোনো চাপ নেই: ডিএমপি কমিশনার

আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচিতে সংঘাতের বাড়তি কোনো চাপ নেই বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সের পিওএম’র অনুষ্ঠিত আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বাড়তি কোনো চাপ নেই। সেরকম চাপ থাকলে আপনারাও নমুনা দেখতে পারতেন। আমরা আসা করি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেন আমরা কাজ করি।
আমরা একই দেশের নাগরিক, এই দেশটি আমাদের; আমরা কেউ কারো শত্রু নই। আমরা পরস্পর সহযোগিতার মধ্যে এই নগরীকে যাতে শান্তিপূর্ণ রাখতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, রাজনৈতিক যে কর্মসূচি হোক শান্তিপূর্ণভাবে যাতে পালন করতে পারে, পাশে থেকে সেটি নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। যারা রাজনৈতিক কর্মসূচি দেন তারাও যদি আমাদের দেওয়া রেস্ট্রিকশনের ভেতরে থাকেন তবে সংঘাতের কোনো আশঙ্কা থাকে না।