বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ যুক্তরাষ্ট্রের থমাস ডুলি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাভিয়ের কাবরেরার স্থলাভিষিক্ত খুঁজে নিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজাদের কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলি।চলতি বছরের এপ্রিলের শুরুতে বাফুফে জাতীয় দলের প্রধান কোচ পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। এতে প্রায় ২৭০ জন প্রার্থী আবেদন করেন। দীর্ঘ চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়েন স্প্যানিশ কোচ কাবরেরা।
পরবর্তীতে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় সেই আলোচনা ভেস্তে যায়। এরপরই কোচ নিয়োগ প্রক্রিয়ায় শীর্ষ পছন্দ হিসেবে উঠে আসেন ডুলি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সম্প্রতি জানিয়েছিলেন, ২৪ মে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই নতুন কোচের উপস্থিতি নিশ্চিত করা হবে। আসন্ন ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে দল গঠন ও প্রস্তুতি শুরু করবে জাতীয় দল।