বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ঢাকার মার্কিন দূতাবাসের

ফিলিস্তিনের গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকাসহ সারা দেশে বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া পোস্টে এ পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, আজ সোমবার (৭ এপ্রিল ২০২৫) দিনব্যাপী বিক্ষোভ হতে পারে। গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকাসহ সারা দেশে গণবিক্ষোভে অংশ নেওয়া এবং প্রতিবাদ দেখানোর পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্ভাব্য যানজট ও দূতাবাস অভিমুখে প্রতিবাদ সমাবেশের কারণে ঢাকার মার্কিন দূতাবাস আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলের সেবা সীমিত করবে।




মেট্রোরেলের দুই পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) টিকিট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। টিকিট মেশিন অপারেটর পদে ১৩৯ জন এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে ৬৩ জন উত্তীর্ণ হয়েছেন।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের দিয়াবাড়ি কার্যালয় থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে। উত্তীর্ণ প্রার্থীদের খুদে বার্তার মাধ্যমেও মৌখিক পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।




সরকারি কর্মচারী হাসপাতালের ১৯১ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

সরকারি কর্মচারী হাসপাতালে ১১তম-২০তম গ্রেডের ৩৬ ক্যাটাগরির ১৯১টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬ ক্যাটাগরির ১৯১টি পদের লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল এবং ২ ও ১৬ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর ইডেন মহিলা কলেজে পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষার সময় ও তারিখ প্রার্থীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ওয়েবসাইট

 




নতুন বছরে বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

নতুন বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনলে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।




বিসিএসে নিয়োগ: পুরোনো ধারায় ২২৭ জন বাদ

আওয়ামী মতাদর্শী না হওয়ার কারণে ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশ করা অনেক প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছিলেন। এই বঞ্চিতদের মধ্য থেকে ২৫৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় গত সোমবার ৪৩তম বিসিএস থেকে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই নিয়োগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়া ২৬৭ জনকে বাদ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, এর মধ্যে ২২৭ জন প্রার্থীর বিষয়ে গোয়েন্দা সংস্থার বিরূপ মন্তব্য রয়েছে। এ কারণে তাঁদের সাময়িকভাবে নিয়োগের অনুপযুক্ত বিবেচনা করা হয়েছে। বাকি ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি।

জনপ্রশাসনবিশেষজ্ঞরা বলছেন, সাধারণ নিয়ম হলো, কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, দাগি অপরাধী বা এ–জাতীয় কোনো অপরাধ থাকলে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করার কথা। কিন্তু বাস্তবে বছরের পর বছর ধরে প্রার্থী বা তাঁদের পরিবার ও আত্মীয়স্বজনদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজা হয়। চাকরিতে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু হয়ে ২০২৪ সালে ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তাতে এ ধরনের ব্যবস্থা বন্ধ হবে বলে অনেকের আশা ছিল। কিন্তু বাস্তবে এখনো তা বন্ধ হয়নি।

এবার ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২২৭ জনকে বাদ দিয়ে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর নানা আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অনেকে নানা মন্তব্য করছেন। বাদ পড়া প্রার্থীরা এ নিয়ে সরব হয়েছেন। বিষয়টিকে আমলে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত।

কী কারণে এসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, তারও ব্যাখ্যা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য পিএসসি সাময়িকভাবে ২ হাজার ১৬৩ জনকে মনোনীত করে গত বছরের ২৫ জানুয়ারি সুপারিশ করে। এরপর বিধি অনুযায়ী পুলিশের বিশেষ শাখা এবং জেলা প্রশাসকদের মাধ্যমে প্রার্থীর প্রাক্‌–চরিত্র যাচাই-বাছাই করে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং এজেন্সির প্রতিবেদন বিবেচনায় ৫৯ জন মিলিয়ে মোট ৯৯ জনকে বাদ দিয়ে বাকি ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গত ১৫ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। এর পর থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে স্বচ্ছ প্রার্থী নির্ধারণ এবং সরকারি নিয়োগপ্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ৪৩তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ২ হাজার ১৬৩ জনের বিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের মাধ্যমে প্রাক্‌-চরিত্র পুনরায় অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত হয়। এনএসআই ও ডিজিএফআই থেকে ২ হাজার ১৬৩ জন প্রার্থীর উপযুক্ততা বা অনুপযুক্ততা বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, ২২৭ জন প্রার্থীর প্রাক্‌–চরিত্র বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়া যায়। ২২৭ জন প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্যের কারণে সাময়িকভাবে নিয়োগের অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাঁদের বিষয়ে অধিকতর যাচাই ও খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। এ অবস্থায় গত ৩০ ডিসেম্বর ১ হাজার ৮৯৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

চাকরিবিশেষজ্ঞ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন, কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে, জেল খাটলে বা দাগি সন্ত্রাসী হলে পুলিশ রেকর্ড উল্লেখ করে প্রতিবেদন দেবে। প্রতারণা করে চাকরি নিলে সেটাও এই বিবেচনায় নিতে হবে। কিন্তু এ–জাতীয় অপরাধ ছাড়া অন্য কোনো বিবেচনায় বা রাজনৈতিক বিবেচনায় কাউকে বাদ দেওয়া যায় না। কিন্তু এটি অতীতেও হয়েছে, বর্তমানেও হয়েছে। এটা কোনোভাবেই উচিত না, এটা বন্ধ হওয়া উচিত।




হানিফ উড়ালসড়কে কামরুল হত্যাকাণ্ডে দুই কিশোর গ্রেপ্তার

রাজধানীর সায়েদাবাদে হানিফ উড়ালসড়কে কামরুল হাসান (২৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের একজনের বয়স ১৭, অন্যজনের ১৬ বছর বয়স।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার কামরুল হাসান রাত ৮টা ৪০ মিনিটের দিকে সায়েদাবাদ এলাকায় হানিফ উড়ালসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। তাতে বাধা দিলে একজন ছিনতাইকারী ধারালো চাকু দিয়ে কামরুলের বুকে আঘাত করে। এরপর তারা তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে কামরুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরুলের বাবা ইমাম হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার দুজন পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রাবাড়ীতে হানিফ উড়ালসড়কসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। মূলত মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য ছিনতাই করত।




সাভারে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ছিনতাই, আহত ১

ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একদল ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত মো. শামীম হোসাইনকে (৩০) সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আশুলিয়ার শ্রীপুর নতুননগর এলাকার বাসিন্দা।

বাসের যাত্রী ও বাসের মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে ওয়েলকাম ব্যানারের যাত্রীবাহী একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভারে বিপিএটিসির সামনে পৌঁছালে ৩-৪ জনের ছিনতাইকারী দল বাসে ওঠে। তারা ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরে বাসে থাকা ১৫-২০ জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধরসহ একজনকে ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারী দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গতিরোধকে (স্পিড ব্রেকার) নেমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছানোর পর কয়েকজন শিক্ষার্থী বাসটি থামিয়ে চালক ও চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বাসটি বিশমাইল এলাকায় নিয়ে যান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসসহ বাসের চালক ও চালকের সহকারীকে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে ছুরিকাঘাতে আহত বাসযাত্রী মো. শামীম হোসাইনকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসান মাহবুব বলেন, শামীম নামে ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বাসটিতে থাকা হারুন অর রশিদ নামের এক যাত্রী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভার রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বাসের যাত্রীদের জিম্মি করে। প্রথমে তারা বাসের সামনের দিকের সিটে বসে থাকা এক যাত্রীকে ছুরিকাঘাত করে। পরে সব যাত্রীর কাছ থেকে টাকাপয়সা ও মালামাল লুট করে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়েলকাম পরিবহনের এক প্রতিনিধি বলেন, সাভারের বিপিএটিসির সামনে থেকে ৩-৪ জন ছোট আকারের চাকু নিয়ে বাসে ওঠে। এরপর তারা বাসের এক শিশুর গলায় চাকু ধরে। তাদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে।

আশুলিয়া থানার উপপরিদর্শক অলোক কুমার দে বলেন, যাত্রীরা জানিয়েছেন, বিপিএটিসি এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী বাসে উঠে কয়েকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই শেষে দ্রুত বাস থেকে নেমে যায়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসসহ চালককে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর বেশ কয়েকজন যাত্রী ঘটনার বর্ণনা দেন। ঘটনাটি সাভার মডেল থানা এলাকায় হওয়ায় ভুক্তভোগীদের সাভার মডেল থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, তাঁদের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।




লিফটের দরজা খুলে পা বাড়াতেই সব ফাঁকা

লিফটে উঠতে গিয়ে সাততলা থেকে নিচে পড়ে আব্দুল্লাহ সাগর (৫৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি চারুকলা অনুষদের ডিন অফিসের জ্যেষ্ঠ সহকারী হিসাব পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।

আব্দুল্লাহর বাড়ি গাজীপুরের গাছা থানার কলেমশ্বর গ্রামের। স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে গাজীপুরেই থাকতেন তিনি। সেখান থেকে নিয়মিত কর্মস্থলে আসা-যাওয়া করতেন।

চারুকলা বিভাগের সহকারী রেজিস্ট্রার আলম ফারুক জানান, শুক্রবার কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। ছাত্রছাত্রীদের সিট পড়েছিল মোকারম ভবনে। সেখানে কাজে গিয়েছিলেন আব্দুল্লাহ। ওই ভবনের লিফট অনেক পুরোনো, যা হাত দিয়ে টেনে খুলতে হয়। তিনি সাততলায় লিফটের দরজা হাত দিয়ে টেনে খুলে ভেতরে ঢোকেন, কিন্তু সে সময় লিফটের ফ্লোর না আসায় নিচে পড়ে গুরুতর আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, আব্দুল্লাহ সাততলায় ছিলেন। লিফট আসার আগেই দরজা খুলে ঢুকে পড়ায় নিচে পড়ে যান। ঢাকার শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।




শ্যামপুরে বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)।

জামিলের বাবা ইকবাল জানান, সাততলা ভবনের উপরের তলায় তারা তিনজন একটি রুমে কথা বলছিল। জামাল সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালালে হঠাৎ রুমে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়।

তিনজনের অবস্থাই আশঙ্কাজনক জানিয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, জামালের শরীরে ৭৫ শতাংশ, জামিলের ৫৫ শতাংশ ও তুষারের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।




সাবেক মন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার

সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।