Bolivia blasts military barracks, kills 2
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ভিয়াচা পৌর এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানান, স্থানীয় সময় শুক্রবার দুপুর প্রায় আড়াইটার দিকে সামরিক স্থাপনার একটি এলাকায় বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত।
এর আগে ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানিয়েছিলেন, ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে এবং ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে এক কিশোরীও রয়েছে, যার শরীরের তৃতীয় মাত্রার দগ্ধ হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি আশপাশের বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় মূলত বাড়িগুলোর জানালার কাচ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। তারা ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যালোচনা এবং আহতদের দ্রুত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ করেন।
তবে বিস্ফোরণের পরও ঘটনাস্থলে নতুন করে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। ভিয়াচার স্বাস্থ্য পরিচালক নেব্রাস্কা জানান, দমকলকর্মীরা সেখানে এখনও একটি তাপের উৎস থাকার বিষয়ে সতর্ক করেছেন। ফলে আরও বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ কারণে আশপাশের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
বিস্ফোরণের প্রকৃত কারণ, নিখোঁজ ব্যক্তিদের অবস্থান এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে তদন্ত চলছে।