জামিন পেলেন মানববন্ধনে দাঁড়ানো সেই ২ শিশুর মা

ঢাকার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ মামলায় যুবদল নেতার কারাবন্দি স্ত্রী হাফসা আক্তার পুতুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।

এর আগে মায়ের মুক্তির জন্য মানববন্ধনে দাঁড়িয়েছিল হাফসার ৭ ও ৪ বছরের দুই মেয়ে। আজ জামিন শুনানিতেও তারা আদালতে এসেছিল দাদির সঙ্গে। মায়ের জামিন হওয়ার কথা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশু দুটি।

হাফসার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আদেশের আগে পুলিশের কাছে থাকা হাফসার ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেখেছেন আদালত। হাফসার বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকায় তাঁর মুক্তিতে বাধা নেই।

গত ২০ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির দিন ঢাকা মহানগর আদালতের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই দিনই নাশকতার অভিযোগে কোতোয়ালি থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তারের পর ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর আদালতে জামিন চাইলে তা নাকচ করেন বিচারক। এর পর জামিন চেয়ে গত রোববার হাইকোর্টে আবেদন করেন তিনি।

শিশু দুটির বাবা আবদুল হামিদ ভুঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা আবদুল হাই ভুঁইয়া এক মানববন্ধনে অভিযোগ করেছিলেন, তাঁর বড় ছেলে আবদুল হামিদকে পুলিশ খুঁজছে। না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায়। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।




কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে ধনীর দুলাল, দু’বছরে নিহত ৩৪

রাজধানীতে কিশোর গ্যাং-বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত দু’দিনে তেজগাঁও, গুলশান, উত্তরা ও মতিঝিল এলাকা থেকে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানিয়েছে, কিশোর গ্যাংয়ে বর্তমানে ধনীর সন্তানরা জড়িয়ে যাচ্ছে। তারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, মারামারিসহ হত্যার মতো ঘটনাও ঘটাচ্ছে। কিশোর গ্যাং সদস্যদের হামলায় গত দুই বছরে ৩৪ কিশোর নিহত হয়েছে। কিশোর গ্যাং কালচার দমনে স্থানীয় রাজনৈতিক নেতা ও তাদের পরিবারের সদস্যদের এগিয়ে আসা জরুরি।

বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের নিজকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, কিশোর গ্যাং-বিরোধী ধারাবাহিক অভিযান চলবে। তাদের পক্ষে কেউ সুপারিশ নিয়ে এলেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিবির প্রধান বলেন, রাজধানীর উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের ইয়ংস্টার, বিগবস, ডিস্কো বয়েজ, বন্ধু মহল, শীল বিষু গ্যাং, পারভেজ গ্রুপ, রুস্তম গ্রুপ, নাইনএমএম গ্রুপ, নাইন স্টার গ্রুপ সক্রিয়। তাছাড়া রামপুরা এলাকায় রয়েছে উজ্জ্বল গ্রুপ। এই গ্রুপটির সদস্যদের অনেকেই গ্রেপ্তার হয়েছে।

হারুন অর রশীদ বলেন, ধারণা ছিল ভাসমান ও নিম্ন আয়ের পরিবারের সন্তানরা কিশোর গ্যাং চক্রে জড়িত হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে উচ্চ মধ্যবিত্ত, আলালের ঘরে দুলালরাও এ চক্রে জড়িয়ে পড়ছে। তাদের পোশাক, চুলের কাটিং ও চলাফেরা সবই ভীতিকর। এসব ধনীর সন্তানরা প্রথমে মাদক সেবন, পরে মাদক বিক্রিতেও জড়িয়ে যাচ্ছে। এ ছাড়া তারা এলাকায় স্থানীয় রাজনৈতিক বড় ভাই ও কাউন্সিলরদের নিয়ন্ত্রণে থেকে হত্যার মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। বর্তমান ও সাবেক কাউন্সিলরদের ছত্রছায়ার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবাই কিশোর গ্যাং চক্রে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।

অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান বলেন, কিশোররা পড়ালেখা বাদ দিয়ে মাদক সেবনের মতো উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। গোয়েন্দা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অভিভাবকদের উচিত তার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে তার খোঁজ রাখা। পাশাপাশি নিজ সন্তানদের সময় দেওয়া দরকার। গ্রেপ্তার করে কিশোর গ্যাং দমন করা যাবে না। সবাইকে এগিয়ে আসতে হবে। সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতে হবে।

কিশোর গ্যাংয়ের আশ্রয় দেওয়া বড় ভাইদের পরিচয় প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে অনেকের নাম-পরিচয় পেয়েছি। তদন্ত করে দেখব কারা কিশোর গ্যাং সদস্যদের আশ্রয় দিচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের নামে তারা একত্র হয়। পরে গ্রুপের সদস্যরা রাজনৈতিক নেতাদের পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে। কেউ প্রতিবাদ করারও সাহস পায় না।




দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার করা হবে : নসরুল হামিদ

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অভ্যন্তরীন সকল উৎস হতে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে পেট্রোবাংলা ৪৬টি কূপ খনন, পুন:খনন এর কার্যক্রম শুরু করেছে যা থেকে ৬১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। ২০২৩ সালে এই কার্যক্রমের আওতায় এরই মধ্যে ১১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, ভোলার গ্যাসকে সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সাথে দেশের বিদ্যুৎ ও ইন্ড্রাস্ট্রি খাতে যেখানে সংকট রয়েছে সেখানে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা হবে। আজ বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, পাইপলাইন দিয়ে ৩ বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূ-খ-ে নেয়া হবে। ভোলাদ্বীপ একটি গ্যাস সমৃদ্ধ অঞ্চল। এখানে আরও ৯টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে। ভোলার নদী এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পণ জরিপ করা হবে। তিনি অগ্রাধিকার ভিত্তিতে ভোলায় শিল্প খাতে গ্যাস সংযোগ দিয়ে ভোলায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বর্তমানে ভোলা থেকে সিএনজি করে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেশের মূল ভূ-খ-ের শিল্প প্রতিষ্ঠানের জন্য নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে তা ২৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ভোলা পৌর এলাকায় আবাসিক ও গৃহস্থলী কাজেও মিটারের মাধ্যমে সংযোগ দেয়ার জন্য কাজ চলমান রয়েছে। এ সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি বোরহানউদ্দিনে ২২০ ও ২২৫ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তিনি ভোলা সদরের সুন্দরবন গ্যাস কোম্পানি লিঃ ডিআরএস পরিদর্শন ও সিএনজি পরিদর্শন করেন।



মাঘের শুরুতে এসে শীত জেঁকে বসেছে মৌলভীবাজারে, বিপর্যস্ত জনজীবন

 

মাঘের শুরুতে এসে অবশেষে শীত জেঁকে বসেছে মৌলভীবাজারে। মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এ জেলায় এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

এর আগে সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীমঙ্গলের জনজীবন। সকালবেলা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, সাধারণ শ্রমজীবী ও অফিসগামী মানুষের দুর্ভোগ বেড়েছে।
খানিক সূর্যের পরেই নগরীতে কুয়াশার চাদর, কনকনে শীতখানিক সূর্যের পরেই নগরীতে কুয়াশার চাদর, কনকনে শীত রাতভর শীতের তীব্রতার পর সকালে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রা উঠানামার সাথে শীত জেঁকে বসায় দুর্ভোগ বেড়েছে চাবাগানসহ পাহাড় ও হাওর এলাকার কম আয়ের মানুষের। কনকনে ঠান্ডা বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি।
আবহাওয়ার এমন পরিস্থিতি আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।



সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে নৌকার বিপক্ষে কাজ করার আভিযোগ আবদুল কাহার আকন্দের

 

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদকে হুঁশিয়ারি দিলেন এই আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ। তিনি নূর মোহাম্মদের উদ্দেশে বলেন, ‘আর এক পা আগাবেন না। হয় নৌকার সঙ্গে থাকুন, না হয় কটিয়াদী ছেড়ে ঢাকা চলে যান। আর যদি আপনি একটি কথা নৌকার বিরুদ্ধে বলবেন, তাহলে আপনার বাড়ি ঘেরাও করা হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নৌকার প্রার্থী আবদুল কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। তিনি অভিযোগ করেন, ‘নৌকার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছিল। যড়যন্ত্রে আমার যাঁরা চেয়ারম্যান, মেম্বার ছিলেন, যাঁরা আওয়ামী লীগের লোকজন ছিলেন, তাঁদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে। তাঁদের ভয় দেখিয়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে। এই ভয়ে অনেকে আজ ঘরে বসে আছেন।’ জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত আছেন, আপনাদের আমি বলতে চাই। এটার পেছনে আমাদের বর্তমান এমপি নূর মোহাম্মদ জড়িত আছেন। এই নূর মোহাম্মদ আমার লোকগুলোকে ডেকে নিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করে ট্রাকের লোকদের সেই টাকা দিচ্ছেন। এটার যথেষ্ট প্রমাণ রয়েছে।
জনসভায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী এম এ আফজল। এ সময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন। এখান থেকে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ, আবদুল কাহার আকন্দ ও সাবেক সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে আবদুল কাহার আকন্দকে মনোনয়ন দেওয়া হয়। মো. সোহরাব উদ্দিন ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নূর মোহাম্মদ মনোনয়নবঞ্চিত হয়ে এই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামানের ট্রাক প্রতীককে সমর্থন জানান। এ নিয়ে এই আসনের নির্বাচনের মাঠ গরম আছে।
সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আজ বুধবার সকালে নূর মোহাম্মদকে মুঠোফোনে কল করে পাওয়া যায়নি। তবে গত সপ্তাহে  বলেছিলেন, অন্য প্রার্থীদের চেয়ে আখতারুজ্জামানকে তাঁর কাছে সাহসী ও যোগ্য মনে হয়েছে, তাই তাঁকে সমর্থন দিয়েছেন। নিজের অনুগত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের আখতারুজ্জামানের পক্ষে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি।
বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামান এক দিকে দলের বিরোধিতা করে নির্বাচনে অংশ নিয়েছেন, অপর দিকে বক্তৃতায় একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলে সমালোচনার মুখে পড়েছেন।



ফুলচাষিদের সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী

করোনাকালে ক্ষতি মোকাবিলায় ফুলচাষি ও উদ্যোক্তাদের ঋণসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা দেলোয়ার হোসেনের টিউলিপ ও স্ট্রবেরি বাগান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, টিউলিপ বিদেশি ফুল। এখন বাংলাদেশেও বিভিন্ন রঙের টিউলিপ চাষ হচ্ছে- এটি খুব আনন্দের। দেশে এই ফুল বাজারজাত করতে হবে এবং বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।

উদ্যোক্তাদের সরকার কী সহযোগিতা দেবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনার ক্ষতি মোকাবিলায় সরকার মাত্র ৪% সুদে কৃষিঋণ দিচ্ছে। এছাড়া কিছু চিহ্নিত ফসলেও ঋণ কার্যক্রম চালু আছে। ঋণের পাশাপাশি ফুলচাষি, প্রক্রিয়াজাতকারী ও উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।




আবাসিক কটেজে ২ কিশোরীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, আটক ১

কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে দুই কিশোরী ‘সংঘবদ্ধ’ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজনকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানায়নি পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের অভিযান এখনও চলছে। জড়িতদের শনাক্ত করা হয়েছে। একজন আটক রয়েছে। তার নাম-ঠিকানা পরে জানানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকায় ‘রাজন কটেজ’ নামের একটি আবাসিক হোটেলে সোমবার রাতে ২ কিশোরী ‘সংঘবদ্ধ’ ধর্ষণের শিকার হন। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে তাদের কক্সবাজারে আনা হয়েছিল। যার মাধ্যমে তারা আসেন সেই ব্যক্তি একটি চক্রের হাতে তাদের তুলে দেন। পরে রাজন কটেজে নিয়ে তাদের ধর্ষণ করে চক্রের সদস্যরা। সোমবার সকালে তাদের ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়। কিন্তু অসুস্থ হয়ে পড়লে বাস থেকে রামু বাইপাস এলাকায় নেমে যান এক কিশোরী। অপরজন ঢাকায় চলে যান। রামুতে নেমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন ওই কিশোরী। পরে ওই কিশোরীর চিকিৎসক ঘটনা শুনে পুলিশকে জানান। পুলিশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া জানান, সকালে ওই কিশোরীকে চিকিৎসা দিয়েছেন চিকিৎসক নুরুল হুদা শাওন। কিশোরীর বক্তব্য পাওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পেরেছে। জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে রাজন কটেজের কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের কর্মচারীরা পুলিশ হেফাজতে রয়েছে বলে অনেকে দাবি করলেও পুলিশ এ ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হয়নি।




পদ্মা সেতুতে ট্রেন চলবে ১০ অক্টোবর

আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদ্মা সেতু রেল সংযোগ, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন, খুলনা-মোংলা রেলপথ এবং বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত রেলপথ উদ্বোধন করা হবে। উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সারসংক্ষেপ পাঠানোর কথা গত সপ্তাহে সমকালকে জানান রেল রেল সচিব ড. হুমায়ুন কবীর। রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান সমকালকে বলেছেন, এখনও সারসংক্ষেপ ফেরত আসেনি।

চীনের ঋণে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। আগামী মাসে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চলবে।

আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হবে। চীন থেকে যে নতুন ১০০ বগি কেনা হচ্ছে, তার ছয়টি দিয়ে পরীক্ষামূলক যাত্রা হবে। তবে ট্রেনটি চলবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ইঞ্জিনে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার সপ্তাহখানেক পর থেকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে।

গত ৩১ আগস্ট চিঠি দিয়ে নতুন এই ট্রেন (রেক) চেয়েছে পদ্মা সেতু রেল সংযোগের প্রকল্প পরিচালক। প্রস্তাব অনুযায়ী, শুরুতে পদ্মা সেতুতে দিনে একটি ট্রেন চলতে পারে রাজবাড়ি পর্যন্ত। ভাঙ্গা-রাজশাহী রুটের ‘মধুমতি এক্সপ্রেস’ ঢাকা পর্যন্ত আনা হতে পারে পদ্মা সেতু হয়ে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত স্টেশন সংখ্যা ৯টি। তবে শুরুতে মাওয়া, জাজিরা ও শিবচর এই তিনটি স্টেশনে ট্রেন থামতে পারে। পুরো সংকেত ব্যবস্থা চালুর পর বাকি স্টেশনগুলো চালু হবে।

আগামী মাসে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। সেই সময়ে দিল্লী থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন করতে পারেন। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দিনক্ষণ ঠিক হয়নি। তবে ১০ সেপ্টেম্বরের দুপুরের দিকে উদ্বোধনের সময় পাওয়া যোতে পারে।

প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণধানী চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন ১০০ কিলোমিটার রেলপথ অক্টোবরের শেষভাবে উদ্বোধনের জন্য সরকার প্রধানের সময় চাওয়া হয়েচে। এবারের বন্যায় রেলপথটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অংশে রেল এমব্যাংকমেন্ট এবং পাথর ধুয়ে গেছে। তা মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মফিজুর রহমান।

চার হাজার ২৬০ কোটি টাকায় মোংলা সমুদ্র বন্দর থেকে খুলনা পর্যন্ত রেললাইন অক্টোবরের প্রথমভাগে উদ্বোধনের সময় চেয়ে সারসংক্ষেপ পাঠনো হয়েছে। এক যুগ আগে অনুমোদিত এই প্রকল্প ভারতীয় ঋণে (এলওসি) বাস্তবায়ন করা হয়েছে।




১৩০০ চালককে কাজী জাফরউল্লাহর অর্থ সহায়তা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভ্যান ও ইজিবাইক চালকদের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

বুধবার রাতে উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাক্ষ্মনকান্দা এ এস একাডেমী প্রাঙ্গণে মানিকদহ ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ১ হাজার ৩০০ জন ভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

এ সময় কাজী জাফরউল্লাহ তাদের কথা শোনেন ও বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে চালকদের প্রত্যেকের হাতে ৫০০ টাকা করে সহায়তা তুলে দেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরণ ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে চান্দ্রা ইউনিয়নের ৬০০ চালকের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

আগামীকাল ভাঙ্গা পৌরসভায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আরও ১২০০ চালককে সহায়তা প্রদান করা হবে। পর্যায়ক্রমে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) ২৬টি ইউনিয়নেই এ কার্যক্রম পরিচালিত হবে।




৫ বছর পর উন্মোচিত কলেজছাত্র হত্যারহস্য

গাজীপুর মহানগরের হারবাইদ পূর্বপাড়া গ্রামে একটি বাড়ি নির্মাণ করছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ুয়া ইমতিয়াজ উদ্দিন আহমেদ ইফতি। পড়াশোনায় ব্যস্ত থাকায় ইফতি তাঁর বাড়ি নির্মাণের দায়িত্ব দেন মামাকে। নির্মাণের মাঝপথে এসে ইফতির মামার কাছে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে ইফতিকে হত্যার পরিকল্পনা করে তারা। গ্রামের বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন ইফতি। এই সুযোগে তাঁকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার ৫ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে উন্মোচন হয়েছে ইফতি হত্যারহস্য। 

মঙ্গলবার বিকেলে পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, দীর্ঘ তদন্ত শেষে ইফতি হত্যার সঙ্গে জড়িত মৃদুল হাসান ও ফরিদ আহমেদ নামে দু’জনকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। গত সোমবার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে ইফতি হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গাজীপুর মহানগরের পুবাইল থানার হারবাইদ পূর্বপাড়া গ্রামের শামসুদ্দিন আহমেদ মারা যাবার পর সংসারের দায়িত্ব পালন করছিলেন তাঁর ছেলে ইফতি। বাবার রেখে যাওয়া জমির ওপর একটি বাড়ি নির্মাণ শুরু করেন তিনি। নির্মাণকাজের দেখভাল করেন তাঁর মামা মিজানুর রহমান।

পিবিআই জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মৃদুল ও ফরিদ জানিয়েছে, ঘটনার কয়েকদিন আগে ইফতির মামার কাছে তারা চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকার করলে তারা হুমকি দিয়ে চলে যায়। এরই মধ্যে ঢাকা থেকে বাড়িতে এসে নির্মাণাধীন ভবনেই রাতে ঘুমিয়ে পড়েন ইফতি। ২০১৮ সালের ১৯ অক্টোবর রাতের কোনো এক সময় তারা ওই বাড়িতে গিয়ে ঘুমন্ত ইফতির গলায় ছুরি চালায়। মৃত্যু নিশ্চিত করে তারা তাঁর মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত ইফতির মামা মিজান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুবাইল থানায় মামলা করেন। থানা পুলিশ মামলাটি তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতে না পারায় পুলিশ সদরদপ্তর থেকে পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়। পিবিআই গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জামালপুরের মেলান্দহ থানার উত্তর আদিপুত গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মৃদুল হাসান ও টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন মণ্ডলবাড়ী এলাকার আবুল কাশেমের ছেলে ফরিদ আহমেদকে ঢাকা ও টঙ্গী থেকে গ্রেপ্তার করে।